'আমি বিব্রত এবং লজ্জিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঢাকার ক্রিকেটে এবার চরম প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং। বিতর্কিত সব সিদ্ধান্ত দিয়ে আম্পায়াররা নীতি-নৈতিকতাই যেন জলাঞ্জলি দিচ্ছেন। অপমানিত হয়েও তাই অনেক সময় খেলোয়াড়দের শাস্তি দেওয়ার সাহস হয় না তাঁদের। কাল এসব নিয়েই বললেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু
কাজী ইউশা মিশু
কাজী ইউশা মিশু

* প্রথম ও তৃতীয় বিভাগের পর প্রিমিয়ার লিগের আম্পায়ারিং নিয়েও এবার অনেক সমালোচনা হচ্ছে। বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন?
কাজী ইউশা মিশু: আমার পক্ষে মন্তব্য করা কঠিন, কারণ আমি কোনো ভিডিও দেখতে পারছি না, মাঠে গিয়ে খেলাও দেখতে পারছি না। তবে আমি এটাও মনে করি না যে পুরো মিডিয়া আমার শত্রু। মিডিয়া যখন লিখছে, এর মধ্যে সত্যতাও আছে। আমি এ জন্য বিব্রত এবং লজ্জিত। আমার মনে হয়, আমাদের পুরো কমিটিই লজ্জিত।
* আম্পায়ারদের সংগঠনের সভাপতি হিসেবে সবাইকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে আপনি কি কোনো উদ্যোগ নেবেন?
ইউশা মিশু: আইসিসি ও বিসিবির মাধ্যমে যাঁরা স্বীকৃত, তাঁরাই আমাদের এলিট শ্রেণির আম্পায়ার। আমি এই ১০-১১ জনের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে চলমান সমস্যা সম্পর্কে বলেছেন। তাঁরা বলেছেন, অ্যাসোসিয়েশন থেকে বিসিবিকে ১০ জন আম্পায়ারের একটা প্যানেল করে দিতে। এই প্যানেল থেকেই সুপার লিগ ও প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং রেলিগেশন লিগের সব ম্যাচে ফিল্ড আম্পায়ার দিতে হবে।
* আপনার কি মনে হয়, বিসিবি আপনাদের এই সুপারিশ অনুযায়ী কাজ করবে?
ইউশা মিশু: আজ (গতকাল) আমাদের নির্বাহী কমিটির সভা ছিল। সেখানে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ও আম্পায়ার্স কমিটির সদস্যসচিব বলেছেন, তাঁরাই বিসিবিকে এ ব্যাপারে রাজি করাবেন। বিসিবির আম্পায়ার্স কমিটির সাতজনের মধ্যে সদস্যসচিবসহ চারজন আমাদের প্রতিনিধি। সভায় সবার সামনে তাঁরা বলেছেন, বিসিবিকে রাজি করাবেন। তাঁরাই দায়িত্ব নিয়েছেন।
* এই উদ্যোগ চলমান সংকটের অবসান ঘটাবে বলে আশা করেন?
ইউশা মিশু: আশা করি কিছু উন্নতি হবে। এলিট আম্পায়াররা আম্পায়ারিং করলে খেলোয়াড়েরা আত্মবিশ্বাসও পায়। আমি নিজেও জানি, আত্মবিশ্বাস না থাকলে খেলোয়াড়েরা স্বাভাবিক খেলা খেলতে পারে না।
* যে পাঁচ-ছয়জন আম্পায়ারকে নিয়ে এত সমালোচনা, তাঁরাও তো আপনাদের সংগঠনের সদস্য। তাঁদের আম্পায়ারিংয়ের মান নিয়ে আপনার কী ধারণা?
ইউশা মিশু: আজ (গতকাল) তাঁদের একজনকে পেয়েছি, ওই একজনের সঙ্গেই কথা বলেছি। অন্য যাঁদের নামে সমালোচনা শুনছি, তাঁদেরও আমি ডাকব। একতরফা কথা শুনে আমি মন্তব্য করতে চাই না।
* যাঁর সঙ্গে কথা হয়েছে, উনি কী বললেন?
ইউশা মিশু: উনি বললেন, উনি আপ্রাণ চেষ্টা করেছেন ভালো আম্পায়ারিং করার। তবে যেহেতু আজ মিটিংয়ের মধ্যে কথা হয়েছে, বিস্তারিত আলাপ করা যায়নি। ব্যক্তিগতভাবে কথা বললে হয়তো অনেক কিছু বলবেন।
* আম্পায়ারিংয়ের গুণগত মান বাড়াতে আম্পায়ারদের সংগঠন কি কোনো ভূমিকা রাখতে পারে না?
ইউশা মিশু: আসলে আমাদের কাজটা মূলত কল্যাণ সমিতির মতো। বলতে পারেন, আম্পায়ারদের হয়ে বিভিন্ন দেনদরবার করাই আমাদের কাজ। আম্পায়াররা দুই বছর ধরে বিপিএলের টাকা পান না, এটা নিয়ে কথা বলা; বা ধরুন, একজন আম্পায়ার অসুস্থ হয়ে পড়েছেন; আমরা তাঁকে কিছু টাকা দিলাম, বিসিবিকেও অনুরোধ করলাম কিছু দিতে...এগুলোই আমাদের কাজ। আম্পায়ারিংয়ের মান উন্নয়নে আমাদের করণীয় কিছু নেই।