'উন্নতি করার দায়িত্ব দেশের বোর্ডের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ রিচার্ডসন
ডেভ রিচার্ডসন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কাছে মহাগুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তা দেখতে আইসিসির প্রধান নির্বাহীও ক্যানবেরায়! কাল সকালে মানুকা ওভাল মাঠের নেটের পাশে এই প্রশ্নটা দিয়েই শুরু ডেভ রিচার্ডসনের একান্ত সাক্ষাৎকার—
আপনাকে এখানে দেখে একটু বিস্মিতই হয়েছি। এত ম্যাচ রেখে আপনি কিনা বাংলাদেশ-আফগানিস্তান দেখতে চলে এলেন। ঘটনাটা কী?
ডেভ রিচার্ডসন: বাংলাদেশ-আফগানিস্তান দেখতে কেন এসেছি? যারা বাছাইপর্ব খেলে এখানে এসেছে, তাদের উন্নতি দেখার জন্য আমি উদ্‌গ্রীব। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে তো ওরা সব সময় খেলার সুযোগ পায় না। তাই ওদের নিয়ে একটু বাড়তি আগ্রহ তো থাকারই কথা। এখানে আসার আরও কারণ আছে। সব ঠিকঠাক আছে নিশ্চিত হতে সবগুলো ভেন্যুই ঘুরে দেখতে চাই। আপনাদের জন্য প্রেসবক্স ঠিকঠাক আছে কি না, নেট বোলাররা সব আছে কি না...এসবই আবার খুঁটিয়ে দেখছি।
সহযোগী সদস্য দেশগুলোর ব্যাপারে আগ্রহের কথা বললেন। কিন্তু আগামী বিশ্বকাপ দশ দলের হয়ে যাচ্ছে। ওরা তাই না-ও থাকতে পারে। আবার টেস্ট খেলুড়ে দেশের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করি, তাদের কেন বাছাইপর্ব খেলতে হবে?
রিচার্ডসন: আমি যোগ্যতার মূল্যায়নে বিশ্বাস করি। কোনো দল ভালো হলে তারা সরাসরিই চলে আসবে। আমি বিশ্বাস করি, বিশ্বকাপ যদি আট দলের বিশ্বকাপ, তাহলে সেরা আটটি দলই খেলবে। দশ দলের টুর্নামেন্ট হলে প্রথম দশটি, তা সেটি পূর্ণ সদস্য দেশই হোক বা সহযোগী সদস্য দেশ। আমি যেটিকে সবচেয়ে ইতিবাচক হিসেবে দেখি, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো দেশগুলো আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোকে চাপে ফেলছে। তাদের আর আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোতে অনেক খেলোয়াড় আছে, তাদের আরও ভালো করার সামর্থ্য আছে। তা করার দায়িত্বটা এখন তাদের।

কিন্তু একটা জায়গায় ক্রিকেট তো অন্য যেকোনো খেলার চেয়ে আলাদা। ফুটবলে দুটি দেশ খেললেই সেটি আন্তর্জাতিক ম্যাচ, ব্রাজিল আর বাংলাদেশ সেখানে সমান। ক্রিকেটে তো তা নয়। অনেক কিছু প্রমাণ করে এখানে পূর্ণ সদস্য হতে হয়....

রিচার্ডসন: আমি এই বিতর্কে যেতে চাই না। আমি শুধু ক্রিকেটের অংশেই থাকতে চাই। যারা ভালো খেলবে, আমি তাদের পুরস্কৃত করার পক্ষে। ভবিষ্যতে আইসিসিতে সহযোগী সদস্য, নিবন্ধিত সদস্য, পূর্ণ সদস্য—এসব থাকবে কি না, এটা ভবিষ্যতের ব্যাপার। আমি শুধু নিশ্চিত করতে চাই, সব দল যেন সমান সুযোগ পায়।

কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপে খেলার জন্য বাছাইপর্বে অংশ নিতে বাধ্য করা কি টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রতি অন্যায় নয়?

রিচার্ডসন: কেন, অন্যায় হতে যাবে কেন? অন্যদিক থেকে দেখুন, এমনিতেই তো তারা এগিয়ে আছে। সব দিক থেকেই অনেক বেশি সুবিধা নিয়ে শুরু করছে। আইসিসি থেকে অনেক অনেক বেশি টাকা পাচ্ছে। এরপর উন্নতি করার দায়িত্বটা সে দেশের বোর্ডের। যদি বলেন, সবকিছু প্লেটে সাজিয়ে দেওয়া হবে, তা তো ঠিক নয়।

সুনির্দিষ্টভাবে বাংলাদেশ প্রসঙ্গে আসি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় পনেরো বছর পর বাংলাদেশ যেখানে এসেছে, আইসিসি কি তাতে সন্তুষ্ট?

রিচার্ডসন: বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে আমি খেলা ছাড়ার পর। এতে কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশ উন্নতিও করেছে। তবে সেটি যথেষ্ট কি না, তা বিচার করার দায়িত্ব বাংলাদেশের মানুষের। এই বিশ্বকাপ প্রসঙ্গে একটা কথা বলতে পারি, বাংলাদেশের পিচ-কন্ডিশন আর এখানে অস্ট্রেলিয়ার পিচ-কন্ডিশন আকাশ আর পাতাল। এর সঙ্গে মানিয়ে নিতে ওদের অনেক কষ্ট করতে হবে। তবে আমার বিশ্বাস, তারা ভালো প্রস্তুতি নিয়েছে। বেশ কিছুদিন আগে ব্রিসবেনে এসেছে। আশা করি, তারা ভালোই করবে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোকে বেশি টাকা দেওয়া ছাড়া আর কি কিছু করার নেই আইসিসির? সে দেশের ক্রিকেট প্রশাসন ঠিকভাবে চলছে কি না, এ ব্যাপারে কি আইসিসির একটা নজরদারি থাকা উচিত নয়? 

রিচার্ডসন: আইসিসির দায়িত্ব হলো সবাইকে সুযোগ দেওয়া। ভারতকে তো কেউ ১৯৮৩ বিশ্বকাপ জেতার জন্য কোনো ফর্মুলা বাতলে দেয়নি। তারা নিজেরাই জিতেছে। কেউ তো সেখানে কোচ পাঠায়নি, প্রশাসক পাঠায়নি। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ যে এত ভালো করেছে, তাতে কি বাইরের কেউ সাহায্য করেছে? আমি মনে করি, উন্নতি করার দায়িত্বটা যে যে দেশের।

এই বিশ্বকাপের আগেই আপনি এই টুর্নামেন্ট ফিক্সিংমুক্ত থাকবে বলে একরকম ঘোষণা দিয়েছেন। এটাকে আপনি কত বড় হুমকি বলে মনে করেন?

রিচার্ডসন: শুধু ক্রিকেট কেন, ফুটবল-টেনিস সব খেলার জন্যই এটি বড় একটা হুমকি। খেলা দেখতে আসা সব দর্শকের যেন বিশ্বাস থাকে, এখানে ফিক্সিংয়ের কোনো ব্যাপার নেই—এটি খেলাটির ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে দুটি ব্যাপার আছে। আমি বলব, আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট খুব ভালো কাজ করছে। অসৎ কারও জন্য খেলোয়াড় বা কর্মকর্তাদের কাছে যাওয়া এখন অনেক কঠিন। আইসিসির শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের কারণে খেলোয়াড়েরাও এখন বেশি দায়িত্বশীল। তাদের কাছে কেউ অসৎ প্রস্তাব নিয়ে এলে সেটি রিপোর্ট করার হার আগের চেয়ে বেড়েছে।