
খেলোয়াড় হিসেবে জাতীয় লিগে খেলেছেন। প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালক হয়ে লিগটাকে দেখেছেন আরও কাছ থেকে। আর এখন তো নিজেই টুর্নামেন্ট কমিটির প্রধান! জাতীয় লিগ আয়োজনে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আকরাম খান মনে করেন, লিগের সার্বিক মান বাড়াতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
* জাতীয় লিগের শুরুটা আবারও দায়সারাভাবে হচ্ছে। দলগুলো ভালোভাবে প্রস্তুতি না নিয়েই মাঠে নামছে। এভাবেই কি চলতে থাকবে দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের আসর?
আকরাম খান: বিসিবি প্রতিটি বিভাগীয় দলকে অনুশীলনসহ সবকিছুর জন্য আর্থিক সহায়তা দেয়। অনুশীলন কবে, কোথায় শুরু হবে এসব ঠিক করা বিভাগগুলোরই দায়িত্ব। রাজশাহী যেমন এক-দেড় মাস আগে থেকে অনুশীলন শুরু করেছে। জাতীয় লিগ কবে শুরু হবে সেটা কিন্তু আমরা দুই মাস আগেই বলে দিয়েছি।
* চূড়ান্ত দল দেওয়া হলো গতকাল (পরশু)। ৩০ জনের প্রাথমিক দলও দেওয়া হয়েছে বেশি দিন হয়নি। দল ছাড়া প্রস্তুতি শুরু হবে কীভাবে?
আকরাম: ৩০ জনের দল দেয় বিভাগ। ১৪ জনের চূড়ান্ত দল নির্বাচন করেন জাতীয় নির্বাচকেরা। চূড়ান্ত দল ম্যাচের ১০ দিন আগে দিলেও অসুবিধা নেই।
* আগের মতো এখন আর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে জাতীয় লিগ হয় না। এখন যেভাবে হচ্ছে তাতে কি জাতীয় লিগের পুরো উদ্দেশ্য সাধিত হচ্ছে?
আকরাম: আমাদের সবচেয়ে ভালো ভেন্যুটা এবার অস্ট্রেলিয়া সিরিজে ব্যস্ত হয়ে পড়ছে। গত বছরও বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে শুধু ঢাকাতে লিগ করতে হয়েছে। এ ছাড়া যাতায়াত, আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা চিন্তা করেও সব জায়গায় খেলা দেওয়া যায় না।
* জাতীয় লিগের সময়টাও তো প্রতিবার এদিক-সেদিক হয়। এটা কেন?
আকরাম: বড় টেস্ট খেলুড়ে দেশগুলোতে ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট বর্ষপঞ্জি থাকে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। এখানে আবহাওয়ার সমস্যা আছে। খেলাও অনেক—বিসিএল, জাতীয় লিগ প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় দল এবং ‘এ’ দলের খেলা। মাঝেমধ্যে রাজনৈতিক কারণেও খেলা পেছাতে হয়।
* টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ঘরোয়া আসরগুলোর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটকেই কি বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়?
আকরাম: প্রতিটি টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ। কারণ পারফর্ম করার সুযোগ পেলেই একজন খেলোয়াড়ের ক্যারিয়ার এগোয়। আমি চাই জাতীয় চ্যাম্পিয়নশিপে যারা ভালো করবে তারা জাতীয় লিগে সুযোগ পাবে। যারা জাতীয় লিগে ভালো খেলবে তারা বিসিএলে খেলবে। যারা বিসিএলে ভালো করবে তাদের জাতীয় দল বা ‘এ’ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে।
* বাইরে থেকে অনেক সময় জাতীয় লিগের অনেক সমস্যা আপনার চোখে পড়েছে। টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বে এসে সেসব সমাধানে কি উদ্যোগ নিয়েছেন?
আকরাম: এককভাবে সব করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টা লাগে। তারপরও আমি কিছু জিনিস করার চেষ্টা করছি। যেমন উইকেট নিয়ে আমরা এবার খুবই সিরিয়াস। সব ভেন্যুতে স্পোর্টিং উইকেটে খেলা হবে, যেখানে বোলার-ব্যাটসম্যান সবার জন্য সমান সুযোগ থাকবে। বিকেএসপির উইকেট বেশি ফ্ল্যাট বলে সেখানে কোনো খেলা দিচ্ছি না।
* জাতীয় লিগকে দ্বিস্তরবিশিষ্ট করার উদ্দেশ্য কী?
আকরাম: অনেকে বলে জাতীয় লিগ একটা পিকনিক। এতে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। মূলত খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা তৈরি করতেই দ্বিস্তরবিশিষ্ট করা। প্রথম স্তরে ম্যাচ ফি বেশি থাকবে। বেতনভুক্ত ক্রিকেটারদের বেতনের অঙ্কও অভিজ্ঞতার পরিবর্তে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হবে। এখানে ভালো খেললে বিসিএলে খেলার সুযোগ পাওয়া যাবে।