পেশাদার লিগের সাত আসরে একবারও জিততে পারেনি মোহমেডান। অথচ এই লিগের দলগুলোর বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের শিরোপাই গেল সাদা-কালোদের ঘরে। দুটি শিরোপাই কোচ জসিম উদ্দিন জোসির হাত ধরে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জয়ের পর সাবেক এই ফুটবলারের উচ্ছ্বাস যেন থামছিলই না

গতবার অনূর্ধ্ব-১৬ জয়ের পর এবার অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জেতালেন মোহামেডানকে। সাফল্যের রহস্য কী?
জসিম উদ্দিন জোসি: ছেলেদের বলেছি, জার্সির জন্য খেলো। তোমরা জার্সির মর্যাদা রাখার চেষ্টা করো, দেখবে জয় হাতের মুঠোয়। মোহামেডানের জার্সির একটা ঐতিহ্য আছে। দর্শক যেন খেলা দেখে আনন্দ পায়। আজ (গতকাল) ব্রাদার্সের সঙ্গে ফাইনালে আমার খেলোয়াড়েরা সত্যিকারের ফুটবল খেলার চেষ্টা করেছে। দলটা ছিল ঐক্যবদ্ধ একটা পরিবারের মতো। এটাই সাফল্য এনে দিয়েছে।
বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার আগ্রহটা কীভাবে পেলেন?
জোসি: এই আগ্রহ সব সময়ই আমার ছিল। এতে একটা আনন্দ আছে। একই সঙ্গে বড়দের নিয়েও কাজ করতে চাই। কিন্তু সেই সুযোগ আমার আসছে না। অথচ কোচিং নিয়ে জ্ঞান অর্জন করছি প্রতিনিয়ত (‘এ’ লাইসেন্স করেছেন)।
কেন আসছে না? বাধা কোথায়?
জোসি: আমি হয়তো অতটা জ্ঞানীগুণী কোচ নই। জ্ঞানী অফিশিয়ালরাই বলতে পারবেন কেন আমার সামনে সুযোগ আসছে না।
আপনি তো পেশাদার লিগে সিলেট বিয়ানীবাজারের কোচ ছিলেন। মোহামেডানের মূল দলেও সম্পৃক্ততা ছিল। তাহলে এখন সুযোগ পান না কেন?
জোসি: এটা বলতে পারব না। আমি কারও কাছে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বড়দের দায়িত্ব নেওয়ার পক্ষপাতী নই। গতবার অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পরও এবার শুনছিলাম আমাকে অনূর্ধ্ব-১৮ দলটির দায়িত্ব দেওয়া হবে না। তাই এই টুর্নামেন্ট আমার জন্য ছিল বিরাট এক চ্যালেঞ্জ এবং আত্মসম্মানের ব্যাপার।
আপনি তো এই বয়সভিত্তিক ক্লাব টুর্নামেন্টটি কাছ থেকে দেখলেন। তরুণদের মধ্যে কেমন সম্ভাবনা দেখছেন?
জোসি: এই ছেলেরা অনেক সম্ভাবনাময়। নিশ্চয়ই লক্ষ করেছেন, ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচেও ওরা এলোমেলো ফুটবল খেলেনি। আমি তো বলব, বাংলাদেশের ফুটবলারদের সর্বোচ্চ যে মান, এক-দুই বছরের মধ্যেই এই ছেলেরা সেখানে পৌঁছে যাবে। যার অর্থ, আমরা নতুন কিছু খেলোয়াড় পাব।
এই টুর্নামেন্টে এমন খেলোয়াড় কি চোখে পড়েছে, যারা এখনই পেশাদার লিগে খেলতে পারবে?
জোসি: এমন খেলোয়াড় বেশ কয়েকজন আছে। মোহামেডানেই অন্তত পাঁচজন তরুণ আমার চোখ কেড়েছে, যাদের আমি মূল দলে সুযোগ পাওয়ার যোগ্য মনে করি।
সামগ্রিকভাবে এই আয়োজন কতটা ফলপ্রসূ হচ্ছে মনে করেন?
জোসি: নিশ্চয়ই আয়োজনটা খুব ভালো। তবে ১৫ দিনের একটা টুর্নামেন্ট করলেই শুধু হবে না। এই খেলোয়াড়েরা এখন কোথায় যাবে? কী করবে? আমরা কিন্তু জানি না। তাই আমি চাইব অনূর্ধ্ব-১৮ লিগ করা হোক, সঙ্গে একটা টুর্নামেন্ট। এই পর্যায়ের ছেলেদের অন্তত ৩০-৩৫টি ম্যাচ খেলা প্রয়োজন। সেদিকে ফেডারেশন দৃষ্টি দেবে আশা করি।
মোহামেডানের মূল দল পেশাদার লিগে সাফল্য পাচ্ছে না। কিন্তু জুনিয়র পর্যায়ে পাচ্ছে। এটার কারণ কী?
জোসি: এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তাতে বিতর্ক তৈরি হতে পারে। তবে এটা বলতে পারি জার্সির জন্য খেললে এবং দর্শকের কথা ভাবলে সফলতা আসবেই। সিনিয়র পর্যায়ে টাকার দিকে মনে হয় খেলোয়াড়দের মনোযোগ বেশি।