'এ নিয়ে বেশি কিছু বলব না'

বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে অবশ্যই তাঁর অবদান আছে। অথচ কোথায় তাঁকে নিয়ে ইতিবাচক সব কথা হবে তা না, সমালোচনা আর বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। উঠেছে আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ। কাল বিকেলে মিরপুরে পাকিস্তান সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে এল সেসব প্রসঙ্গও। কোচ অবশ্য এড়িয়ে গেলেন সবই। নির্বাচিত অংশ—
. যেখানে উন্নতি দেখতে চান
চন্ডিকা হাথুরুসিংহে: যেসব জায়গায় ভালো করতে হবে বা উন্নতি করতে হবে, সেসব নিয়ে আমরা কথা বলেছি। তবে খুব কম জায়গাই আছে, যেখানে উন্নতি করতে হবে। আশা করছি, যা এখন আমরা করে যাচ্ছি, সেটা করতে পারব। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে।
. প্রায় প্রতিটি ম্যাচেই ওপেনিং জুটিতে পরিবর্তন
হাথুরুসিংহে: বলব না যে এটা খুব হতাশাজনক। তবে হ্যাঁ, স্থায়ী একটা ওপেনিং জুটি পেতে চাই আমিও। এখন সুযোগটা নেওয়া নির্ভর করছে খেলোয়াড়দের ওপর। আমরা সবাই সঠিক কম্বিনেশন খুঁজছি। রনি ভালো খেলে দলে এসেছে। দুই ধরনের ক্রিকেটেই অনেক রান করেছে। দেখা যাক, ও কেমন করে।
. তামিম ইকবালের ফর্ম
হাথুরুসিংহে: তামিমও নিশ্চয়ই আর সবার মতোই হতাশ। বেশি রান করতে সে-ও চায়। আমরা দেখেছি অস্ট্রেলিয়ায় সব দলের ওপেনারদের জন্যই খেলাটা কঠিন ছিল। তার পরও খুব বেশি দিন হয়নি, সে ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেছে। এরপর দুই-তিনটি ইনিংসই তো গেছে। এটা দিয়েই যদি কাউকে বিচার করতে শুরু করি, তাহলে বলতে হবে আমরা খুব কঠিন এক দুনিয়াতে বাস করছি।
. বাংলাদেশকে ফেবারিট মনে করেন কি না
হাথুরুসিংহে: বলব না যে আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। রেকর্ড বলছে ওরা বাংলাদেশে ভালো খেলে। আমরা ওদের বিপক্ষে একটা মাত্র ম্যাচই জিতেছি। তবে আশার কথা, আমরা এখন একটা দল হয়ে খেলছি। সবাই জানে তাদের কী করতে হবে, সবাই ভালোও খেলছে।
. পাকিস্তানকে হারাতে হলে যা করতে হবে
হাথুরুসিংহে: খুবই সহজ—রান করতে হবে এবং উইকেট নিতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং যা-ই হোক, শুরুটা ভালো করতে পারলে সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। আমরা এই জিনিসটার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
. সাঈদ আজমলের ফিরে আসা
হাথুরুসিংহে: নতুন অ্যাকশনে তাকে আমরা এখনো দেখিনি। আশা করছি, আগের মতো কার্যকর হবে না তার বোলিং। তার পরও তার অভিজ্ঞতার প্রতি আমাদের সবাইকেই সম্মান দেখাতে হবে। ওকে কীভাবে সামলাতে পারি, এর ওপরই ফলাফল অনেকটাই নির্ভর করবে।
. পাকিস্তানকে গত ১৬ বছরে হারাতে না পারায় মানসিক বাধা আছে কি না
হাথুরুসিংহে: মানসিক বাধা আছে কি না, সেটা নিয়ে কিছু বলব না। হয়তো পাকিস্তান আর এখানকার কন্ডিশন অনেকটা একই রকম বলে অন্য দলের তুলনায় বাংলাদেশে তারা দ্রুত মানিয়ে নেয়। তবে আমরা যা করছি, তাতে আমরা খুবই আত্মবিশ্বাসী। ভালো একটা লড়াই আশা করছি।
. ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমানের বক্তব্য প্রসঙ্গে
হাথুরুসিংহে: বিষয়টা খুবই টেকনিক্যাল। এ নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক, দলটা যখন ভালো খেলছে, তখন এসব বিষয় সবকিছু অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এ মুহূর্তে অন্য কিছু নিয়ে সময় নষ্ট না করে দলের দিকেই আমাদের দৃষ্টি দেওয়া উচিত, কারণ দলটা ভালো খেলছে।
. ক্রিকেট পরিচালনাপ্রধানের ডাকা সভায় না যাওয়া প্রসঙ্গে
হাথুরুসিংহে: অফিসে কী হলো না হলো, তা নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে চাই না। এটা কোনো ক্রিকেটীয় প্রশ্ন নয়। দল যাতে ভালো করে, সেদিকেই আমাদের মনোযোগী হওয়া উচিত। আমার মনে হয় না, এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বললে খেলোয়াড়দের প্রতি ঠিক কাজটি করা হবে।
. বিশ্বকাপ থেকে ফেরার পর ক্রিকেট পরিচালনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে কি না
হাথুরুসিংহে: আবারও আপনি এমন কিছু জিজ্ঞেস করছেন, যা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নয়। আমি এ নিয়ে মন্তব্য করতে পারব না।