'উন্নতি না আসাটাই অস্বাভাবিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ওয়ানডে সিরিজের আগেই বাংলাদেশ দলকে ফেবারিট বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে যে ভালো কিছু করা সম্ভব, সেই বিশ্বাস ডালপালা মেলতে শুরু করে তখন থেকেই। তবে টেস্টে সে দাবি করতে রাজি নন সাকিব আল হাসান। কাল দুপুরে অনুশীলনের আগে শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে শুধু আশা দিলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ভালো ফল সম্ভব পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও—
. টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দাপটের সঙ্গে জিতলেন। টেস্টে আপনাদের লক্ষ্য কী হবে?
সাকিব আল হাসান: আমার মনে হয় না, টেস্টে কোনো লক্ষ্য চিন্তা করে আমাদের খেলা উচিত। তবে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো একটা সিরিজ হবে। ওদের ব্যাটিংয়ে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমাদের বোলিং আক্রমণ ওদের বোলিং আক্রমণ থেকে অনেক ভালো। আর ওদের ব্যাটসম্যানরা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও আমাদের ব্যাটসম্যানরা এখন ফর্মে আছে। পারফরম্যান্স বিবেচনা করলে আমাদের ব্যাটিংও ভালো। এ ছাড়া আমি বিশ্বাস করি, আমাদের ফিল্ডিংও ওদের চেয়ে অনেক বেশি ভালো।
. ওয়ানডের মতো তাহলে টেস্টে নিজেদের ফেবারিট বলবেন না...
সাকিব: (হাসি) ওটা বলব না দেখেই তো আসলে আমি এভাবে তুলনা করে বললাম।
. পাকিস্তানের বিপক্ষে আপনারা ২০ উইকেট কখনো নিতে পারেননি। এবার এ নিয়ে কোনো পরিকল্পনা আছে?
সাকিব: জানি না পিচ কেমন হবে; এটা নির্ভর করে পিচের ওপর। একই সঙ্গে আমাদের ভালো বোলিংও করতে হবে। অনেক টেস্ট ম্যাচ আছে ১০ উইকেটও কেউ নিতে পারে না। উইকেটের আচরণ কেমন হবে, এটা একটি বড় প্রশ্ন। বোলাররা যদি উইকেট থেকে কোনো সাহায্য নিতে পারে সে ক্ষেত্রে সুযোগ থাকবে ওদের ২০ উইকেট তুলে নেওয়ার।
. বেশ কয়েক মাস ধরে টানা ওয়ানডে খেলেছেন। টেস্ট ম্যাচে মানিয়ে নেওয়া কতটা সহজ হবে?
সাকিব: অবশ্যই সম্ভব। দলে কয়েকটা পরিবর্তন আছে। কিছু নতুন খেলোয়াড় দলে এসেছে। আর যারা ওয়ানডে খেলেছে তাদের তো একটা বিশ্বাস আছেই, অবশ্যই ভালো করা সম্ভব। ওদের বোলিং আক্রমণে যারা আছে প্রায় সবাইকেই আমরা খেলেছি। খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেই সঙ্গে যারা নতুন এসেছে তাদেরও বিশ্বাস থাকবে যে, এই দলটা ভালো করছে। সেই সঙ্গে পারফর্ম করার তাড়না তো অবশ্যই থাকবে।
. মাশরাফি-মুশফিকের অধিনায়কত্ব কতটা পার্থক্য...
সাকিব: আমরা কখনো দলের ভেতরে এগুলো নিয়ে চিন্তা করি না। টেস্ট এক ধরনের খেলা; ওয়ানডে আরেক ধরনের। এগুলোর আসলে তুলনার কিছু নেই। দলের হয়ে দুজনই ভালো করছে; দুজনেরই অবদান আছে। দলের সবার মধ্যেই এই তাড়নাটা থাকে বলে আমার ধারণা। এটাই একটি ভালো দলের লক্ষণ।
. অনেক দিন পর টেস্ট খেলতে নামবেন। এটা কি কোনো প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে?
সাকিব: আমি ছাড়া দলের সবাই মাঝে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলছে। মনে হয় না সমস্যা হবে। চেষ্টা অবশ্যই করব এই দুই দিনে যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে নিতে।
. একসময় বাংলাদেশ পাঁচ দিন খেলার চেষ্টা করত। এখন লড়াই করার জন্য মাঠে নামে...
সাকিব: আসলে দিন দিন উন্নতি তো হবেই। যত দিন যাবে ততই উন্নতি আসবে। উন্নতি না আসাটাই অস্বাভাবিক। যত দিন যাচ্ছে, আমাদের মধ্যে বিশ্বাস জন্মাচ্ছে যে আমরা অন্তত ঘরের মাটিতে যেকোনো দলের সঙ্গে লড়াই করতে পারি।
. টেস্টের জন্য কেমন উইকেট চাইবেন?
সাকিব: আমি কেমন উইকেট চাই, এটা বড় ব্যাপার নয়। টিম ম্যানেজমেন্ট কেমন উইকেট চায় সেটাই বড় ব্যাপার। এটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।
. নিজের বোলিং নিয়ে...
সাকিব: অনুশীলনে একটু বেশি বোলিং করার চেষ্টা করব। ওটাই গুরুত্বপূর্ণ। যেহেতু অনেক কম বোলিং করা হয়, প্রথম ইনিংসে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকক্ষণ ধরে বোলিং করতে হয়। (হাসি) অবশ্য অনেকক্ষণ বোলিং করতে চাই না, কারণ অনেকক্ষণ বোলিং করা মানে ওরাও অনেকক্ষণ ব্যাটিং করবে। চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে অলআউট করার। একটা ছন্দ প্রয়োজন; ওটা তাড়াতাড়ি পেয়ে গেলেই আমার জন্য ভালো।
. দলে অনেক নতুন মুখ। তাদের অন্তর্ভুক্তি কীভাবে দেখছেন?
সাকিব: ওয়ানডেতে সৌম্য সরকার তো খুব ভালো শুরু করেছে। ও খেললে নিশ্চয়ই চেষ্টা করবে ওর ফর্মটা ধরে রাখার। লিটন ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলেছে। এ কারণেই আসাটা প্রাপ্য ছিল তার। কে খেলবে না খেলবে, এটা যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমার বিশ্বাস, ওর ভেতরে সেই ক্ষমতা আছে। এ কারণেই নির্বাচকেরা মনে করেছেন তাকে দলে রাখা যায়। আর শহীদ এবার প্রিমিয়ার লিগে খেলেছে; আমি আর ও একই দলে খেলেছি। খুব প্রতিভাবান তরুণ বোলার ও। আমাদের দেশে পেস বোলারদের জন্য অত বেশি সাহায্য না থাকলেও গত কয়েক মাসে আমাদের পেসারদের সাফল্য তাকে অনুপ্রাণিত করতে পারে।