'আমি ১০০০ শতাংশ নিশ্চিত ছিলাম'
>

১৯৭৬ সালে ইউরো ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে টাইব্রেকারে চেকোস্লোভাকিয়ার শেষ শটটি নিতে এগিয়ে আসেন তিনি। ইতিহাসের সামনে দাঁড়িয়ে আলতো এক চিপ করেন আেন্তানিন পানেনকা। আগেই বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সেপ মায়ার অবাক হয়ে দেখলেন বলটি কীভাবে তাঁকে ফাঁকি দিয়ে জড়িয়ে গেল জালে। ইউরো জিতল চেকোস্লোভাকিয়া। অমর সেই শটটির নামই হয়ে গেছে ‘পানেনকা’। সে ঘটনার ৪০ বছর পূর্তি ছিল কাল। বিখ্যাত সে শট নিয়েই স্প্যানিশ পত্রিকা মার্কার সঙ্গে কথা বলেছেন পানেনকা
* পেনাল্টি নেওয়ার জন্য এই বিশেষ শটের চিন্তা মাথায় এল কীভাবে?
পানেনকা: প্রতিদিন অনুশীলনের পর আমরা পেনাল্টি শট অনুশীলন করতাম আমাদের কিপার দেনেক হ্রুসকার সঙ্গে। মজা করার জন্য আমরা বাজি ধরতাম—টাকা, বিয়ার কিংবা চকলেট। হ্রুসকার কাছে আমি প্রতিদিন হারতাম। প্রতিদিন টাকা দিতে হচ্ছিল, তাই ওকে হারানোর উপায় খুঁজতে শুরু করলাম। জালের ঠিক মাঝখানে আলতো শট নেওয়ার কথা মাথায় এল। কারণ গোলরক্ষকদের পক্ষে ডাইভ দেওয়ার ইচ্ছেটা থামানো খুব কঠিন। আমি ওর সঙ্গে এটা করতে শুরু করলাম, সে-ও হারতে শুরু করল। সমস্যা ছিল একটাই, এর ফলে আমার ওজন বেড়ে গিয়েছিল, এত বিয়ার আর চকলেট সব আমার শরীরেই জমছিল!

* ৪০ বছর পর এখনো এই পেনাল্টি আপনার নামেই আছে। কী মনে হয়, ২০১৬ সালে এসে এই শটকে এখন স্বাভাবিক ধরে নেওয়াই ভালো?
পানেনকা: আগেই এটি অনুমান করা কঠিন। মানুষ এ নিয়ে অনেক কথা বলে, নতুন খেলোয়াড়েরা এটা অনুকরণ করে। তবে আপনি শুধু একবার ভেবেই এ শট নিতে পারেন না, সেটি হবে অনেক বড় ঝুঁকি। আপনাকে অনেক অনুশীলন করতে হবে, এটি আয়ত্ত করতে হবে। হঠাৎ ইচ্ছে হলো আর করলাম, এভাবে হবে না।
* আপনার পেনাল্টি এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, এ নিয়ে কী ভাবেন?
পানেনকা: অবশ্যই এটির জন্য আমি আনন্দিত ও গর্বিত। অনেকে জিজ্ঞাসা করে আমি বিখ্যাত হওয়ার জন্য এটি করেছি কি না, কিন্তু বিষয়টি তা নয়। আমার মনে হয়েছিল, এটাই সবচেয়ে ভালো ও সহজ উপায় গোল করার জন্য। আমার পেনাল্টি যে ফুটবল ইতিহাসের অংশ হয়ে যাবে, এটা আমি আশা করিনি।
* আপনার সতীর্থরা কেউ আটকানোর চেষ্টা করেননি? আপনি স্বাভাবিকভাবে পেনাল্টি নেওয়ার কথা ভাবেননি?
পানেনকা: না, আমি দুই মাস আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। সবাই সেটি জানত এবং কেউই আমাকে সিদ্ধান্ত বদলাতে বলেনি। এমনকি কোচরাও বলেছে যে যেভাবে পেনাল্টি নিতে স্বচ্ছন্দ, সেভাবেই যেন নেয়। একমাত্র আমাদের গোলকিপার ইভো ভিক্তর এর বিপক্ষে ছিল।
* কঠিন এক দায়িত্ব নিয়ে আপনি কি গোল করার ব্যাপারে নিশ্চিত ছিলেন?
পানেনকা: আমি যা করতে চেয়েছি, ঠিক তাই হয়েছে। উলি হোয়েনেস পেনাল্টি মিস করল। এবং ওরা কেউ আমার শটের কথা জানত না। মেয়ার তো বোহেমিয়ায় গিয়ে আমাদের ম্যাচ দেখেনি, তাই তার কোনো ধারণাই ছিল না, আমি এ রকম কিছু করতে পারি। আমি ১০০ না ১০০০ শতাংশ নিশ্চিত ছিলাম, সবকিছু ঠিকঠাক হবে।
* পরে অনেকেই আপনাকে নকল করেছে। কে সেরা এবং কারটা সবচেয়ে জঘন্য ছিল?
পানেনকা: এত এত সেরা খেলোয়াড় এটি করার চেষ্টা করেছে—মেসি, ইব্রাহিমোভিচ, টট্টি, জিদান। এটা আমাকে আনন্দিত করে, এটা অসাধারণ। সবচেয়ে খারাপ হচ্ছে যেগুলোয় গোল হয়নি আর গোল হয়েছে যে শটগুলোয় তার সবগুলোই ভালো। অবশ্যই কিছু কিছু আছে যেগুলো একটু এগিয়ে থাকে। আমাকে একবার অনেকগুলো ‘পানেনকা’ দেখিয়েছিল একজন। আর্জেন্টিনার দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগে একজন একটি শট নিয়েছিল, আমার দেখা সেরা।
* ২০১২ ইউরোর সেমিফাইনালে সার্জিও রামোসের পানেনকার কথা মনে আছে?
পানেনকা: আমি অবাক হয়ে গিয়েছিলাম। অনেকেই হয়েছিল, কারণ রামোস তো সেন্টারব্যাক!