'আমির আমাদের ধোঁকা দিয়েছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ওয়াকার ইউনিস।
ওয়াকার ইউনিস।
ফাস্ট বোলিংয়ের কিংবদন্তি তিনি। নব্বইয়ের দশকে ওয়াসিম আকরামের সঙ্গে গড়ে তুলেছিলেন ভয়ংকর এক পেস জুটি। অবসরের পর কোচিংয়ে এসেও সফল ওয়াকার ইউনিস। পাকিস্তানকে গড়ে তুলেছেন সফল এক টেস্ট দল হিসেবে। ক্রিকইনফোর সঙ্গে কথা বললেন কোচ ওয়াকার

* কোচ হিসেবে আপনার লক্ষ্য কী এবং সে পথে কত দূর এগিয়েছেন?

পাকিস্তানকে আমি পৃথিবীর সেরা দল হিসেবে দেখতে চাই। নব্বইয়ের দশকে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। আমি আবারও সেটা করতে চাই। জানি পাকিস্তানে অনেক সমস্যা আছে। এখানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। খেলোয়াড়দের মধ্যে আগের সেই আবেগও নেই। আমি সেই আবেগটা ফিরিয়ে আনতে চাই। ভুল মেনে নেওয়া যায় কিন্তু সাংঘাতিক ভুল মানা যায় না।
* আপনার কোচিং-দর্শন কী?
আমি ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে চাই। আমি টিমওয়ার্কের ধারণাটা দলে আনতে চাই। নব্বইয়ের দশকে ব্যাপারটা ভিন্ন ছিল। আমাদের দলে অনেক ম্যাচ উইনার ছিল এবং টিমওয়ার্ক তেমন জরুরি ছিল না।
জানেন যে ওয়াসিম আকরাম বা অন্য কেউ কিংবা আমি একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারতাম। এখন প্রতিভা থাকলেও আমাদের দল হিসেবে পারফর্ম করতে হয়। যদি ওয়াহাব রিয়াজ এক প্রান্ত থেকে ভালো বল করে তখন অন্য প্রান্ত থেকেও অন্যদের ভালো বল করতে হবে। ব্যাটিংয়ে জুটি গড়তে হবে, বোলিংয়ে জুটি বেঁধে বল করতে হবে এবং ফিল্ডারদেরও সক্রিয় হতে হবে।
* ফিলিপ হিউজের মৃত্যুর পর ফাস্ট বোলিং কীভাবে বদলে গেছে?
ওটা একটা দুর্ঘটনা ছিল এবং আপনি খেলাটা বদলাতে পারবেন না। আপনি মাঠে যান প্রতিদ্বন্দ্বিতা করতে, কাউকে আঘাত করতে নয়। কিন্তু বাউন্সার দেওয়াটা খেলারই অংশ।
* ইমরান খান থেকে শোয়েব আখতার—রিভার্স সুইংয়ের কৌশল হাতবদল হয়েছে প্রজন্মান্তরে। কিন্তু এখন মনে হচ্ছে সেই তারটা কেটে গেছে। এ জন্য ওয়াসিম ও ওয়াকারের দায় কতটা?
আপনারা যাঁদের কথা বললেন তাঁরা সবাই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারতেন। সে জন্যই রিভার্স সুইং পেতে অসুবিধা হয়নি। পাকিস্তান তো বটেই, পুরো বিশ্বজুড়েই মানুষ এটা বুঝতে চায় না যে রিভার্স সুইং গতির ওপর নির্ভরশীল। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে আপনার একটি নির্দিষ্ট গতি থাকতেই হবে। আপনি এরপরও যদি ওয়াসিম ও ওয়াকারকে দোষ দিতে চান তবে দিতে পারেন। কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো অবশ্যই ধর্তব্যের মধ্যে নিতে হবে।
* শোনা যায় মুশতাক আহমেদ খেলোয়াড়দের প্রতি কোমল হলেও আপনি বেশ কঠোর...
আমরা বাবা ও মায়ের ভূমিকায় কাজ করি। আমরা একে অপরের পরিপূরক। সবকিছু সঠিক পথে রাখতে, কোচিং করানোর জন্য আপনাকে অনেক কথা বলতে হবে। ড্রেসিংরুমে কী হয় সেটা আমি বলব না। কিন্তু আমি মনে করি আবহটা খুব ভালো।
* পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের বেশির ভাগই এশিয়ায়। এশিয়ার বাইরে টেস্ট না খেলায় সেটি কি দলের উন্নতিতে বাধা হতে পারে?
আমাদের সাফল্য যে এশিয়াকেন্দ্রিক এ নিয়ে আমি পুরোপুরি একমত। কিন্তু আমরা কী করতে পারি? ভালো করলে কৃতিত্বটা আমাদের দেওয়া উচিত। এশিয়ার বাইরে খেলছি না বলে আমাদের বিচার করতে পারেন না। সব কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদের আছে বলেই আমার বিশ্বাস। এমনিতেই ঘরের মাটিতে খেলার সুযোগ পাই না। তার ওপর বিদেশেও খেলার সুযোগ পাই খুব কম। আমরা এ নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছি।
* মোহাম্মদ আমিরকে দলে ফেরানোর ব্যাপারে আপনার মত কী?
কাউকে নিয়েই আমার কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় দলে ফেরানোর আগে আমি ওকে অন্তত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলতে দেখতে চাই। সে এরই মধ্যে তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি শাস্তি পাওয়ার পর কাউকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। ওকে চাপ ছাড়া খেলতে দিন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে দিন। বোলিংয়ে উন্নতি করতে দিন। তারপর আমরা ভেবে দেখব।
* আপনি কি তাঁকে ক্ষমা করেছেন? ২০১০ সালে আপনিই ছিলেন প্রধান কোচ। আমির আপনাকেও ধোঁকা দিয়েছিল।
পুরো বিশ্বই তাকে ক্ষমা করেছে। সে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছিল এবং সে জন্য শাস্তিও পেয়েছে। তাকে জেলে পাঠানো হয়েছিল। আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া উচিত।