'আসলে ওদের দোষ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ান শুয়িশলা
ক্রিস্টিয়ান শুয়িশলা

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের গোলরক্ষক কোচ ছিলেন। দলের বাজে পারফরম্যান্সের পর নতুন গোলরক্ষকের খোঁজ করে এলেন সম্প্রতি বিকেএসপিতে গিয়ে। জার্মান গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান শুয়িশলার আজ ফিরে যাচ্ছেন দেশে। যাওয়ার আগে স্থানীয় গোলকিপারদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় বলে দিয়েছেন
. আপনি নাকি নতুন গোলকিপারের খোঁজে বিকেএসপি গিয়েছিলেন? তা সেখানে কতজনকে পেয়েছেন?
ক্রিস্টিয়ান শুয়িশলার: বিকেএসপিতে আমি সাতজন গোলকিপারকে পছন্দ করেছি। এদের নাম, ছবি, জন্মতারিখ, উচ্চতা-ওজনসহ বিস্তারিত সবকিছু নিয়ে একটা গোপন প্রতিবেদন দিয়েছি বাফুফের সাধারণ সম্পাদককে। তিনি সেটা দেবেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে।
. শুধু কি বিকেএসপির গোলকিপারদের প্রসঙ্গে সেখানে লিখেছেন?
শুয়িশলার: না। জাতীয় দলের চার-পাঁচজন সম্পর্কেও বিস্তারিত লিখেছি।
. এই কদিনে বাংলাদেশের গোলরক্ষকদের সম্পর্কে কেমন ধারণা হলো?
শুয়িশলার: মাত্র তিন সপ্তাহে পুরোটা বোঝা কঠিন। একটু সময় দিতেই হবে। গোলকিপিং বিষয়টা জটিল। তবে একটা কথা বলতে পারি, বাংলাদেশে অনেক তরুণ গোলকিপার আছে যারা খুবই সম্ভাবনাময়। প্রতিভাবানও। কিন্তু সমস্যাটা হলো ওদের কোনো পর্যায়েরই কোচিং ও ট্রেনিংয়ের অভিজ্ঞতা নেই।

. সেটা কেমন?

শুয়িশলার: ওরা ট্যাকটিক্যাল বিষয়গুলো খুব সহজে বুঝে উঠতে পারে না। এটা ২০১৫ সাল। এখন যেকোনো দলের জন্যই একজন হাইপ্রোফাইল গোলকিপিং কোচ দরকার। আপনি ইউরোপের দিকে তাকালে দেখবেন দলের গোলকিপারের ভূমিকা শুধু গোলকিপিংয়েই সীমাবদ্ধ নয়। গোলকিপারের স্কিল অন্য খেলোয়াড়ের মতোই থাকা দরকার। জানা দরকার ট্যাকটিক্যাল বোঝাপড়া। তাকে জানতে হবে কীভাবে রক্ষণটা গড়ে ওঠে, জানা দরকার সেট পিসের সময় কী করতে হবে। কখন বেরিয়ে আসতে হবে। কখন আক্রমণাত্মক হতে হবে। বাংলাদেশের গোলকিপারদের মধ্যে এগুলোরই অভাব। তবে...।

. তবে কী?

শুয়িশলার: তবে সমস্যাটা শুধু বাংলাদেশেরই নয়। এটা এশিয়ান গোলকিপারদেরই বড় সমস্যা। আমি সৌদি আরবে গিয়েও এটা দেখেছি। কোচিং মানে এই নয় যে কেউ একজন মাঠে এল, এরপর এক শ বা দুই শ বার বল জালে শ্যুট করল। এরপর বলা হলো যে এটা করো, ওটা করো। কোচিং মানে কোন জিনিসগুলো গোলকিপারের সুবিধা, আর কোনটা অসুবিধা সেটাও পর্যবেক্ষণ, বিশ্লেষণ করতে হবে। এরপর সেটা নিয়ে কাজ করতে হবে।

. তো বিকেএসপির গোলকিপারদের কেমন দেখলেন?

শুয়িশলার: বিকেএসপির ছেলেদের আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কেমন ট্রেনিং করেছ। এটা করেছ, ওটা করেছ? তারা একসঙ্গে বলল, স্যরি স্যার। আমরা আগে এভাবে কখনোই অনুশীলন করিনি। আমাদের কোনো স্পেশাল গোলকিপিং কোচ নেই। তাহলে ওরা উন্নতি করবে কীভাবে? আসলে ওদের দোষ নেই। আপনি যদি গোলকিপিংয়ে ভালো কিছু করতে চান তাহলে গোলকিপার কোচ লাগবেই। যাদের ক্রীড়াবিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড আছে তাদের মাধ্যমে শেখাতে হবে।

. আপনি বাফুফেকে এসব বলেছেন?

শুয়িশলার: হ্যাঁ, আমি বাফুফেকে জানিয়েছি এদের নিয়ে অনেক কাজ করতে হবে। এখন পুরোটাই ফেডারেশনের ব্যাপার। আমি এ জন্য আবারও আসতে আগ্রহী। কাজ করতে আগ্রহী।

. বাংলাদেশে তো খর্বকায় গোলকিপার বেশি। লম্বা গোলকিপার কি দলের সাফল্য বদলে দিতে পারে?

শুয়িশলার: বিষয়টা উচ্চতার না। খর্বকায় গোলকিপারও টেকনিক জানা থাকলে, ভালো টাইমিং থাকলে বক্সে দাঁড়িয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। দেখতে হবে গোলকিপারের কোয়ালিটি, বেসিক গোলকিপিং স্কিল-টাইমিংয়ের ব্যাপারটা। অবশ্য দুজনের একই প্রতিভা থাকলে লম্বাজনকেই বেছে নেব।