'উচ্চতাই সব নয়'
টেস্টে এবি ডি ভিলিয়ার্সের টানা ফিফটির রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে গিয়েও ছিলেন নির্লিপ্ত। কার্পণ্য সেঞ্চুরির পর ব্যাট তোলাতেও। তাঁকে নাকি এসব স্পর্শই করে না! তবে আসল বিস্ময়, ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা আর ৫৫ কেজি ওজন নিয়েও কীভাবে টেস্টের গড়টা এখনই ৫৬! ৯ ফিফটির সঙ্গে সেঞ্চুরিও করে ফেলেছেন চারটি। মুমিনুল হক কথা বলেছেন এসব নিয়েই—

* টানা ১২ টেস্টে ফিফটির রেকর্ডের একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন। যদিও আপনার দাবি, এ নিয়ে একদমই চিন্তিত ছিলেন না। কিন্তু এত বড় একটা রেকর্ডের অত কাছে গিয়েও তা নিয়ে না ভাবা কি সম্ভব!
মুমিনুল হক: আমি জানতামও না এ রকম একটা ব্যাপার আছে। আপনারা সাংবাদিকেরা বলার পরই জানলাম। তারপরও এ নিয়ে চিন্তা করিনি। কারণ আপনি যখন একটা লক্ষ্যে এগোবেন, এ রকম জিনিস সামনে আসাটা অস্বাভাবিক নয়। তা ছাড়া আমার ভেতরে এসব জিনিস সেভাবে কাজ করে না। এক শ করার পরও আমি স্বাভাবিক থাকি।
* কিন্তু কেন কাজ করে না? আপনার যে বয়স তাতে সেঞ্চুরি বা যেকোনো অর্জনেই তো বাড়তি উচ্ছ্বাস বা রোমাঞ্চ থাকার কথা...
মুমিনুল: হতে পারে আমি জিনিসটা প্রকাশ করতে পারি না। ভালো খেললে ভেতরে ভেতরে একটু আনন্দ হয়। কিন্তু সেটা কেন প্রকাশ করি না বা করতে পারি না, তা বলে বোঝাতে পারব না।
* খেলার বাইরে ব্যক্তিগত জীবনেও কি আপনি এ রকমই?
মুমিনুল: মোটামুটি...কোনো কিছুতেই খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে না। তবে এটা আমার নিজের ক্ষেত্রে। পরিবার বা নিকটাত্মীয়দের কারও খারাপ কিছু হলে আমি অনেক টেনশনে পড়ে যাই। ভালো খবরে আনন্দিত হই। শুধু নিজের বিষয়ে এক্সাইটমেন্ট কম। কারও সঙ্গে ঝগড়া করতে, তর্ক করতেও ভালো লাগে না।
* আপনি তো মোটামুটি টেস্ট খেলোয়াড় হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন। তো টেস্ট ক্রিকেটের সংজ্ঞা আপনার কাছে কী?
মুমিনুল: আমার দৃষ্টিতে টেস্ট ক্রিকেট আসলেই একটা ‘টেস্ট’। ব্যাটসম্যান, বোলারের পরীক্ষা। বোলাররা বিভিন্নভাবে একজন ব্যাটসম্যানের পরীক্ষা নেয়। ওয়ানডে ৫০ ওভারের খেলা। হয়তো ধুমধাম মেরে রান করে চলে আসলেন। কিন্তু টেস্টে ৫০, ১০০ বা ১৫০ করার পর নতুন করে শুরু করতে হয়। এক দিন পার করে পরদিন মাঠে এসে আবার নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে খেলতে হবে। পুরো জিনিসটা আমার কাছে পরীক্ষার মতোই মনে হয়।
* টেস্টের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে?
মুমিনুল: দীর্ঘ সময় ব্যাটিং করা যায়, এটাই বেশি ভালো লাগে। সবচেয়ে বড় কথা, টেস্ট খেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। টেকনিক থেকে শুরু করে সবকিছুরই উন্নতি হয়।
* ছোটখাটো, হালকা-পাতলা শরীর আপনার। তারপরও মাঝেমধ্যে যেসব শট খেলেন, সবাই একটু অবাকই হয়। শক্তিটা আসে কোত্থেকে?
মুমিনুল: (হাসি) আসলে আমিও বলতে পারব না কোত্থেকে আসে। হয়তো অনুশীলন করাতেই আসে। তবে উচ্চতাই সব নয়। শচীন টেন্ডুলকার বা আমাদের দেশের মুশফিক ভাইও খুব লম্বা নন। ওনারা যদি পারেন আমি পারব না কেন? আমাকেও তো আল্লাহ ওনাদের মতো হাত-পা সবই দিয়েছেন!
* ছোটখাটো শারীরিক গঠনের কারণে খেলতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না?
মুমিনুল: আমার মনে হয় উচ্চতার কারণে শক্তিটা একটু কম পাই। উচ্চতা বেশি হলে আরেকটু সুবিধা পেতাম। আবার এটাও চিন্তা করি, এ রকম উচ্চতা না হলে হয়তো এমন ব্যাটিং না-ও করতে পারতাম। জাতীয় দলে নাও খেলতে পারতাম। তারপরও কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। শক্তি আরেকটু বাড়ানো দরকার।
* উচ্চতার কারণে সমস্যায় পড়েছেন, এ রকম নির্দিষ্ট কোনো ঘটনার কথা কি বলবেন?
মুমিনুল: লম্বা বোলারদের খেলতে সমস্যা হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুর দিকে মরনে মরকেলকে খেলতে সমস্যা হয়েছে। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে অসুবিধা হয়েছিল। কয়েকজন বোলার খুব লম্বা ছিল।
* লম্বা বোলারদের বলে অভ্যস্ত হতে বিশেষ কোনো কৌশল কাজে লাগান?
মুমিনুল: ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তো অনেক লম্বা লম্বা। সেখানে যাওয়ার আগে অনুশীলনে একজনকে চেয়ার বা উঁচু বক্সের ওপর দাঁড় করিয়ে থ্রো করাতাম, যেন নক করার সময় মনে হয় লম্বা বোলারের বল খেলছি।
* মাঠে সাধারণত ব্যাটসম্যানদের দুর্বল জায়গাগুলো নিয়েই বেশি স্লেজিং করেন ফিল্ডাররা। আপনাকে কেউ কখনো আপনার শারীরিক গড়ন নিয়ে কিছু বলেছে?
মুমিনুল: নিউজিল্যান্ডের সঙ্গে যখন টেস্ট খেলতে নামি, যেটাতে ১৮১ করেছিলাম...মাঠে নামার সঙ্গে সঙ্গে দেখলাম টেলরসহ ক্লোজ ফিল্ডিংয়ে দাঁড়ানো কয়েকজন আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। বুঝতে পারছিলাম তারা আমার সাইজ দেখে হাসছে। এর আগে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছিল। তখন তো আমি আরও ছোট! অন্যদিকে ইংল্যান্ডের খেলোয়াড় বড় বড়। তারাও হাসাহাসি করছিল। আমি ভালো খেলা শুরু করলে হাসি থেমে যায়।
* টেস্ট ম্যাচের জন্য অনুশীলনের বাইরে ব্যক্তিগত কি প্রস্তুতি থাকে?
মুমিনুল: মাঠে গিয়ে ড্রেসিংরুমে ৫-১০ মিনিট চুপচাপ বসে থাকি। এরপর ব্যাট-গ্লাভস নিয়ে মাঠে গিয়ে ১০০টা বল ব্যাটিং করি। এরপর ১০০টা শর্ট ক্যাচ নিই। এটা একধরনের মানসিক ব্যাপার বলতে পারেন। মাথায় যদি ‘১০০’ ব্যাপারটা থাকে, শরীরের সঙ্গে তার সমন্বয় হবে। মাথায় ১০০ রানের চিন্তা আসবে। শরীরও সেভাবে প্রস্তুতি নেবে।
* এক শর চিন্তা নিয়ে মাঠে নামা কি নিজের আবিষ্কার নাকি কারও পরামর্শ?
মুমিনুল: ১০০ বল ব্যাটিং করার অভ্যাস আগে থেকেই। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর এক দিন জিজ্ঞেস করলেন, ‘খেলার আগে তোমার রুটিন কী?’ বললাম, ১০০ বল ব্যাটিং করি। তখন পরামর্শ দিলেন, ‘তাহলে ১০০টা শর্ট ক্যাচও প্র্যাকটিস করো।’ অস্ট্রেলিয়ার মাইক হাসিও নাকি এ রকম করতেন।
* আর কোনো সংস্কার কি মানেন খেলার আগে?
মুমিনুল: সব সময় ডান পায়ের প্যাড আগে পরি। মাঠে ঢোকার সময়ও ডান পা আগে দিই। তবে এগুলো যতটা না সংস্কার, তার চেয়ে বেশি আমার রুটিনের অংশ।
* টেস্ট ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান?
মুমিনুল: রানের গড় অবশ্যই ৫০-এর ঘরে দেখতে চাই। মোট রান যা-ই থাকুক, গড় যেন ৫০ বা তার ওপরে থাকে।