'ইউরোপীয় ঘরানার হকি খেলছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটছে বাংলাদেশ হকি দলের জয়রথ। হংকংয়ে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে কাল টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের পেছনের গল্প হংকং থেকে টেলিফোনে বললেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি

রাসেল মাহমুদ জিমি
রাসেল মাহমুদ জিমি

*  দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ। এতটা কি আশা করেছিলেন?
রাসেল মাহমুদ জিমি: ওদের হারাতে পারব, এই আত্মবিশ্বাস আগেই ছিল। কিন্তু এত বেশি গোলে হারাব, তা ভাবিনি। ফাইনালে উঠেছি বলে খুবই ভালো লাগছে। পরিকল্পনামতো লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি আমরা। দলের সবাই দায়িত্ব নিয়ে খেলেছি। আজ (গতকাল) যেভাবে খেলেছি কালও (আজ) যদি এভাবে খেলতে পারি তাহলে আশা করি চ্যাম্পিয়ন হয়েই ফিরব।
*  চার ম্যাচে বাংলাদেশ দিয়েছে ২৯ গোল। ইউরোপে কন্ডিশনিং ক্যাম্প করার জন্যই কি এমন ফল?
জিমি: আগে আমরা এক ধরনের হকি খেলতাম। এখন অন্য রকম হকি খেলছি। খেলা বাংলাদেশের টিভিতে দেখা যাচ্ছে না। তবে আমাদের খেলার ধরনটা দেখলে দর্শকেরা বুঝতে পারত যে কতটা বদলে গেছি।
*  টুর্নামেন্টে গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এটা কি আপনাদের জন্য চাপ হয়ে যাচ্ছে?
জিমি: চাপটাপ কিছু নেই আমাদের। অবশ্যই আমাদের একটাই লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়া। এখন আমরা ইউরোপীয় ঘরানার হকি খেলছি। এতে বল ৬০-৭০ ভাগ আমাদের নিয়ন্ত্রণেই থাকছে।
*  এই দলের জার্মান কোচ অলিভার কার্টজ ও উপদেষ্টা কোচ গেরহার্ড পিটার। এঁদের অধীনে আগেও তো খেলেছেন। কিন্তু তখন এমন সাফল্য ছিল না?
জিমি: এটা সত্যি তাঁদের অধীনে আগে খেলেছি। কিন্তু ওই সময় খেলা আয়ত্ত করতে পারিনি। এবার ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে, পোল্যান্ড-অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে দিনের পর দিন উন্নতি করেছি।
*  এবার হংকংয়ের দর্শকদের ব্যাপারে বলুন। মাঠে কেমন সমর্থন পাচ্ছেন।
জিমি: এখানে অনেক প্রবাসী বাংলাদেশি খেলা দেখতে আসছে। গতকালও আমাদের দাওয়াত করে খাইয়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। হংকংয়ে বাংলাদেশের কাউন্সিলর পরিবারসহ খেলা দেখতে আসেন। দর্শকেরা বিশাল পতাকা নিয়ে মাঠে আসেন। ওই পতাকা দেখলে বেশি ভালো খেলতে ইচ্ছা করে। বাড়তি অনুপ্রেরণা পাই।
*  গ্রুপ পর্বে তো তুলনামূলক দুর্বল দলগুলোর সঙ্গে জিতেছেন। এটা নিয়েও সমালোচনা হয়েছে হকি অঙ্গনে। 
জিমি: এই সমালোচনা আগে থেকেই হয়ে আসছে। ২০০৮ সাল থেকে যখন এই টুর্নামেন্টের বাছাইপর্ব খেলতে শুরু করি তখন থেকেই প্রশ্ন উঠছে কেন আমরা বাছাইপর্ব খেলি। কিন্তু কেউ চিন্তা করে না কেন খেলি...থাক সেসব। আমরা এখন টুর্নামেন্ট নিয়েই ভাবছি। চ্যাম্পিয়ন হতে এসেছি, চ্যাম্পিয়ন হয়েই ফিরব।
*  তিন ম্যাচে ৪ গোল করেছেন। নিজের পারফরম্যান্সে কতটুকু খুশি?

জিমি: আমি চেষ্টা করেছি সেরাটা খেলতে। দলও আমাকে সমর্থন দিয়েছে। অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব নেওয়ার পর সবাই যেভাবে সমর্থন দিয়েছে, সেটা খুব ভালো লেগেছে। আসলে জিতলে আমি একা জিতি না, পুরো বাংলাদেশই জেতে।