'আমি তো ফুটবল খেলতে যাচ্ছি না'
>

নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই কোনো নির্বাচনে কেউ শীর্ষ পদে প্রার্থী হন। এসব জানতেই বাফুফের নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকা তিন সভাপতি প্রার্থীর এই ধারাবাহিক সাক্ষাৎকার পর্ব। আজ প্রথমে ‘ফুটবল বাঁচাও’ আন্দোলনের প্রার্থী কামরুল আশরাফ খান
মতিঝিলে একটি বাণিজ্যিক ভবনের ১৬ তলায় তাঁর সুসজ্জিত বিশাল অফিস। গতকাল বিকেলে সেখানে খোশমেজাজেই পাওয়া গেল কামরুল আশরাফ খানকে, পোটন নামে যিনি বেশি পরিচিত। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নরসিংদী-২ আসন থেকে স্বতন্ত্র সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে তাঁর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয় একটাই—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩০ এপ্রিলের বহুল আলোচিত নির্বাচন।
* বাফুফের নির্বাচনে সভাপতি পদে আপনি প্রার্থী হয়ে চমকে দিয়েছেন অনেককে। আপনি নিজেও কি একটু অবাক?
কামরুল আশরাফ খান: আমি নির্বাচন করতে যাচ্ছি, এটাই আমার সিদ্ধান্ত। আমার তো অবাক হওয়ার কিছু নেই।
* ঠিক কবে সিদ্ধান্ত নিলেন যে বাফুফের সভাপতি পদে প্রার্থী হবেন?
কামরুল: পরিবেশ-পরিস্থিতিতে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে কত দিন আগে, তা বলা যাবে না। ফুটবল খেলোয়াড়েরা অনেক দিন ধরেই আমাকে বলছিল, আমি এলে ফুটবলের উন্নয়ন হবে।
* তাহলে ধরে নেওয়া যায় আপনি ভেতরে-ভেতরে কাজ করেছেন?
কামরুল: অবশ্যই। সেটাই যদি না করি, তাহলে সভাপতি প্রার্থী সালাউদ্দিন ভাই তো এখন বলতেন না হার্ড কনটেস্ট (কঠিন প্রতিদ্বন্দ্বিতা) হবে। নিশ্চয়ই আমার গ্রাউন্ড ওয়ার্ক আছে বলেই হার্ড কনটেস্ট হচ্ছে। দিন দিন আরও হার্ড হচ্ছে। দেখা যাক কী হয়।
* অনেকে বলেন, কাজী সালাউদ্দিনকে সরাতেই আপনাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের নিয়ে এসেছেন...
কামরুল: এগুলো যারা বলে, তাদের কাছে জিজ্ঞেস করুন। আপনাকে কি আমি নিয়ে আসতে পারতাম? আমি তো বলেছি, অনেকে অনেক ধনী হতে পারে, বিল গেটস হতে পারে, কিন্তু সাংবাদিক হতে পারে না লেখাপড়া জানা ছাড়া। সুতরাং আপনারা তো জ্ঞানী মানুষ। আপনাকে আমি আনতে পারতাম আপনার ইচ্ছা না থাকলে? নির্বাচন এলে অনেক সময় অনেক কথা শোনা যায়।
* মনজুর কাদের সঙ্গে না থাকলে এই নির্বাচন করতেন আপনি?
কামরুল: কাদের ভাইকে চেনার আগ থেকে আমি সালাউদ্দিন ভাইকে চিনি। কাদের ভাই একটা ক্লাবের সঙ্গে জড়িত, উনি ভালো মানুষ। সালাউদ্দিন ভাই ফুটবলের সঙ্গে জড়িত, ভালো মানুষ। তাঁদের সবার সঙ্গে আমি আগে থেকে পরিচিত। সুতরাং কাদের ভাই এককভাবে আমাকে এখানে নিয়ে আসেননি, সেটা তিনি বলেনওনি। আমিও বলছি না।
* বাফুফের সভাপতি হওয়ার ইচ্ছেটা কেন হলো আপনার?
কামরুল: আপনি দেখেন, পাপন ভাইয়ের (নাজমুল হাসান) ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা ছিল না। উনিও তো একটা বড় কোম্পানিতে ছিলেন। আমিও মনে করি এসব সংগঠনে আরও ব্যবসায়ী আসা উচিত। তাঁরা এলে পৃথিবীর অন্য সব উন্নত দেশের ক্লাবগুলোর মতো বাংলাদেশের ক্লাবগুলোও উন্নত হবে।
* বাফুফের সভাপতি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়ন করতে চান? আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
কামরুল: আমি জেলা পর্যায়ে যাব। আমি তো চ্যালেঞ্জ করেছি আপনাদের কাছে, এক বছরের মধ্যে পরিবর্তন করতে না পারলে পদত্যাগ করব।
* কী পরিবর্তন?
কামরুল : তৃণমূল থেকে চেষ্টা করব। ফুটবলের এখনো অনেক দর্শক, ক্রিকেটের চেয়ে বেশি। তবে ফুটবলের জনপ্রিয়তা কমেছে, ক্রিকেটের বেড়েছে। ক্রিকেট-বিশ্বের কাছে আমরা সুনামের সঙ্গে আছি। সবাই সমন্বয় করে এগুলো, ফুটবলেও আমরা ভালো করব।
* ফুটবল তো টেকনিক্যাল খেলাও। এর সঙ্গে তো আপনি পরিচিত নন। তো সেই দিকটা কীভাবে সামলাবেন?
কামরুল : দেখুন, ম্যারাডোনাকে কোচ হিসেবে নেওয়ার পর বের করে দেওয়া হয়েছে। আমি তো ফুটবল খেলতে যাচ্ছি না। পাপন ভাই ত্রিকেট খেলেন না। পৃথিবীর কোন ক্লাবের মালিক ফুটবল প্লেয়ার আমাকে বলুন তো? বিল গেটস হওয়া যায়, লেখাপড়া ছাড়া সাংবাদিক হওয়া যায় না। তাহলে আমার ক্ষেত্রে কেন এই প্রশ্নটা আসবে?
* আসলে আপনার মতামতটা জানতে চাইছি...
কামরুল: আমি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদে তৃতীয়বার সভাপতি, এটা অনেক শক্তিশালী সংগঠন। সারের ব্যবসা করি, ইমপোর্ট করি। ফুটবলে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। একটাই চাওয়া, সবার সহযোগিতা। এখানে এসে বুঝলাম ফুটবলের অধঃপতনের মূল কারণ সবার মধ্যে সমন্বয়হীনতা।
* সারা দেশে আপনার যে সারের ব্যবসার ভিত্তি আছে, সেটা ফুটবলেও কাজে লাগাবেন বলেছেন। এটা আসলে কীভাবে করবেন?
কামরুল : সারের সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই। দুটি দুই জিনিস। তবে আমি জেলা পর্যায়ে প্রশাসনিক, সাংগঠনিক, সাবেক খেলোয়াড় যারা আছে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব। ৬৪ জেলা থেকে ৬৪ জন খেলোয়াড় আনতে পারলে আমাদের আর বিদেশ থেকে খেলোয়াড় আনতে হয় না। আপনি জেলায় খেলা দিন, দেখবেন বাসভর্তি করে লোক আসবে।
* নির্বাচিত হলে প্রথম পাঁচটা কাজ কী করবেন?
কামরুল: তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহ করব প্রথমেই। এ ছাড়া জেলা পর্যায়ের ক্লাব, সংগঠনগুলোকে শক্তিশালী করব। প্রতিটি স্টেডিয়াম উন্নয়ন করব।
* এসব প্রতিশ্রুতি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
কামরুল : অনেক...অনেক। আমার এলাকায় ছোট-বড় ৫১৪টি শিল্পপ্রতিষ্ঠান আছে। সবাই সহযোগিতা করতে চায়। আজ না হলেও এক শ ফোন পেয়েছি। একটু আগেও বড় একজন শিল্পপতি ফোন করে বলছেন, “আপনার কী চাই, বলুন।” আমি বললাম, কিছু না, দোয়া করেন। নির্বাচিত হলে আমাকে নয় ফেডারেশনকে আর্থিকভাবে পৃষ্ঠপোষণা করেন। হিসাব করে দেখলাম, এক শ জন শিল্পপতি এক কোটি টাকা করে দিলেও এক শ কোটি টাকা হয়। ফুটবল চালাতে আর কী লাগে, এটা কোনো কঠিন ব্যাপার না (হাসি)!