'আমি চাই ওরা বিশ্বসেরা হোক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

১২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, বোলিং কোচ ছিলেন নিউজিল্যান্ড দলের। বিগ ব্যাশে ছিলেন হোবার্ট হারিকেনসের কোচ। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে ডেমিয়েন রাইট বড় স্বপ্নই দেখছেন

* বাংলাদেশে প্রথম এলেন। কেমন লাগছে?

ডেমিয়েন রাইট: এখানে আসতে পেরে আসলেই খুব ভালো লাগছে। ২০ বছরের মতো ক্রিকেট খেলেছি, কিন্তু বাংলাদেশে এলাম এই প্রথম। মাত্র ৫-১০ মিনিট হলো ছেলেদের সবার সঙ্গে দেখা হয়েছে। কথা হয়েছে। দুর্দান্ত মনে হলো সবাইকে। ওদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।

* এখানে আসতে আগ্রহী হলেন কীভাবে?

রাইট: চার বছর ধরে হোবার্ট হারিকেনস দলের প্রধান কোচের দায়িত্বে আমি। সত্যি বলতে কি, এই পর্যায়ের ক্রিকেটের সঙ্গে আমি অনেক দিন ধরেই সম্পৃক্ত। সে জন্যই আরও বেশি করে চাই ওদের সঙ্গে কথা বলতে, দেখতে ওরা খেলাটাকে কতটা ভালোবাসে। আমি চাই ওরা পরবর্তী বিশ্বসেরা হোক। আমি ওদের এটাই বলেছি।

* আপনার লক্ষ্য কি তাহলে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা?

রাইট: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আমাদের হাতে ছয় থেকে আট মাস সময় আছে। আমি নিশ্চিত করতে চাই টুর্নামেন্টটা তাদের জন্য ভালো কাটুক।

* আপনার কী ধারণা, বাংলাদেশের যুবারা সেটা পারবে?

রাইট: বিশ্বকাপের আগেই যেন ছেলেরা ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, সেটি আগে নিশ্চিত করতে হবে। নিউজিল্যান্ডে বল একটু সিম করবে, সুইং করবে। এই ছোট ছোট জিনিসের সঙ্গে অভ্যস্ত হতে হবে। আমার বিশ্বাস, আমাদের ছেলেরা সেটা পারবে। তরুণ বয়সের চেয়ে ভালো সময় আর নেই।

* এর আগে স্টুয়ার্ট ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে কাজ করে গেছেন। এখানে আসার আগে তাঁর সঙ্গে কথা হয়েছে?

রাইট: আমার অনেক বন্ধুই এখানে কাজ করে গেছে। যেমন শেন ডিটজ, স্টুয়ার্ট কার্পিনেন, শেন জার্গেনসেন ও পল ক্লোজ। আমি তাদের পরামর্শ নিয়েছি। আমি এখন খুব ভালো করেই জানি, কোথায় আমরা আছি এবং কী নিয়ে কাজ করব। দু-তিন বছর ধরে খুব ভালো কিছু কোচ এখানে কাজ করছেন। সেটা আমার কাজে আসবে।

* যুব বিশ্বকাপের আর সাত-আট মাস আছে। তার আগে দল নিয়ে আপনার পরিকল্পনা কী?

রাইট: আমি এখন দেশে ফিরে গিয়ে আবার জুলাই মাসে আসব। আমাদের প্রস্তুতিতে ম্যাচ পরিস্থিতির অনেক কিছুই থাকবে, কিছু প্রস্তুতি ম্যাচও খেলব। ছেলেদের দেখে বেশ ফিট ও শক্তিশালী মনে হলো। মনে হচ্ছে তারা খুব পরিশ্রম করছে, যেটা খুবই ভালো। এখনই সব করে ফেলতে হবে এমন নয়, তবে নিউজিল্যান্ডে গিয়ে যেন আমরা তা পারি।