>গত সেপ্টেম্বরে যুব এশিয়া কাপের দলে ছিলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। জাতীয় যুব হকিতে সুযোগ পেয়েই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সোহানুর রহমান। বিকেএসপির ডিফেন্ডারের চোখে এখন জাতীয় দলে খেলার স্বপ্ন
* ৬ ম্যাচে সর্বোচ্চ ২০ গোল। টুর্নামেন্ট শুরুর আগে কি এতটা ভেবেছিলেন?
সোহানুর রহমান: মনের মধ্যে একটা আশা পুষে রেখেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আমিই সর্বোচ্চ গোলদাতা হব। কিন্তু এতগুলো গোল করব তা ভাবিনি। স্বপ্নটা সত্যি হয়েছে বলে খুব ভালো লেগেছে।
* আপনি তো বেশির ভাগ গোলই করেছেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে। কাউকে অনুসরণ করেন?
সোহানুর: দেশের মধ্যে পিসি স্পেশালিস্ট চয়ন (মামুনুর রহমান) ভাই, আশরাফুল ভাইদের খেলা ভালো লাগে। আর দেশের বাইরে ইংল্যান্ডের অ্যাশলি জ্যাকসনের বড় ভক্ত। ওনার মতো ফ্লিকার হতে চেষ্টা করি। ইংল্যান্ডের কোনো ম্যাচ হলেই আমি খেলা দেখতে বসে যাই টিভির সামনে।
* এবার কেমন অনুশীলন করেছিলেন?
সোহানুর: বিকেএসপিতে যখন প্রতিদিন অন্যরা অনুশীলন শুরু করে, এর ঠিক আধা ঘণ্টা আগে এসে আমি শুরু করি। প্রতিদিন অন্তত ৩০০ বলে হিট করি। ড্র্যাগ ফ্লিক করার চেষ্টা করি। পেনাল্টি কর্নারে আরও হাত পাকাতে চাই আমি।
* আপনি তো জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছেন। চূড়ান্ত দলে জায়গা পেতে কতটা আশাবাদী?
সোহানুর: জাতীয় দলের ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দলে সুযোগ তো আর পাইনি। আমার পজিশনে বর্তমানে অনেকেই রয়েছেন। এই যেমন চয়ন ভাই, কৌশিক ভাই, আশরাফুল ভাই। ওনাদের টপকেই জাতীয় দলে ঢুকতে চাই। এ জন্য আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আরও ভালো খেলতে হবে।
* আপনি বিকেএসপিতে সুযোগ পেলেন কীভাবে?
সোহানুর: আমার বাবা বিকেএসপির নিরাপত্তা প্রহরী। বাবার সঙ্গেই আমি বিকেএসপিতে থাকি। সবাই যখন ক্রিকেট খেলতে যেত, আমি যেতাম হকি মাঠে। হকির অনুশীলন দেখতাম। এরপর একদিন তৃণমূল পর্যায়ের বাছাই হয়। সেখানে আমি টিকে যাই। কোচ রাজু স্যার আমাকে দেখে বললেন, তোর ফিটনেস ভালো। তুই লম্বা-চওড়া আছিস। তোকে দিয়ে হকিটা ভালো হবে। এরপর চূড়ান্ত ট্রায়ালে টিকে গেলাম। সেই থেকে নিয়মিতই হকি খেলছি।
* পরিবার থেকে কেমন সমর্থন পান?
সোহানুর: বাবা কখনো রাগ করেননি খেলা নিয়ে। আমার বড় ভাই রোকনুজ্জামানও সেনাবাহিনী দলে হকি খেলেন। উনি আমার অনুপ্রেরণা। ভাই জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। তবে আমি নিয়মিতই খেলতে চাই জাতীয় দলে।
* এই টুর্নামেন্টে বেশির ভাগ দলই তো দুর্বল, এ জন্যই কি বেশি গোল হয়েছে?
সোহানুর: প্রতিপক্ষ কাউকেই ছোট করে দেখা ঠিক না। আমার ফরোয়ার্ড বন্ধুরা সব সময় চেয়েছেন আমাকে দিয়ে গোল করাবেন। এ জন্যই আমি পিসি নিতাম। বেশির ভাগ পিসি থেকেই গোল পেয়েছি। চেষ্টা করেছি দলকে ভালো একটা ফল এনে দিতে।