'আমি হৃদয় দিয়ে চেষ্টা করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

জাতীয় দল নিয়ে কাজ করার স্বপ্নটা পূরণ করেছেন। কিন্তু তা এতটুকু উপভোগ্য হয়নি। সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপেও ব্যর্থতা গভীরভাবে পোড়াচ্ছে তাঁকে। বেদনাহত মারুফুল হক নীরব অশ্রুপাতই যেন করে চলেছেন।
জাতীয় দলের সঙ্গে তাঁর ভ্রমণটা দেড় মাসের। বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছুটি হওয়ার পরদিন গতকাল ফিরে তাকালেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ সেই সংক্ষিপ্ত অধ্যায়ে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠসংলগ্ন নিজের অফিসে বসে কাটাছেঁড়া করলেন এই যাত্রার নানা দিক।
* আপনার মনের অবস্থা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। দুটি টুর্নামেন্টেই দল খারাপ করেছে। তারপরও এই মুহূর্তে মনের অবস্থাটা ঠিক কেমন?
মারুফুল হক: আমাকে দেখে হয়তো বোঝা যাবে না। কারণ, আমি নিজেকে খুব শক্ত মনে করি। তারপরও যদি বুকটা খুলে দেখাতে পারতাম, কতটা কষ্ট পাচ্ছি! কাল থেকে একবিন্দু ঘুমাতে পারিনি। মাঠের ফল এতটা খারাপ হবে ভাবিনি। মাঠে ও মাঠের বাইরে নিজের সব কোচিং-জ্ঞান উজাড় করে দিয়েছিলাম। আমি হৃদয় দিয়ে চেষ্টা করেছি। তারপরও ফল ভালো না হওয়া দুর্ভাগ্যজনক।
* কখনো কি মনে হয় আপনার নিজের কোথাও ভুল ছিল?
মারুফুল: না, নিজের কোনো ঘাটতি পাইনি। ইউরোপিয়ান ‘এ’ লাইসেন্স করেছি, সেটির থিওরিগুলো দেখলাম। সাফে ২১ দিন আর বঙ্গবন্ধু কাপে দুদিন কাজ করার তালিকাটা বের করেও নিজের এতটুকু গাফিলতি বা ভুল চোখে পড়েনি।
* সবারই আস্থা ছিল আপনার ওপর। সেই আপনিও পারলেন না। নিজেকে নিজে কত নম্বর দেবেন?
মারুফুল: আমি নিজের কাছে সৎ ছিলাম। সেই জায়গায় নিজেকে পুরো নম্বরই দেব। তবে টিম রেজাল্টে নয়। যদিও সবার সমর্থন পেয়েছি, মিডিয়ার সমর্থন তো অকুণ্ঠই ছিল। এত কিছুর পরও হলো না। খুব খারাপ লাগছে।
* এই না হওয়ার কারণটা কী?
মারুফুল: সাফে আফগানিস্তানের সঙ্গে জয়ের আশা করেছিলাম ওদের শেষ পাঁচটা ম্যাচ দেখে। কিন্তু ওরা ইউরোপভিত্তিক নতুন সাত-আটজন খেলোয়াড় নিয়ে এসেছে। যেটা আমাদের জানা ছিল না। ওখান থেকেই বিপর্যয় শুরু। হাতে সময় না থাকায় আসলে কিছু করার ছিল না। তার ওপর শুরু থেকেই খেলোয়াড়দের কাছ থেকে মাঠের পারফরম্যান্সটা পুরোপুরি পাইনি। কোথাও যেন একটা ঘাটতি ছিল।

* সেই ঘাটতিটা কী?

মারুফুল: মূল বিষয় হলো দল পারফর্ম করতে পারেনি। জাহিদের শৃঙ্খলা ভাঙার ব্যাপারটা এবং কয়েকজন খেলোয়াড়ের চোটও প্রভাব ফেলেছে বঙ্গবন্ধু কাপে। রাইট ব্যাক নাসির, ওয়ালি খেলতে পারেনি। বাহরাইন ম্যাচে মামুনুল ইনজেকশন নিয়ে প্রথমার্ধ খেলেছে। ফিট এমিলিকে তো পেলামই না।

* দূর থেকে জাতীয় দল দেখেছেন। সেই জাতীয় দলকে নিজেই নাড়াচাড়া করে কী পার্থক্য খুঁজে পেলেন?

মারুফুল: পার্থক্য অনেক। ক্লাব ও জাতীয় দল দুটির মেজাজ-মর্যাদা আলাদা। আমাদের খেলোয়াড়দের কেউ কেউ ক্লাব আর জাতীয় দলের পার্থক্যটা আসলে সেভাবে বুঝতে পারে না। ফলে পারফরম্যান্সও প্রত্যাশিত মানে পেঁৗছায়নি। তা ছাড়া ক্লাবে অনেক সময় এই ফুটবলাররা বিদেশিদের ওপর নির্ভরশীল থাকে। কিন্তু জাতীয় দলে কাজটা তাদেরই করতে হয়। সেটা করতে গেলেই বোঝা যায় আসলে আমরা কোথায় আছি।

* বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্যই এতটুকু, কথাটা অনেকবারই বলেছেন। সত্যিই কি সামর্থ্যের অভাব?

মারুফুল: সামর্থ্যের অভাব বলতে ওরা যতটুকু জানে, সেটা যথেষ্ট নয়। আরও অনেক জানা-বোঝার ব্যাপার আছে। আধুনিক ফুটবলের তত্ত্বগুলো আমাদের খেলোয়াড়েরা ছোট থেকে শেখেনি। তাই আমি ওদের দোষ দেখি না।

* আর কী কী সমস্যা চোখে পড়েছে?

মারুফুল: সমস্যা অনেক। যেমন ধরুন, কখন, কিভাবে ক্রস করতে হবে—এসব তো এখন আর শেখানোর বিষয় নয়। কিন্তু আমাকে এগুলো হাতে-কলমে শেখাতে হয়েছে। তবু মাঠে ঠিকঠাক করা যায়নি। খেলোয়াড়দের ম্যাচ রিডিংটাও সেভাবে নেই। বল পায়ে এলে তবেই কিছু করার চেষ্টা থাকে। বল ছাড়াও যে খেলা যায়, ফুটবলারদের মাথায় তা থাকে কমই।

* গোল নষ্ট করা নিয়ে আপনি প্রায় প্রতিদিনই কথা বলেছেন। বাংলাদেশের স্ট্রাইকারদের পক্ষে সত্যিই কি আর ভালো কিছু করা সম্ভব নয়?

মারুফুল: হয়তো কিছুটা সম্ভব। তবে খুব বেশি নয়। একজন ভালো স্ট্রাইকারের গুণাবলি আমাদের মধ্যে পঞ্চাশ ভাগও নেই। কাউকে ছোট করছি না, কিন্তু ওই যে শুরু থেকেই স্ট্রাইকারদের গড়ে তোলা হয়নি! এমিলির মধ্যে হয়তো কিছু গুণ আছে, কিন্তু পরের দিকে ঘাটতিটা অনেক। কোন জায়গায় কখন মিট করতে হবে আমরা এখনো ঠিকভাবে জানি না। ফাঁকা বারেও মিস করি। ২৩ দিনে আমি প্রায় ১০ দিনই ফিনিশিং নিয়ে কাজ করেছি, তারপরও ম্যাচে ভুল হয়েছে অনেক। সহজ গোলও আসেনি। এর কারণ, সাধারণ বিষয়গুলোই তো নড়বড়ে। 

* বাইরে থেকে শোনা যায় জাতীয় দলে কোনো বন্ধন গড়ে ওঠেনি। সত্যিই কি এমন কিছু আপনি দেখেছেন?

মারুফুল: সত্যি বলতে, দলে বন্ধনটা আরও দৃঢ় হওয়া দরকার। নেপাল, মালদ্বীপের খেলোয়াড়দেরও দেখেছি সবাই একসঙ্গে খাচ্ছে, আড্ডা মারছে, প্রাণবন্ত সবাই। এটার অভাব দেখেছি আমাদের দলে। তা ছাড়া ফিটনেসের জন্য কী খাওয়া প্রয়োজন সেটাও আমাদের খেলোয়াড়দের অনেকের অজানা।

* অনেকে বলছেন জাতীয় দলকে এখন ঢেলে সাজানো উচিত। আপনার কী মত?

মারুফুল: ঢেলে সাজানোর খেলোয়াড় কই! তবে আমি মনে করি এই দলের ছয়-সাতজন খেলোয়াড়ের কাছে ফলপ্রসূ কিছু আশা না করাই ভালো। তাদের নিয়ে নতুন করে ভাবা উচিত।

* বাফুফের প্রতি আপনার পরামর্শ কী?

মারুফুল: তৃণমূলে নজর দিয়ে খেলোয়াড় তুলে আনতে হবে জরুরি ভিত্তিতে। একজন কোচ নিয়োগ দিয়ে এখনই কাজ শুরু হোক। শুভকামনা রইল নতুন কোচের জন্য।

* তাহলে জাতীয় দল নিয়ে আর কাজ করার ইচ্ছে রাখেন না আপনি?

মারুফুল: অন্তত বছর দুয়েক সময় পেলে ঠিক আছে। নইলে আর অল্প সময়ের জন্য জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নই।