'আমি তো এখন ব্রোঞ্জবয়ই!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাহফিজুর রহমান সাগর
মাহফিজুর রহমান সাগর

এবারের এসএ গেমসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পদক (সাতটি ব্রোঞ্জ) জিতেছেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর। বিওএর বৃত্তি নিয়ে তিনি থাইল্যান্ডে অনুশীলন করছেন ছয় মাস ধরে। গেমস শেষে পরশুই আবার থাইল্যান্ডে গিয়ে যোগ দিয়েছেন অনুশীলনে। কাল সেখান থেকেই মুঠোফোনে বললেন তাঁর নতুন স্বপ্নের কথা।

*এবারের এসএ গেমসে সর্বোচ্চ পদক আপনার। কিন্তু সবগুলোই ব্রোঞ্জ।
মাহফিজুর রহমান সাগর: আমিও ভাবিনি যে আমার জেতা সবগুলো পদকই হবে ব্রোঞ্জ। অন্তত একটা হলেও সোনা জয়ের আশা ছিল। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যা-ই বলি না কেন, আমি ব্রোঞ্জ জিতেছি। ব্রোঞ্জের সঙ্গে সোনার পদকের তুলনা হয় না।
*ক্রীড়াঙ্গনে তো আপনার নাম হয়ে গেছে ‘ব্রোঞ্জবয়’...
মাহফিজুর: (হাসি)। যে যে নামেই ডাকুন না কেন, ব্রোঞ্জ জিতেছি, এটাও আমার অর্জন। তবে ব্রোঞ্জ জিতলেও আমার টাইমিং নিচে নামেনি। বরং আগের চেয়ে ভালো হয়েছে। ভারতে বাংলাদেশের সাঁতারুদের সাফের টাইমিং টপকেছি। এর আগে সাঁতারে আমার মতো এতগুলো ব্যক্তিগত পদক কেউ জেতেনি। ঠিকই আছে, আমি তো এখন ‘ব্রোঞ্জবয়’ই!
*কোচ পার্ক তে গুন বলেছেন, তিনি আরেকটু আগে এলে আপনার সাতটি ব্রোঞ্জই সোনা হতে পারত।
মাহফিজুর: তিনি ঠিকই বলেছেন। মাত্র তিন মাসে আমাদের সাঁতারুদের চেহারাই বদলে দিয়েছেন। এই কোচ আরও আগে এলে আমার টাইমিংয়ে আরও উন্নতি হতো।
*তাহলে এত দিন থাইল্যান্ডে অনুশীলন করে আপনার কী উন্নতি হলো?
মাহফিজুর: এটা খালি চোখে দেখা সম্ভব নয়। খালি চোখে দেখলে, আমি শুধুই ব্রোঞ্জ জিতেছি। কিন্তু যাদের সঙ্গে এবার সাঁতরেছি, তাদের স্ট্যান্ডার্ডও দেখতে হবে। কোথায় তারা অনুশীলন করে, কেমন সুযোগ-সুবিধা পায়...। ভারতের সন্দীপ সেজোয়াল এবার চারটি সোনা জিতেছে। তারা সারা বছর অনুশীলনে থাকে। আমরা সেই তুলনায় কিছুই পাই না। তারপরও আমি জাতীয় রেকর্ড টাইমিং টপকেছি। গেমসের রেজাল্ট কার্ড দেখলেই বোঝা যাবে আমি কেমন করেছি।
*পরবর্তী লক্ষ্য কী?
মাহফিজুর: এখন একটাই লক্ষ্য, টাইমিংয়ের উন্নতিটা ধরে রাখতে চাই। এটা ধরে রাখতে পারলে অন্য গেমসেও আগের চেয়ে অনেক ভালো ফল করতে পারব। এমনও হতে পারে, আগামী ২০২০ অলিম্পিকে নিজের যোগ্যতায় কোয়ালিফাই করতে পারব। সেটাই করতে চাই আমি।
*সাঁতার এবার অনেক সাফল্য পেয়েছে। সাঁতারের ঐতিহ্য কি ফিরছে তাহলে?
মাহফিজুর: হ্যাঁ। তবে যেভাবে আমাদের সাঁতার এগোচ্ছে, সেভাবে আর কত দিন এগোবে, সেটাই দেখার বিষয়। কারণ, আমাদের কোনো খেলাধুলা নেই। আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও পাই না। তারপরও পদক এনে দিচ্ছি।
*পার্ককে রেখে দিতে চায় ফেডারেশন। জানেন নিশ্চয়ই?
মাহফিজুর: আমি শুনেছি খবরটা। পার্ক খুবই ভালো মানের কোচ। আগের ঢাকা গেমসে আমরা সাতটি রুপা ও আটটি ব্রোঞ্জ জিতেছিলাম তাঁর অধীনে। শুধু মাইক্রোসেকেন্ডের ব্যবধানে সেবার সোনা জিততে পারেনি। তখন থেকেই যদি পার্ককে রেখে দেওয়া যেত, তাহলে আমাদের সাঁতারের চেহারা বদলে যেত। সাতটা ব্রোঞ্জ সত্যিই সাতটা সোনা হয়ে যেত। আমিও চাই পার্ককে যেন দীর্ঘ মেয়াদে রেখে দেওয়া হয়।
*ভারত থেকে দেশে ফিরে কেমন অভ্যর্থনা পেয়েছেন?
মাহফিজুর: আমরা অন্যান্য খেলার থেকে বেশি পদক জিতেছি। শিলা আপু সোনা জিতেছেন নিজের কৃতিত্বেই। তবে আমরা যারা পদক জিতেছি, আমাদেরও অর্জন কম নয়। আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ফেডারেশন, নৌবাহিনী, বিওএ। সাঁতারুরা ব্যক্তিগত স্পনসর পেলে আমাদের সাঁতার আরও এগিয়ে যাবে।