'ইংল্যান্ড ছেড়ে যাওয়া আমার ভুল ছিল'
বিতর্কিত কাণ্ডকীর্তির দিক থেকে যে সুয়ারেজের প্রায় যোগ্য বিকল্প, তাতে সন্দেহ নেই কোনো। কিন্তু পারফরম্যান্স দিয়ে কি কিছুদিন আগে লিভারপুল ছেড়ে যাওয়া উরুগুইয়ান স্ট্রাইকারের বিকল্প হতে পারবেন মারিও বালোতেল্লি? ২০ মিলিয়ন ইউরোতে মিলান ছেড়ে অ্যানফিল্ডে পাড়ি জমানো ইতালিয়ান স্ট্রাইকারকে নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। কেমন হবে তাঁর লিভারপুলে পথচলা, আবারও প্রিমিয়ার লিগে ফেরার অনুভূতিটাই বা কেমন—এমন আরও অনেক প্রশ্নের জবাব দিলেন বালোতেল্লি পরশু লিভারপুল ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে
লিভারপুলের কোন বিষয়টা আপনাকে এখানে আসতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে?
বালোতেল্লি: এটা ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। এখানকার ফুটবল আকর্ষণীয়। তরুণদের নিয়ে গড়া ওদের দলটাও চমৎকার। এ কারণেই আমি লিভারপুলে এসেছি।
সমর্থকেরা তো ইতিমধ্যে আপনাকে দারুণ অভ্যর্থনা দিয়েছে। সেই অনুভূতিটা কেমন?
বালোতেল্লি: সত্যি কথা বললে, আমি এতটা আশা করিনি। কারণ আমি তো সব সময় লিভারপুলের বিপক্ষেই খেলেছি। আর লিভারপুলের বিপক্ষে খেলতাম, তখন তাদের সমর্থকদের সঙ্গে আমার খুব একটা জমেনি। কিন্তু ফুটবলে সেটাই স্বাভাবিক। এখন লিভারপুলের হয়ে খেলব, সমর্থকদের মধ্যেও তাই আমাকে ঘিরে প্রত্যাশাটা দেখতে পাচ্ছি। ওরা খুবই আনন্দিত। ওদের দেখে একই সঙ্গে আমিও আনন্দিত।
আপনি আগে একবার বলেছিলেন অ্যানফিল্ডে খেলা একটা দারুণ অভিজ্ঞতা। প্রতিপক্ষ হিসেবে অ্যানফিল্ডে খেলাটা কি আসলেই উপভোগ করেছেন?
বালোতেল্লি: না। তবে আমি যখন এই ক্লাবের হয়ে খেলব, তখন ব্যাপারটা উপভোগ্য হবে এতে সন্দেহ নেই। লিভারপুলের হয়ে খেলব ভেবে আমি রোমাঞ্চিত, কিন্তু প্রতিপক্ষ হিসেবে এখানে খেলা খুবই কঠিন।
এমন তরুণ বয়সেও আপনার যথেষ্ট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা কি আপনি লিভারপুলের তরুণ দলটাকে সাহায্য করার কাজে লাগাতে পারবেন?
বালোতেল্লি: হয়তো অন্যদের চেয়ে আমার অভিজ্ঞতা একটু বেশি। যদি সাহায্য করতে পারি, আমার খুব ভালো লাগবে।
পাঁচ বছর পর লিভারপুল চ্যাম্পিয়নস লিগে খেলবে। এই টুর্নামেন্টে আপনার তো অসাধারণ সব স্মৃতি। ইন্টার মিলানের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন, ২০১০ সালে শিরোপাও জিতেছেন। এই অভিজ্ঞতাটা কি লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে সাহায্য করবে?
বালোতেল্লি: আমি সব সময় জয়ের ইচ্ছা নিয়েই একটা টুর্নামেন্ট শুরু করি। দেখা যাক। আমি তো চাই-ই আবারও চ্যাম্পিয়নস লিগ জিততে। তবে আগের জয়টাও কিন্তু শুধু আমার ছিল না, আমি জয়ী দলের একজন খেলোয়াড় ছিলাম। আমি এই দলটাকেও জেতাতে চাই।
প্রায় দেড় বছর আপনি ইংলিশ ফুটবল থেকে দূরে ছিলেন। এখানে ফিরে আসার অনুভূতিটা কেমন?
বালোতেল্লি: ফিরে এসে ভালো লাগছে। কারণ ইংল্যান্ড ছেড়ে যাওয়াটা আমার ভুল ছিল। আমি ইতালি ফিরতে চেয়েছিলাম। কিন্তু গিয়ে বুঝলাম, আমি ভুল করেছি।
আপনি কি মনে করেন ইংলিশ ফুটবলই আপনার সঙ্গে বেশি মানানসই?
বালোতেল্লি: ইংলিশ ফুটবল তুলনামূলকভাবে ভালো। ইংলিশ ফুটবল সুন্দর।
লিভারপুলের হয়ে আপনি ৪৫ নম্বর জার্সি গায়ে খেলবেন। এই জার্সির কোনো বিশেষ মাহাত্ম্য?
বালোতেল্লি: তরুণ বয়সে ইন্টার মিলানের হয়ে খেলা শুরু করার সময় আমি ৪৫ নম্বর জার্সিটা নিয়েছিলাম। তখন ইন্টারে তরুণ খেলোয়াড়দের জন্য ৩৬ থেকে ৫০ নম্বরের জার্সিগুলো রাখা হয়েছিল। আমি ৪৫ নম্বরটা নিয়ে ছিলাম, কারণ মজা করে আমি তখন বলতাম, ৪ আর ৫ যোগ করলে তো ৯ হয়। ওই জার্সি পরেই আমি প্রথম চারটা ম্যাচে গোল করলাম। ওটাই আমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল, তাই পরে সব সময়ের জন্য ৪৫ নম্বরটাই রেখে দিলাম।