'একটা গোল্ডই জীবন পাল্টে দিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল হাসান
কামরুল হাসান

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় একটা সোনা জয় অনেক খেলোয়াড়ের জীবন বদলে দেয়। তেমনই একজন কামরুল হাসান কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন পেলেন নতুন জীবনের সন্ধান। গতকালই শুরু হওয়া সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে কাঙ্ক্ষিত সেই সোনা জয়ের পর কিশোরগঞ্জের তরুণ শোনালেন জীবনের গল্প
আপনি ৮০০ মিটারে সোনা জিতলেন। শুনলাম, এই সোনা আপনার জীবন বদলে দিয়েছে!
কামরুল হাসান: হ্যাঁ, এক ঘণ্টার মধ্যে একটা গোল্ডই আমার জীবন পাল্টে দিয়েছে। সবাই অভিনন্দন জানাচ্ছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার, জেল, পুলিশ দলসহ সব দল থেকে এখন চাকরির অনেক অফার পাচ্ছি।
তার মানে জীবনে এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজে পেলেন?
কামরুল: বিজেএমসির হয়ে সামার মিটে খেলতে এসেছি, এই সংস্থায় ২০১২ সালের শেষ দিকে অস্থায়ীভাবে নাম লিখিয়েছি। তারা বলেছে, জাতীয় মিটে গোল্ড পেলে চাকরি স্থায়ী করবে। সে জন্য এই মিটে একটা গোল্ড জেতার খুব ইচ্ছা ছিল।
আপনার বয়স এখনো ১৮ হয়নি, চাকরির জন্য এখনই এতটা ব্যাকুল কেন?
কামরুল: আমাদের জীবন দুঃখ-কষ্টের। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামে বাস। বাবা কৃষক। কিন্তু এখন আর কাজ করতে পারেন না। পাঁচ বোন, ভাই একজন। এ অবস্থায় আমাকে কিছু করতে হবে, লেখাপড়া ভালো লাগে না। খালি খেলতে ইচ্ছা করে। সবাই বলেছে, ভালো খেললে চাকরি পাওয়া যায়, তাই এসেছি।
কাল রাতে তাহলে নিশ্চয়ই ঘুম হয়নি আপনার? একটা সোনা জেতার স্বপ্ন বারবার দোলা দেয়নি মনে?
কামরুল: আসলেই ঘুম হয়নি। দিনে অনুশীলন করিনি। আমার স্যার আবদুল্লাহেল কাফি (সাবেক অ্যাথলেট ও বর্তমানে কোচ) মানসিক ব্যায়াম দিয়েছিলেন। শারীরিক অনুশীলনের সঙ্গে মানসিক অনুশীলনও লাগে। কাল রাতে সেটাই করেছি। স্যার শুয়ে শুয়ে কল্পনা করতে বলেছেন, তুমি দৌড়াচ্ছ...ফার্স্ট হয়ে যাচ্ছ...সবাই তোমাকে বাহবা দিচ্ছে...। এই মেন্টাল ট্রেনিংয়ে অনেক উপকার পেয়েছি। কাফি স্যারের কাছে আমি কৃতজ্ঞ।
একটু আগে বলছিলেন, আপনি লাল-সবুজ রং খুব ভালোবাসেন। এই ভালোবাসা কীভাবে এল?
কামরুল: এটা ছোটবেলা থেকেই। ছোটবেলায় আমার বোন খেলার জন্য আমাকে একটা হাফপ্যান্ট কিনে দেয় ৩০ টাকা দিয়ে। সেই প্যান্টটা আমি লাল-সবুজ রঙের নিই। কারণ দেশের হয়ে খেলার স্বপ্ন আমার। প্রতি রাতে স্বপ্ন দেখি বিমানে চড়ে বিদেশে খেলতে যাব, পরনে লাল-সবুজ জার্সি।
কিন্তু টাইমিং খারাপ বলে ৮০০ মিটারে বিদেশে অ্যাথলেট পাঠায় না ফেডারেশন। আপনার এই স্বপ্নপূরণ প্রায় অসম্ভবই মনে হচ্ছে।
কামরুল: ফেডারেশনের কাছে আমার প্রার্থনা, তারা যেন ৮০০ মিটার বাইরে পাঠায়। টাইমিং ভালো করতে চেষ্টা করছি। জানেন গ্রামে চার-পাঁচ মাইল দূরে এক মাঠে গিয়ে দৌড়াই। হাফপ্যান্ট পরে দৌড়াতে দেখে গ্রামের লোকজন মনে করে কোনো পাগল যাচ্ছে। গ্রামের মানুষ অ্যাথলেটিকস কী বোঝেই না।
এর আগে জাতীয় জুনিয়রে খেলেছেন। সিনিয়রে এই প্রথম খেলেই সোনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে আপনার কেমন লাগছে?
কামরুল: খুব ভালো। এই এক-দেড় ঘণ্টায় আমার জীবনে পাল্টে গেছে। সবাইকে ফোন করে সুখবরটা দিয়েছি। আমার বন্ধু সেনাবাহিনীতে থাকা মেহেদি হাসান কদিন আগে আমাকে পাঁচ শ টাকা দিয়ে বলেছিল, ‘দোস্ত এই ল, গোল্ড কিন্তু জিততে হবে।’ সেই গোল্ড আমি জিতলাম। বুঝতেই পারছেন আমার বুকের মধ্যে কতটা আনন্দ।