'আমি সব সময় জিততে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া
জন্ম ও বেড়ে ওঠা ইউরোপের জল-হাওয়ায়। এ কারণেই কি না তাঁর চিন্তাভাবনাও বাংলাদেশের গড়পড়তা ফুটবলারদের চেয়ে একটু আলাদা। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে বাংলাদেশ দলের অনুশীলনের আগে কথা বলতে এসে সেটাই বুঝিয়ে দিলেন জামাল ভূঁইয়া

*  অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ গোলে হারের পর এখন সামনে জর্ডান। কী ভাবছেন এ ম্যাচ নিয়ে?

জামাল ভূঁইয়া: প্রথমেই বলি, অস্ট্রেলিয়ার কাছে ওভাবে হেরে আমার ভীষণ খারাপ লেগেছে। ৩০ মিনিটের মধ্যেই ৪ গোল মেনে নেওয়া কঠিন। একটি দলের জন্য এটা ভালো নয়। আমি চিৎকার করে সতীর্থদের উজ্জীবিত করতে চেয়েছি। কিন্তু হলো না। সোজা কথায় আমাদের ঘুরে দাঁড়াবে হবে। এ ছাড়া কোনো উপায় নেই।

*  কিন্তু জর্ডান তো অস্ট্রেলিয়ার কাছাকাছি মানের দল। বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে। এই দলটার সঙ্গে কি ঘুরে দাঁড়ানো সম্ভব?

জামাল: আমাদের ইতিবাচক থাকতে হবে মাঠে। এটাই হোক আমাদের মূলমন্ত্র। সত্যি বলতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের খেলায় আমি মোটেও খুশি নই। অনেকেই দেখছি বলছে, ৫ গোলে হার সহনীয়ই। কিন্তু আমি বলব, অস্ট্রেলিয়ানরা দুই পায়ে খেলে, আমাদেরও দুটি পা। তাহলে আমরা পারব না কেন? এই প্রশ্নটা আমাকে ভাবায়। আমাদের আসলে আরও ভালো করতে হবে।

*  সেই ভালো করার সংজ্ঞাটা কী আপনার কাছে?

জামাল: সোজা কথায়, আমাদের পয়েন্ট দরকার। পয়েন্টের জন্যই খেলতে হবে। এ জন্য আমাদের ১১০ ভাগ দিতে হবে মাঠে। অস্ট্রেলিয়ানদের দেখেছি, টেকনিক, ট্যাকটিকস, ফিটনেসে তারা খুবই ভালো। এসব দিকেও আমাদের উন্নতি করার অনেক সুযোগ আছে।

*  পার্থের দ্রুতগতির মাঠটাও বাংলাদেশের জন্য সমস্যা হয়েছে বলেছেন কোচ-অধিনায়ক। আপনি কী মনে করেন?

জামাল: মাঠ-আবহাওয়া এসব নিয়ে অভিযোগ নেই আমার। মাঠের সঙ্গে মানিয়েই খেলতে হবে। এও মনে করি, পার্থের খেলে যে অভিজ্ঞতা হলো, সামনে তা কাজে লাগাতে পারলেই ভালো। ওই ম্যাচের সবকিছু থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে।

*  প্রায় গোটা বাংলাদেশ দল বলছে, অস্ট্রেলিয়া ম্যাচের শিক্ষা কাজে লাগাতে হবে জর্ডানের বিপক্ষে। এ ক্ষেত্রে ঘরের মাঠে খেলা কি আমাদের জন্য সুবিধা হতে পারে?

জামাল: তা হতে পারে বৈকি! ঢাকায় প্রথম খেলতে এলে সবারই সমস্যা হতে পারে। আমি যেমন প্রথম এসেই মানিয়ে নিতে পারিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সঙ্গে। জর্ডানেরও এই সমস্যায় পড়া স্বাভাবিক। সুযোগটা আমাদের নিতে হবে।

*  বাংলাদেশ দল মাঠে নামার আগেই রক্ষণাত্মক চিন্তা করছে বেশি। দলের একজন খেলোয়াড় হিসেবে এটাকে কীভাবে দেখছেন?

জামাল: আমি হারটা ভীষণ অপছন্দ করি। আমি জিততে চাই। আমি মাঠে নামি জেতার জন্য। বাংলাদেশে এসে ক্লাব ফুটবলে আমি কিন্তু জয়ের মধ্যে আছি। শেখ জামালের হয়ে ভুটানের কিংস কাপ জিতেছি। একই দলের জার্সিতে এবার ফেডারেশন কাপ, লিগ, এএফসি কাপ—সব জায়গাতেই জিতলাম। জাতীয় দলের হয়ে বঙ্গবন্ধু কাপে রানার্সআপ। আমি কখনো হারতে চাই না। কার সঙ্গে খেলছি সেটা বড় নয়, আমি জিততে চাই সব সময়।

*  কিন্তু বাংলাদেশের ফুটবলে জয়ের মানসিকতা সেভাবে এখনো তৈরি হয়নি। এখানে মাঠ, পরিবেশ, সুযোগ-সুবিধা একটা বড় ব্যাপার...

জামাল: কথাটা ঠিকই। এখানে এসে একটা স্টেডিয়ামেই শুধু খেলছি—বঙ্গবন্ধু স্টেডিয়াম। ইউরোপের ফুটবল অবকাঠামো পুরোপুরিই আলাদা। এমনকি যেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা সেই ডেনমার্কের নিচের ডিভিশনের ক্লাব ক্লাবগুলোরও নিজস্ব মাঠ এবং প্রয়োজনীয় সব অবকাঠামো আছে। কাজেই বাংলাদেশে সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে।