দাবা অলিম্পিয়াডে এবার ভালো করতে পারেনি বাংলাদেশ। গতবার অবস্থান ছিল ৩৩, এবার হলো ৬৪। কেন এই পেছনে হাঁটা? এসব নিয়েই গত পরশু ঢাকায় উড়াল দেওয়ার আগে নরওয়ে থেকে ফোনে কথা বললেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ

অলিম্পিয়াড তো শেষ। কবে ফিরছেন দেশে?
নিয়াজ মোরশেদ: আমরা এখন ট্রমসো বিমানবন্দরে। অসলো যাচ্ছি। সেখান থেকে দুবাই হয়ে আশা করি রোববার ভোরে ঢাকায় পৌঁছাব।
আপনি তো বেশ ভালো করলেন এবার অলিম্পিয়াডে। নয় ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট...
নিয়াজ: আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। সব সময়ই চাই সামর্থ্যের সর্বোচ্চটা দিতে। অলিম্পিয়াডে সেই চেষ্টায় মোটামুটি সফল বলতে পারেন।
কিন্তু দলীয় ফল তো গতবারের চেয়ে খারাপ হয়েছে। কারণ কী?
নিয়াজ: শেষ রাউন্ডে সুইডেনের মতো শক্ত টিম পড়ে যাওয়ায় আমাদের অবস্থান ষাটের ওপরে চলে গেছে। এ ম্যাচে আমরা হারলাম ৩-১ পয়েন্টে। আমি আর জিয়া ড্র করি। আমি অবশ্য জেতার মতো জায়গায় ছিলাম। যাহোক, আরেকটু সহজ টিম পেলে হয়তো পঞ্চাশের নিচে আমাদের অবস্থান থাকত। সেটা না হওয়া দুর্ভাগ্যই বলব।
গতবার ৩৩তম হয়ে দেশের ইতিহাসে সেরা ফল করেছে বাংলাদেশ, এবার ৬৪তম অবস্থান ভাবতে পেরেছিলেন?
নিয়াজ: গতবারও যে আমরা খুব ভালো খেলেছি, বিষয়টা তা নয়। আসলে শেষ রাউন্ডে গতবার সহজ টিম পেয়েছিলাম। তাই শেষ পর্যন্ত ফল ভালো হয়েছে। এবারও শেষ রাউন্ডে জিতলে অন্য রকম ফল দেখতেন।
তার পরও আপনাদের কাছে এবার প্রত্যাশা ছিল বেশি...
নিয়াজ: খেলোয়াড়েরা অফ ফর্মে, অনেকে খেলার মধ্যে নেই। প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ার এটাই বড় কারণ। তবে কারণ দাঁড় করিয়ে লাভ নেই। মোটের ওপর আমি একটু হতাশই।
জিয়ার মতো খেলোয়াড় নয় ম্যাচে মাত্র চার পয়েন্ট পেয়েছেন। রাজীব তাই। তাঁদের সমস্যা কী ছিল?
নিয়াজ: জিয়াকে মনে হয়েছে ক্লান্ত। টানা তিনটি টুর্নামেন্ট খেলে সে নরওয়ে এসেছে। একটু বিরতি পেলে জিয়া তার মেধা অনুযায়ী ভালো করতে পারত।
তরুণ আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর বেশ ভালো করেছেন। ৭ ম্যাচে পাঁচ পয়েন্ট...
নিয়াজ: হ্যাঁ, সাগর বেশ ভালো খেলেছে। ওর প্রশংসা পাওয়া উচিত। এই অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা প্রাপ্তিও বলব ওকে। এখন সে আরও বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে এগিয়ে যাবে।
নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গতবার বাংলাদেশের পেছনে থাকা ভারত এবার অলিম্পিয়াডে তৃতীয়। এটাকে কীভাবে দেখছেন?
নিয়াজ: ভারত অসাধারণ ফল করেছে। ওরা তরুণ খেলোয়াড় নিয়ে এসেছে অলিম্পিয়াডে। ওই তরুণেরা দেশকে খুব ভালো ফল দিয়েছে। এটা ভারতীয় দাবার ক্রমোন্নতিরই ধারা।
কিন্তু আমরা ভালো করতে পারছি না কেন?
নিয়াজ: আমাদের বর্তমান টিম আর কী করবে, আর কী আশা করবেন! প্রতিবার সেই একই দল। আমাদের নতুন খেলোয়াড় দরকার। ভিন্ন কোনো পথ নেই। নতুন খেলোয়াড় বের করে ওদের হাতেই দিতে হবে দেশের পতাকা।
সব মিলিয়ে এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের শিক্ষা কী?
নিয়াজ: অনেক কিছু। প্রথমত, আমাদের স্কুল পর্যায়ে খেলাটা আরও ছড়াতে হবে। নতুন খেলোয়াড় তৈরি করা ছাড়া আর উপায় নেই।