
বিশ্বকাপেই জানিয়ে দিয়েছিলেন সামর্থ্য। ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে কালকের প্রস্তুতি ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আরও উজ্জ্বল। পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় বড় ভূমিকা তাঁর ৯৯ বলে ১২৩ রানের। যেটি মূল সিরিজেও আত্মবিশ্বাস জোগাবে বলে নিশ্চিত সাব্বির রহমান
. মোহাম্মদ হাফিজ বলে গেলেন, এক দিনের ম্যাচে তাঁর দেখা অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন আপনি। নিজে এই ইনিংসকে কোথায় রাখবেন?
সাব্বির রহমান: প্রথমেই আমি দলের কথা বলব। দলের প্রয়োজনে ১ রান করাও অনেক বড় বিষয়। সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে পেরেছি বলে অনেক ভালো লাগছে। অনুশীলন ম্যাচ হোক আর আন্তর্জাতিক ম্যাচ, এটাই আমার প্রথম সেঞ্চুরি। খুব উপভোগ করেছি। তবে ম্যাচ জিতেছি, সে জন্যই বেশি ভালো লাগছে।
. আন্তর্জাতিক ম্যাচ হলে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হতেন আপনি...
সাব্বির: সেটা নিয়ে ভাবছি না। আমি আমার স্বাভাবিক খেলাই খেলেছি।
. প্রস্তুতি ম্যাচ হলেও পাকিস্তানের বিপক্ষে অনেক দিন পর জয় পেল বাংলাদেশ। সেটার অনুভূতি কেমন?
সাব্বির: এটা আসলে অনেক বড় ব্যাপার। ওরা অনেক বড় দল। অনুশীলন ম্যাচে তাদের হারানো মূল ম্যাচে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।
. প্রস্তুতি ম্যাচের হার কি পাকিস্তানকে চাপে ফেলে দেবে বলে মনে করেন?
সাব্বির: আমরা যখন বাইরে খেলতে যাই, প্রথম অনুশীলন ম্যাচেই হারলে মানসিকভাবে ভেঙে পড়ি। পাকিস্তানের চিন্তায়ও নিশ্চয়ই অনুশীলন ম্যাচে হারের ব্যাপারটা থাকবে। এটা প্রথম ম্যাচে কিছুটা হলেও প্রভাব ফেলবে তাদের ওপর। আমরাও চেষ্টা করব আরও ভালো খেলতে।
. পাকিস্তানের বোলিং কেমন দেখলেন?
সাব্বির: ওদের সব বোলারই খুব ভালো। হয়তো ওরা আমাকে একবার আউট করার সুযোগ মিস করেছে, কিন্তু ওরা ভালো বোলার।
. এই ম্যাচে চার নম্বরে ব্যাট করলেন। আন্তর্জাতিক ম্যাচেও কি চাইবেন আরও ওপরের দিকে ব্যাট করতে?
সাব্বির: আমি ব্যাটিং পজিশন নিয়ে কিছু বলতে চাই না। টিম ম্যানেজমেন্ট জানে আমি কোথায় খেলব। আমাকে যেখানেই খেলানো হোক না কেন, ভালো খেলার চেষ্টা করব; দলের প্রয়োজনীয় রান করার চেষ্টা করব। ৪-৫ নম্বর ভালো জায়গা। আমাদের দলে অনেক ভালো ভালো ব্যাটসম্যান এই দুই জায়গায় ব্যাটিং করে। আমাকে যেখানেই খেলানো হোক না কেন, আমি প্রস্তুত।
. যে অবস্থা থেকে দলকে ফিরিয়ে আনলেন, ব্যাটিংয়ে ও রকম বিপর্যয়ের পর সাধারণত বাংলাদেশ দল ম্যাচে ফেরে না। আজ (গতকাল) সেটা সম্ভব হলো কীভাবে?
সাব্বির: আমার বিশ্বকাপে ভালো খেলেছি। সেখান থেকে ভালো আত্মবিশ্বাস পেয়েছি। আশা করি, আত্মবিশ্বাসটা এই সিরিজে কাজে লাগবে। আর ইমরুল ভাই খুব ভালো সাহায্য করেছেন আমাকে। এ জন্য আমি স্বাধীনভাবে খেলতে পেরেছি।
. ম্যাচের ওই পরিস্থিতিতে পরিকল্পনাটা কী ছিল?
সাব্বির: আমরা চিন্তা করেছি, মারার বল পেলে মারব। ইতিবাচক থাকব। ইতিবাচক ছিলাম বলেই আমরা ভালো খেলেছি এবং ম্যাচ জিততে পেরেছি।