'আমি শুধু সত্যিটাই বলেছি'
ক্রিকেট রোমান্টিকদের জন্য তাঁর একটি বক্তব্য যেখানে পরম কাঙ্ক্ষিত, সেখানে পুরো একটি বই! তাও সেটি তাঁর চব্বিশ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার নিয়ে! মাঠে ও মাঠের বাইরের অজস্র স্মৃতি, নানা অভিজ্ঞতা—মনের দুয়ার খুলে দিয়েছেন শচীন টেন্ডুলকার তাঁর প্লেয়িং ইট মাই ওয়ে বইয়ে। তিন বছর ধরে লেখা এই আত্মজীবনী বাজারে এসেছে পরশু। কাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার কথা বলেছেন তাঁর বই নিয়ে। বেশির ভাগই শোরগোল ফেলে দেওয়া বিতর্কিত সব ঘটনা প্রসঙ্গে...

বই লেখায় কঠিনতম অংশ ছিল কোনটি?
শচীন টেন্ডুলকার: সবচেয়ে কঠিন ছিল আমার ও অঞ্জলির (স্ত্রী) মধ্যে সম্পর্ক কীভাবে হলো, তা সবাইকে জানানো। আমি সব সময়ই এই কথাগুলো মনের মধ্যে লুকিয়ে রেখেছি এবং খুব কম লোকই তা জানে, এমনকি আমাদের পরিবারেরও।
বইটি অতীতের বেশ কিছু বিতর্ক উসকে দিয়েছে...
টেন্ডুলকার: আমি শুধু সত্যিটাই বলেছি। এর আগে ভারতের হয়ে ভালো খেলাই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। তখন নিজেকে বলতাম, যখন আমার ক্যারিয়ার শেষ হবে, মনের কথাগুলো খুলে বলতে পারব।
চ্যাপেল যখন আপনাকে অধিনায়ক বানাতে চাইলেন, আপনি দ্রাবিড়কে তা জানাননি?
টেন্ডুলকার: আমি এটা করতে চাইনি। ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল, কারণ আমি প্রস্তাবটি গ্রহণ করিনি। আমি পরিবেশ নষ্ট করতে চাইনি, তখন গ্রেগের দায়িত্ব শুরু হয়েছে কেবল। তখনো আমার তাঁর অধীনে খেলা হয়নি।
গ্রেগের ভাষ্য, আপনি মিথ্যা বলছেন। এতে কি অবাক হয়েছেন?
টেন্ডুলকার: গ্রেগ যখন আমার সঙ্গে দেখা করেছিলেন, অঞ্জলি আমার পাশেই ছিল। কাজেই আমার নতুন করে কিছু বলার নেই।
‘শচীনের নিজেকে আয়নায় দেখা উচিত’—ইয়ান চ্যাপেলের (গ্রেগ চ্যাপেলের বড় ভাই) এই মন্তব্য নিয়ে কী বলবেন?
টেন্ডুলকার: তাঁকে নিয়ে আমার ভাবার কিছু নেই। ২০০৭ ভিবি সিরিজে আমি তাঁকে আয়নার আকারটা দেখিয়েছি। ভারতের ক্রিকেটের সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই। মাঝে মাঝে কিছু মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়।
তিনি কি দুঃখ প্রকাশ করেছিলেন?
টেন্ডুলকার: তাঁর দুঃখপ্রকাশও আমি চাইনি। তবে ২০১০ সালে ডারবানে একবার আমি জিমে ঘাম ঝরাচ্ছিলাম। হঠাৎ দুজন মুখোমুখি হলাম। তিনি বললেন, ‘এটাই তোমার সাফল্যের রহস্য’। জবাবে আমি বলেছিলাম, ‘আপনি সুবিধামতো নিজের অবস্থান বদলান’।
মাইক ডেনেস বিতর্ক সম্পর্কে কিছু বলুন...
টেন্ডুলকার: আমার মনে আছে, খেলা শেষ হওয়ার পরে (নভেম্বর ২০০১, বনাম দক্ষিণ আফ্রিকা) কে যেন আমাকে বলল, ম্যাচ অফিশিয়ালরা ৭-৮ জন খেলোয়াড়কে ডেকেছেন এবং আমিও তাদের একজন। তাঁরা ডেকেছিলেন বল টেম্পারিং নিয়ে, কাজেই আমি অবাক হয়ে গেলাম। আম্পায়ারদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বলে কোনো পরিবর্তন পেয়েছেন কি না। তাঁরা উত্তরে ‘না’ বললেন। এমনকি তাঁরা ম্যাচ রেফারির কাছেও অভিযোগ করেননি। আমি ম্যাচ রেফারির কাছে গেলাম এবং জানালাম যে আমি শুধু বলের সিম পরিষ্কার করছিলাম। তারপর তিনি বললেন, আম্পায়ারদের বলে নেওয়া উচিত ছিল আমার! আমি একটা শিক্ষা পেলাম এবং এর পর থেকে যখনই বলের সিম পরিষ্কার করতাম, আম্পায়ারদের বলে নিতাম। তাঁরা এতে হাসতেন, কিন্তু আমার মনে হয়েছে এটাই করা উচিত।
প্রতিটি বল, ডিসমিসাল আপনার মনে আছে?
টেন্ডুলকার: ক্রিকেট শুরুর পর দুই বছর আমি একটি ডায়েরিতে সব লিখে রাখতাম। কিন্তু পরে সেটি হারিয়ে ফেলি। যখন আমি ভারতের হয়ে খেলা শুরু করলাম, তারপর প্রায় দশ বছর ভিডিও ক্যাসেটে আমার সব সেঞ্চুরি এবং ডিসমিসালগুলো রেকর্ড করে রাখতাম। বাসায় গিয়ে আমার ভাইয়ের সঙ্গে বসে সেগুলো নিয়ে আলোচনাও করতাম। ১০ বছর পর এটি বন্ধ করে দিই।
গণমাধ্যম আপনার জীবনে কী ভূমিকা রেখেছে?
টেন্ডুলকার: আমার মনে হয়, শুধু ভারতের হয়ে খেলার পর থেকে নয়, স্কুলের দিনগুলোতেও আমি গণমাধ্যমের দারুণ সমর্থন পেয়েছি। সব মিলিয়ে গণমাধ্যম আমার পাশেই থেকেছে। যদিও মিডিয়ার সবকিছুর সঙ্গে একমত হওয়া অসম্ভব।
অধিনায়ক হিসেবে নিজের ওপর কি সন্তুষ্ট?
টেন্ডুলকার: আমি আমার সেরাটাই দিতে চেয়েছি। বেশ কিছু ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। কয়েকটি ম্যাচ একেবারে হাতের মুঠো থেকে ফসকে গিয়েছিল, এটাই আমাকে কষ্ট দিয়েছিল। এটা আসলে বিশাল হতাশার। কিন্তু যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। মাঝেমধ্যেই এমন কিছু ঘটে, যার কোনো ব্যাখ্যা থাকে না।
কেন অধিনায়কত্ব ছাড়লেন?
টেন্ডুলকার: অধিনায়ক থাকার সময় কোনো কিছুই ঠিকঠাক এগোয়নি। এতে ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হয়েছিল। এমনকি আমার পরিবারের সঙ্গে যখন থাকতাম, এই হতাশার বৃত্ত থেকে বেরোতে পারতাম না। শুধু এটা নিয়েই ভাবতাম। তারপর একদিন অনুভব করলাম, যদি আমি অধিনায়ক না থাকি, আমার কাছ থেকে তো আর ক্রিকেট কেড়ে নেওয়া হবে না! আমার জায়গায় অন্য কেউ এসে অধিনায়কের দায়িত্ব পালন করবে শুধু। আর আমি যদি রান পেতে থাকি ও ম্যাচ জিততে থাকি, তাতেই আমি খুশি থাকব।
সতীর্থদের কাছ থেকে খুব বেশি কি প্রত্যাশা করতেন, যাঁরা আপনার মতো প্রতিভাধর ছিলেন না?
টেন্ডুলকার: সতীর্থদের কাছে কিছু প্রত্যাশা তো আমার থাকতই এবং এটাই হওয়া উচিত। যখন আমি রান করতে থাকলাম, সবাই আমার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করতে শুরু করল। আমি মনে করি, এটাই স্বাভাবিক।