'উপায় নেই, আমাকে যেতেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জর্জ কোটান
জর্জ কোটান
প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব মাত্রই শুরু। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তাঁর চুক্তি শেষ। তাই লিগের মাঝপথেই চলে যাচ্ছেন জর্জ কোটান। সে প্রসঙ্গ তো আছেই, আবাহনীর অস্ট্রিয়ান কোচ কথা বললেন বাংলাদেশে তাঁর তৃতীয় মেয়াদের নানা অভিজ্ঞতা নিয়েও

কোটান: হ্যাঁ, ফিফা আমাকে বিভিন্ন দেশে তৃণমূল ফুটবলের উন্নয়নকাজে পাঠায়। এবারও একই কাজ। তাদের সঙ্গে আমার চুক্তিটা খুব ভালো, ভালো বেতন, সবকিছুই ভালো।

আর ঢাকা? ঢাকায় এবারের অভিজ্ঞতা কেমন?

কোটান: ঢাকার সময়টা সব সময়ই উপভোগ করি। অনেক বন্ধু, অনেক শুভাকাঙ্ক্ষী। এটি আমার দ্বিতীয় বাড়ি। ২০০৫ সালে মুক্তিযোদ্ধার কোচ হয়ে এসে বলেছিলাম, অস্ট্রিয়ায় আমার বাড়ির দেয়ালে লাল-সবুজ পতাকা টাঙানো আছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ।  ফুটবল নিয়ে যদি বলি, সত্যি বলতে আমি একটু আশাহত।
আশাহত কেন?

কোটান: লম্বা সময় খেলা বন্ধ থাকায় খেলোয়াড়-কোচকে দুই মাস অতিরিক্ত বেতন দিতে হচ্ছে ক্লাবের, এটা হওয়া উচিত নয়। মাঠ সমস্যা আগের মতোই তীব্র। তা ছাড়া আমি কোনো প্রতিভাবান স্ট্রাইকার দেখলাম না। এটার কারণ, প্রচুর বিদেশি। ব্যক্তিগতভাবে আমি বিদেশি খেলোয়াড়ের বিপক্ষে। অথচ সব ক্লাবই বিদেশি স্ট্রাইকার আনছে। এটা ফুটবল উন্নয়নে সহায়ক নয়।

কোনো উন্নতি চোখে পড়ছে না?

কোটান: উন্নতি নিশ্চয়ই আছে। আগের চেয়ে রেফারিংয়ের মান কিছুটা হলেও বেড়েছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ আগের চেয়ে বেশি।

ক্লাব অবকাঠামো বা সুযোগ-সুবিধা ...

কোটান: আগে যা ছিল, তা-ই আছে। মাঠই তো নেই বেশির ভাগ ক্লাবের। অন্য সুযোগ-সুবিধাও কেন যে এত বছরেও বাড়ল না, আমি একটু বিস্মিতই।

আবাহনী ক্লাবটাকে কেমন দেখলেন?

কোটান: আবাহনী ভালো ক্লাব। কিন্তু প্রথম দিন থেকে যা বলে আসছি, ফিরে যাওয়ার সময়ও সেটিই বলছি। ভালো স্ট্রাইকার নেই তাদের। এ কারণে সাফল্যের জন্য খোঁড়াতে হচ্ছে।

২০০৩ সালে আপনার অধীনেই সাফ ফুটবল জিতেছিল বাংলাদেশ। এবার এসে বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

কোটান: জাতীয় দলে উন্নতি আমার চোখে দৃশ্যমান নয়। ১২ বছর আগে আমার সেই সাফজয়ী দলটা অনেক শক্তিশালী ছিল। আমার দল সব বিভাগেই বর্তমান দলের চেয়ে এগিয়ে ছিল। আমার চোখে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার ছিল আমিনুল, এবার দেখলাম গোলকিপিং নিয়েও সমস্যায় আছে দলটি। অন্য বিভাগের কথা তো বাদই দিলাম।