'আমি কিন্তু জাদুকর নই'

ইতালির ক্লাব এএস রোমা তাঁর বাড়ি থেকে গাড়িতে ২০ মিনিটের দূরত্ব। ছোটবেলায় বাবার হাত ধরে স্বপ্নের ক্লাবে গিয়ে দেখতেন বড় সব তারকাকে। সেই কিশোর ফাবিও লোপেজ পরশু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হলেন। রোমা থেকে তাঁর উঠে আসা, নতুন দায়িত্ব ইত্যাদি নিয়ে কাল ঢাকা ক্লাবে তাঁর আবাসস্থলে বসে কথা বললেন প্রথম আলোর সঙ্গে—
* রোমা শহরের বাসিন্দা হিসেবে রোমা ক্লাব ঘিরে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে আপনার?
ফাবিও লোপেজ: অনেক অনেক স্মৃতি। বাবা গাড়ি চালিয়ে নিয়ে যেতেন রোমায়। গেটের বাইরে দাঁড়িয়ে নামীদামি খেলোয়াড়দের দেখতাম, অটোগ্রাফ নিতাম। ’৮২-এর বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য ব্রুনো কন্তি খেলতেন রোমায়। তাঁর অটোগ্রাফ নিয়েছিলাম। এখন তিনি রোমার যুব একাডেমির পরিচালক। রোমার যুব একাডেমির স্কাউট ছিলাম আমি, সেই সুবাদে কন্তির সঙ্গে ভালো যোগাযোগ আছে।
* ইতালির ফুটবল-সংস্কৃতির মধ্যে বেড়ে উঠে ফুটবলার হলেন। কিন্তু ফুটবল ক্যারিয়ারটা এত সংক্ষিপ্ত কেন?
লোপেজ: আমি ছিলাম গোলরক্ষক। ইতালির চতুর্থ বিভাগের দল আজিয়াতাসে খেলতাম। ওই সময় ইতালির ফুটবলে বুফনসহ লম্বা গোলকিপার এল বেশ কয়েকজন। ভাবলাম, গোলকিপার হিসেবে ভালো করতে পারব না। কারণ গোলকিপার আসলে হওয়া যায় না। গোলকিপার জন্ম নেয়। তা ছাড়া লিগামেন্টও ছিঁড়ে গেল। তাই কোচিংয়ে ঢুকে পড়লাম মাত্র ২৪ বছর বয়সেই।
* আরিগো সাচ্চি, ফ্যাবিও ক্যাপেলো, মার্সেলো লিপ্পি...এমন আরও অনেক বিখ্যাত কোচ জন্ম দিয়েছে ইতালি। ইতালির এই কোচিং-পরম্পরা আপনার মধ্যে কতটা দেখবে পাবে বাংলাদেশ?
লোপেজ: প্রতিটি কোচেরই আলাদা দর্শন থাকে। তাই আমি কাউকে অনুসরণ করি না। এই ৪২ বছর বয়সে কাউকে আসলে মেন্টর ভাবার কিছু নেই। তারপরও যদি বলতে হয়, ওই জায়গায় রাখি মার্সেলো লিপ্পিকে। পেপ গার্দিওলার চিন্তাভাবনা এবং তাঁর কোচিংয়ের ধরনও আমাকে টানে।
* রক্ষণাত্মক ফুটবলই ইতালির ব্র্যান্ড। পরশু সংবাদ সম্মেলনে বলেছেন, জয়টাই আপনার কাছে আগে। আপনার এই কোচিং ভাবনাটা শুনতে চাই...
লোপেজ: দেখুন, সব কোচই কমবেশি জয়ের ছবি আঁকেন। আমিও ব্যতিক্রম নই। এমনিতে গড়পড়তা ইতালিয়ান মানসিকতা হলো, ঘরটা আগে নিশ্ছিদ্র রাখো। যে কারণে ইতালির ফুটবলের সাফল্যও অনেক। জার্মানির মতো দল আমাদের সঙ্গে জিততে পারছে না। গত বিশ্বকাপে ইতালির সামনে পড়লে জার্মানি বিশ্বকাপ জিততে পারত কি না আমার সংশয় আছে (হাসি)।
* বাংলাদেশ দলেও কি তাহলে আমরা ‘হার না-মানা’ মানসিকতা দেখতে পাব?
লোপেজ: নিশ্চয়ই। ইতালির কোচিং স্কুলে এটাই শেখানো হয় যে, তোমার হারা চলবে না। জিতে মাঠ ছাড়ো। মার্সেলো লিপ্পি, ফ্যাবিও ক্যাপেলোদের সঙ্গে অনেক কোচিং ক্লাসে শিখেছি, জয়ের জন্য মাঠে সব চেষ্টাই করতে হবে।
* কিন্তু বাংলাদেশ দলের তো সীমাবদ্ধতা আছে, বড় দলের সঙ্গে জেতা সম্ভব মনে করেন?
লোপেজ: বড় দলের সঙ্গে জিততে না-পারি, আমাকে লড়াই তো করতে হবে। আপনি দেখুন, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ দল কী করল? একটা হলুদ কার্ডও দেখল না খেলোয়াড়েরা। তার মানে প্রতিপক্ষকে চ্যালেঞ্জটা পর্যন্ত ছোড়া যায়নি। জর্ডানের সঙ্গেও সেভাবে লড়াইটা দেখলাম না। ওরা এগিয়ে থাকা দল, তবু বুটে বুটে সংঘর্ষ হওয়া উচিত ছিল।
* খেলোয়াড়দের মধ্যে ঘাটতিটা কোথায় দেখলেন?
লোপেজ: টেকনিক্যাল, ট্যাকটিক্যাল অনেক কিছুরই ঘাটতি আছে। সবচেয়ে বড় কথা, মানসিকতা বদলাতে হবে প্রথমে। হারব না, এটা মাথায় ঢোকাতে হবে। তাহলে সাফল্য আসবেই। সবাই শুধু প্রশ্ন করছে, আমি কতটা সাফল্য দিতে পারব? সবার মনে রাখা উচিত, আমি কিন্তু কোনো জাদুকর নই যে সব রাতারাতি বদলে ফেলব। তবে সব ঠিকঠাক এগোলে কিছু চমক দিতে পারব বিশ্বাস করি। সামনে সাফ আছে, অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাইব। তবে খেলোয়াড়দের ভূমিকাই এখানে সবচেয়ে বড়।
* বাংলাদেশের ফুটবলে সুযোগ-সুবিধার অনেক অভাব আছে। এ দেশের ফুটবলে এখনো পেশাদারি আসেনি। আপনার কাজ করতে অসুবিধা হবে না?
লোপেজ: ইন্দোনেশিয়া ও মালদ্বীপেও একই রকম সুযোগ-সুবিধার মধ্যে কাজ করেছি। কাজেই এর সঙ্গে মানিয়ে নিতে হবে। এখন আমি নিজেকে বাংলাদেশিই ভাবতে শুরু করেছি। ইতালির মতো সব চাইলে তো হবে না। ইতালিতে ফুটবলই ধর্ম, খোলা জায়গা, পার্ক সবখানেই ফুটবল খেলে বাচ্চারা। এখানে তা দেখলাম না।
* এটাই তো বড় পার্থক্য। আপনি ভিন্ন সংস্কৃতি থেকে বাংলাদেশে এসেছেন। তাহলে এখন বাংলাদেশি হওয়া কি আসলেই সম্ভব আপনার পক্ষে?
লোপেজ: অবশ্যই সম্ভব। ঢাকা বিমানবন্দরে নেমেই মনে হলো জাকার্তার বিমানবন্দরে নামলাম বুঝি। রাস্তায় যানজট, কঠিন জীবন। এসবের সঙ্গে অভ্যস্ত ছিলাম বলেই আমার সুবিধা হবে আশা করছি।
* বাংলাদেশ তো গত আড়াই বছর ডাচ ছকে খেলেছে। পাসিং ফুটবলই মূলমন্ত্র ছিল বিদায়ী কোচ ডি ক্রুইফের। এখন আপনার মতো করে এগোতে সমস্যা হবে না?
লোপেজ: কই, গত দুই ম্যাচে আমি তো বাংলাদেশে দলে পাসিং ফুটবল দেখলাম না (বঙ্গবন্ধু কাপে পাসিং ফুটবলই খেলেছে বাংলাদেশ)। আগে খেলোয়াড়দের দেখে তাদের মেধা অনুযায়ীই নিজের ছক সাজাব। বুঝতে হবে আমার হাতে কী ধরনের খেলোয়াড় আছে। তবে খেলোয়াড়ের মান যা-ই হোক না কেন, আমার মূল লক্ষ্য জয়। এ জন্য লম্বা বলে যেতে হলে তাই যাব।
* শেষ প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো?
লোপেজ: এজেন্টের মাধ্যমে অবশ্যই। বাংলাদেশেরই একজন এজেন্ট আমার ব্যাপারটা ফেডারেশনকে জানায়। আমি আসার পর দুই পক্ষ একমত হয়েছি যে, আমরা আগামী চার মাস একসঙ্গে কাজ করব।