'আমি স্বার্থপর ক্রিকেটার নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাব্বির রহমান
সাব্বির রহমান
টি-টোয়েন্টি বিশেষজ্ঞের পরিচয়টা হয়তো এখনো আছে। তবে ওয়ানডে ম্যাচের শেষ দৃশ্যপটও এখন তাঁকে ছাড়া কল্পনা করা কঠিন। স্লগ ওভারে সাব্বির রহমান-এর মারকাটারি ব্যাটিং না থাকলে বাংলাদেশ দলের ইনিংসটাই যেন পূর্ণতা পায় না! কিন্তু তাঁরও কি ইচ্ছে করে না একটু ধরে খেলে নামের পাশে বড় অঙ্কের একটা রান লিখতে? না, বাংলাদেশ দলের এই অলরাউন্ডারের কাছে দলের চাহিদাটাই সবার আগে।

 বাংলাদেশ দলে আসার পর থেকে শুধু সাফল্যই দেখছেন। কেমন উপভোগ করছেন এ সময়টা?
সাব্বির রহমান: আমার অভিষেকের আগের আট মাস বাংলাদেশ দল খুব বাজে সময় কাটিয়েছে। তবে আমি যখন দলে ঢুকি, তখন থেকে বাংলাদেশ দল খুব ভালো খেলেছে। একটার পর একটা সাফল্য আসছে। ইনশা আল্লাহ, এই দল ভবিষ্যতেও অনেক ভালো খেলবে। এখন যেভাবে সবাই খেলছে, এভাবে খেললে আমরা ব্যর্থ কম হব। সাফল্যই বেশি আসবে।
 জাতীয় দলে আসার আগে কি ভেবেছিলেন এসেই এমন সাফল্যধারায় ভাসবেন?
সাব্বির: এ রকম ভাবিনি আসলে। যেটা বললাম, আমি ঢোকার আগে জাতীয় দলের খারাপ সময় যাচ্ছিল। এসেই এ রকম জয়ের দেখা পাব, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠব—কোনো দিন কল্পনা করিনি। তবে আমরা স্বপ্ন দেখেছিলাম। অনেক কষ্ট করেছি, দল হয়ে খেলছি। সে জন্যই হয়তো ভালো রেজাল্ট হচ্ছে।
 দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে বাংলাদেশ দলের সব খেলোয়াড় সম্পর্কেই আগে থেকে ভালো ধারণা ছিল। বাংলাদেশ দলে আসার পর কী পরিবর্তন দেখলেন?
সাব্বির: জাতীয় দলের প্রায় সবার সঙ্গেই ঘরোয়া ক্রিকেটে খেলেছি। তবে তখন তাদের সঙ্গে এতটা ফ্রি ছিলাম না। মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই...তাঁদের সঙ্গে ড্রেসিংরুমে সব কথা বলতে পারতাম না, সব কথা শেয়ার করতে পারতাম না। তাঁরা অনেক বড় খেলোয়াড়...কীভাবে কথা বলব না-বলব! কিন্তু জাতীয় দলে ঢোকার পর দেখলাম, তাঁরাও অনেক বন্ধুসুলভ। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখছি। সবচেয়ে বড় কথা, মানসিকভাবে তাঁরা অনেক শক্ত।
 ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কী পার্থক্য দেখছেন?
সাব্বির: পার্থক্য তো আকাশ-পাতাল। সহজ করে বললে, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা বোলার, ব্যাটসম্যান, ফিল্ডাররাই খেলে। তবে ঘরোয়া ক্রিকেটে অনেক চাপ থাকে। ভালো খেলার চাপ। ক্লাব কর্মকর্তা, সমর্থকদের চাপ। আবাহনী-মোহামেডান ম্যাচের কথাই ধরুন। মরা-বাঁচার ম্যাচ। এ ম্যাচে হারলে সমর্থকেরা অনেক বাজে বাজে কথা বলে। জাতীয় দলে এ রকম চাপ এখনো দেখিনি। সমর্থকদের প্রত্যাশার চাপ যদিও আছে। কিন্তু সবাই তো বাংলাদেশেরই সমর্থক! আমাদেরই সমর্থন করে।
 আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে কতটুকু সন্তুষ্ট?
সাব্বির: এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলে একটাই ফিফটি করেছি। অনেক সুযোগ মিস করেছি। তবে আমি কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি। দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। হয়তো এ জন্যই অনেক বড় ইনিংস মিস করেছি। ১ রানই করি বা ৯৯, আমি সব সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করি।
 আপনি যে জায়গায় ব্যাট করেন, তাতে চাইলেও অনেক সময় বড় ইনিংস খেলা যায় না। বড় ইনিংস খেলতে পারছেন না বলে কোনো আফসোস নেই?
সাব্বির: সেভাবে চিন্তা করি না। আমি যখন নামব, তখন হয়তো বা ১০-১৫ ওভার থাকবে। আমাকে ২০-২৫ বলে ৫০-৬০ করতে হবে। দলে এটাই আমার ভূমিকা। দল যদি চায়, আমি ওভারপ্রতি ৭ বা ৮ রান করে করি, আমাকে ওভাবেই ব্যাটিং করতে হবে। যদিও আমি চাইলে ওভারপ্রতি ৩-৪ করে নিয়েও খেলতে পারি। কিন্তু আমি স্বার্থপর ক্রিকেটার নই, স্বার্থপর হয়ে খেলতে পারি না। দলের যখন যা লাগে, আমি সেভাবেই ব্যাটিং করি। আবার যদি আগে নামি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করি। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চার নম্বরে নেমে যেমন সেঞ্চুরি করেছিলাম। নিজের স্বাভাবিক খেলা খেলেই সেটা করেছি।
 ব্যাটিংয়ে যখন আক্রমণাত্মক হয়ে ওঠেন, আপনার শরীরী ভাষা দেখেও অনেক সময় সেটা বোঝা যায়। বোলার রানআপে, আপনি হয়তো তখনো স্টান্স বদলাচ্ছেন বা নড়াচড়া করছেন। এটা কি সহজাত কোনো ব্যাপার নাকি ইচ্ছাকৃত?
সাব্বির: বোলারকে বিভ্রান্ত করার একটা চেষ্টা এটা। এ ছাড়া বোলাররা যখন আমাকে স্লেজিং করে বা কোনো কথা বলে, খুব জেদ লাগে। তখন আমি ডমিনেট করার চেষ্টা করি। সব সময়ই চাই, বোলারকে ডমিনেট করে খেলতে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা না করলে নিজেই ব্যাকফুটে চলে যাব।
 বড় ইনিংস না খেললেও আপনার কয়েকটি ইনিংস দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেগুলোর মধ্যে কোন ইনিংসটি খেলে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?
সাব্বির: দুই-তিনটা আছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলা ইনিংস, যেটাতে আমি ফিফটি করে দলকে জিতিয়েছি। ভারতের বিপক্ষে এক ম্যাচে সাকিব ভাইয়ের সঙ্গে ৮০ রানের ওপরে জুটি হয়েছিল, সেটা। আরেকটা ইনিংসও ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। ম্যাচটা জিততে পারিনি। তবে আমি আর নাসির অনেক চেষ্টা করেছি।
 বাংলাদেশ দলের সেরা ফিল্ডার হিসেবে অনেকেই আপনার নাম বলে। ফিল্ডিংয়ে এত ভালো হলেন কী করে?
সাব্বির: ছোটবেলা থেকেই মাঠেঘাটে ঘুরে বেড়াতাম। ফুটবল খেলতাম, হকি খেলতাম, বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতাম। খেলাতেও অনেক সময় দেখা যেত বড় ভাইয়েরা আমাকে দিয়ে শুধু ফিল্ডিং করাতেন। ওখান থেকেই হয়তো এটা চলে এসেছে আমার মধ্যে। আমার ফিটনেসেরও ভূমিকা থাকতে পারে। যেকোনো মাঠ বা পরিস্থিতিতে আমি ভালো ফিল্ডিং করি। উপভোগ করি বলেই হয়তো এটা ভালো হয়।
 টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে জাতীয় দলে এসে এখন ওয়ানডে দলেও নিয়মিত। কোনটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন?
সাব্বির: সবাই যখন আমাকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলা শুরু করল, শুনতে ভালোই লাগত। তবে অনেকে ভাবত, আমি বুঝি ওয়ানডে খেলতে পারব না। যদিও আমি ওয়ানডেতেও ভালোভাবেই মানিয়ে নিয়েছি। কারণ আমি যে সময়ে ব্যাটিংয়ে নামি, তখন টি-টোয়েন্টি ম্যাচেরই পরিস্থিতি থাকে। এ ছাড়া ৫০ ওভারের ম্যাচের জন্য নিজে নিজে অনেক অনুশীলন করেছি। ব্যাটিংটা গুছিয়ে আনার চেষ্টা করেছি।
 বাংলাদেশ দলে এসেই বিশ্বকাপ খেলে ফেললেন। সে অভিজ্ঞতার কথা বলুন...
সাব্বির: এটাকে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বলতে পারেন। কখনো ভাবিনি, মাত্র একটা সিরিজ খেলার পরই বিশ্বকাপে খেলব। আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। আব্বু-আম্মুরও অনেক স্বপ্ন ছিল। নইলে আমি তো ছয় মাস আগেও এটা ভাবিনি!