'আর বড় স্বপ্ন দেখি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন আক্তার রত্না
শারমিন আক্তার রত্না
অনেক সম্ভাবনা নিয়ে তাঁর আবির্ভাব। কিন্তু একটা জায়গায় পৌঁছে থমকে গেলেন শারমিন আক্তার রত্না। তবে আবার ঘুরে দাঁড়াতে চান আগামীকাল দিল্লিতে শুরু এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে। এসব নিয়েই কথা বললেন এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী এই শ্যুটার

* বছর খানেক পর আবার আন্তর্জাতিক শ্যুটিংয়ে যাচ্ছেন। মাঝখানে তো মনে হয়েছিল হারিয়েই যাচ্ছেন...
শারমিন আক্তার রত্না: ঠিক হারিয়ে যাইনি, কিন্তু যেভাবে এগিয়ে চলার কথা ছিল, সেটাও হয়নি। শ্যুটিংয়ে আছি বলতে পারেন, তবে এভাবে থাকার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাই না। এসব ভাবলে মন খারাপ হয়, কিন্তু কী করার আছে।
* আপনার মধ্যে তো সবাই অনেক সম্ভাবনা দেখেছিলেন। সেই আপনিই এখন শ্যুটিংয়ে আনন্দ পান না। কারণটা কী?
রত্না: আসলে নিজের সম্ভাবনাটা কাজে লাগাতে পারলাম না। পারিপার্শ্বিকতা একটা কারণ হতে পারে। প্রত্যাশার চাপও নিতে পারিনি। দুটোই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
* ২০১০ এসএ গেমসে ব্যক্তিগত ও দলীয় সোনা, কমনওয়েলথ শ্যুটিংয়ে সাদিয়াকে নিয়ে সোনা। সেই আপনি কখনো ভেবেছেন যে এভাবে পথ হারাবেন?
রত্না: না, আমি ভাবিনি। আমার তো তরতর করে ওপরে ওঠার কথা। সুযোগগুলো কাজে লাগিয়ে উজ্জ্বল একটা ভবিষ্যতের ছবি আঁকা উচিত ছিল। কিন্তু গত দুটি এশিয়ান গেমসেই খারাপ হয়ে গেল। অলিম্পিকেও প্রত্যাশা অনুযায়ী হয়নি। ২০১০ কমনওয়েলথে সপ্তম, গতবার ষষ্ঠ। এই সময়ে ভাগ্যও সঙ্গে ছিল না। সত্যি বলতে এখন আর শ্যুটিং নিয়ে বড় স্বপ্ন দেখি না।
* এর অর্থ কী, শুটিংয়ে ভালো কিছু করার বিশ্বাস আর নেই আপনার?
রত্না: খোলাখুলি যদি বলি, নিজের ওপর বিশ্বাসটা কমে গেছে। সামর্থ্য হয়তো আছে, এখনো ভালোই স্কোর করছি। কিন্তু ওই যে আত্মবিশ্বাসে ধাক্কা খাওয়া, বড় কিছু করার স্বপ্ন না-দেখা, এসব নেতিবাচক জিনিস আমার মধ্যে ঢুকে গেছে।
* তাহলে জানুয়ারির এসএ গেমসে আপনার কাছে বড় কিছু আশা করতে বারণ করছেন?
রত্না: দেখুন, আমি তো এটা বলব না গেমসে খারাপ করতে চাই। এটা কেউ বলে না। তবে সমস্যা হলো, এসএ গেমসটা শ্যুটিংয়ের নতুন নিয়মে হবে নাকি পুরোনো নিয়মে, সেটাই জানি না। নতুন নিয়মে ভালো করা বেশ কঠিনই হবে।
* নতুন নিয়মটা কী?
রত্না: মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলে আগে ৪০ শটের প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ছিল ১০, মোট ৪০০। এখন প্রতিটি শটে সর্বোচ্চ ১০.৯। ৪০ শটে স্কোর ৪৩৬। আগে সরাসরি ১০ বা ৯ বা ৮ স্কোর হতো প্রতি শটে। এখন ভগ্নাংশও যোগ হচ্ছে। যেমন ১০.৪ বা ৯.৬। এই প্রক্রিয়ায় আমাদের জন্য স্কোর ৪১৬-১৭-এর বেশি করা কঠিন, বিশ্ব রেকর্ডই ৪২২ প্লাস। তবু দেখা যাক, কত দূর কী করতে পারি!
* নিয়ম কঠিন হলেও আপনি গত এসএ গেমসের ১০ মিটারের সোনাজয়ী হওয়ায় সবাই আপনার কাছ থেকে পদক আশা করবেই...
রত্না: নিজের সেরাটা আমি দেব। ১০ মিটারে সোনা ধরে রাখতে চাইব। তবে এবার ৫০ মিটার প্রোন ও থ্রি-পজিশনও করব। তিনটিতেই পদক জিততে চাইব।
* মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলই বাংলাদেশের সবচেয়ে বেশি আশার ইভেন্ট ছিল কিছুদিন আগেও। এখন আর তা নয় কেন?
রত্না: অনেক কারণই আছে। যেমন ধরুন, পাঁচ বছর আগে কমনওয়েলথ শ্যুটিংয়ে দলীয় সোনা জয়ে আমার সঙ্গী সাদিয়া এখন জাতীয় দলের ক্যাম্পেই নেই। জাতীয় প্রতিযোগিতায় ও অংশ না নেওয়ায় ডাক পায়নি। গত এসএ গেমসে আমার ও সাদিয়ার সঙ্গী তৃপ্তির স্কোর আমার চেয়ে বেশ কম। এ কারণেই দলটা দুর্বল হয়ে গেছে।