
সম্প্রতি নেপালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন। এই সুবাদে সরাসরি আগামী বিশ্বকাপে খেলবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কাল দেশে ফিরে টুর্নামেন্ট নিয়ে বললেন নিজের অভিজ্ঞতার কথা। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে নিজের সেরাটাকে ছাড়িয়ে যাওয়ার
. কেমন হলো এবারের টুর্নামেন্ট?
জিয়াউর রহমান: টুর্নামেন্টটা খুবই ভালো গেছে। মূলত এই অঞ্চলে (৩.২ জোন) যে ৬টা দেশ খেলে (বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ) এদের মধ্যে বাংলাদেশের দাবাড়ুরাই বেশি অভিজ্ঞ। এবার ভুটান ও মালদ্বীপ খেলেনি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই। এটা আমাদের জন্যই ভালো। একটা সময় পাকিস্তান অবশ্য ভালো দাবা খেলত, কিন্তু এখন ওদের ফেডারেশনের অবস্থা তত ভালো না। এ কারণেই পাকিস্তানিরা আমাদের সঙ্গে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে না। আর ভারত আমাদের অঞ্চলে নেই বলে একটু বাড়তি সুবিধাই পেয়েছি।
. সেটা কেমন?
জিয়াউর: প্রতিযোগিতার নিয়ম অনুসারে চ্যাম্পিয়ন দাবাড়ু সরাসরি বিশ্বকাপে খেলবেন। আমি তাই আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেলাম।
. আপনি তাহলে তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন?
জিয়াউর: হ্যাঁ। আগের দুবার আমি তত ভালো খেলতে পারিনি। এবার আশা করি ভালো খেলব। এবারের বিশ্বকাপ হবে আগামী সেপ্টেম্বরে, আজারবাইজানে। হাতে অনেক সময় পাব প্রস্তুতি নেওয়ার।
. এই বিশ্বকাপ ঘিরে আপনার পরিকল্পনা একটু খুলে বলবেন?
জিয়াউর: গত দুবারের চেয়ে আরও ভালোভাবে এবার প্রস্তুতি নিতে চাই। এ জন্য যতটা অনুশীলন করার করব। ভারতে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। চেষ্টা করব আরব আমিরাতে এশিয়ান কন্টিনেন্টাল বাছাইপর্বে খেলতে।
. বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুরা বেশির ভাগ সময়ই প্রথম রাউন্ডেই বাদ পড়ে যান। এর কারণ কী?
জিয়াউর: একটাই কারণ, র্যাঙ্কিং। আমাদের র্যাঙ্কিং থাকে কম, খেলতে হয় সেরাদের সঙ্গে। আমার নিজের রেটিং ২৫০০-এর ঘরে। রেটিং বাড়াতে পারছি না, এটা আমারই ব্যর্থতা। তবে চেষ্টা করব এবার বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট করতে।
. এ ক্ষেত্রে ফেডারেশন থেকে কী সহযোগিতা আশা করেন?
জিয়াউর: গত এশিয়ান কন্টিনেন্টাল গেমসে যেমন অন্যের অনাগ্রহের (জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব) জন্য আমি রানার্সআপ হিসেবে খেলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবার চাইব যেন অন্তত ৪-৫ জন দাবাড়ু এমন বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। গত বছর ইউরোপে ২-৩টি টুর্নামেন্ট নিজের খরচে খেলেছি। শেষ দিকে এসে কুলিয়ে উঠতে পারিনি বলে ভারতে খেলেছি। আসলে সবার আগে আমি নিয়মিত প্র্যাকটিসে থাকতে চাই। সেটা যেভাবেই হোক না কেন। আমার মতে, ফেডারেশনের এদিকে আরেকটু নজর দেওয়া উচিত। যদিও আমাদের নতুন সভাপতি (র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ) দায়িত্ব নিয়েই অনেক সহযোগিতা করছেন।
. এর আগে শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবায় নর্ম পূরণ করে আইএম হয়েছিলেন শামীমা আক্তার লিজা। এবার নেপালে নর্ম পেলেন নাজরানা খান ইভা। মেয়েদের দাবা নিয়ে কী বলবেন?
জিয়াউর: মহিলা দাবাড়ু উঠে আসছে না বললেই চলে। নতুন দাবাড়ু একেবারেই নেই। শিরিন-লিজারা তো বিয়ের পর তবুও খেলছে। লিজার স্বামী ইউরোপে (পর্তুগালে) থাকে, সেই সুবাদে ও সেখানে নিয়মিত খেলছে। কিন্তু অন্যদের সেই সুযোগ নেই। এদের সবার আরও টুর্নামেন্ট খেলতে হবে।
. প্রতিবারই বিশ্বকাপে যাওয়ার আগে পৃষ্ঠপোষক নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় আপনাকে। এবার কী ভাবছেন?
জিয়াউর: আগেই বলেছি আমাদের নতুন সভাপতি অনেক ক্রীড়াপ্রেমী। উনি থাকলে আশা করি স্পনসরের অভাব হবে না।