'একটু খারাপ তো লাগেই'

সপ্তাহ খানেক ধরে চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রতিদিনই সেটির ফাঁকে কেউ না কেউ মুখোমুখি হন সংবাদমাধ্যমের। কাল সকালে এলেন তামিম ইকবাল। গুছিয়ে কথা বলায় এই বাঁহাতি ওপেনার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন। এর আরেকটি প্রমাণ হয়ে থাকল কালকের সংবাদ সম্মেলন। সেটির নির্বাচিত অংশ থাকল এখানে—
দুর্দান্ত ২০১৫ সালের পর এ বছরও ভালো শুরু—ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ
যখন কোনো ব্যাটসম্যান ভালো করতে থাকে, তখন সে যত ম্যাচ খেলবে, ততই ভালো করবে। আমি গত বছর ভালো ছন্দে ছিলাম। তখন যদি আরও কিছু ম্যাচ খেলতে পারতাম, পারফরম্যান্স আরও ভালো হতে পারত। এটা অবশ্য আমার হাতে নেই। যে মানসিকতায় ব্যাটিং করেছি, চেষ্টা থাকবে এ বছরও সেটি ধরে রাখার। বাকিটা নির্ভর করছে ভাগ্যের ওপর।
‘প্রিয় প্রতিপক্ষ’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে
যাদের সঙ্গে ভালো খেলেছি, এবারও তাদের বিপক্ষে ভালো খেলব, এমন কিছু নয়। ইংল্যান্ডের সঙ্গে রান করা সব সময়ই চ্যালেঞ্জিং। ওদের বেশ কিছু ভালো বোলার আছে। রান করতে হলে সেরা খেলাটাই খেলতে হবে। আমাকে আরও বেশি কষ্ট করতে হবে। যদি প্রক্রিয়া ও চিন্তাভাবনা ঠিক রাখি, আবারও সফল হওয়ার সুযোগ থাকবে।
শুরুর সময়ের বাংলাদেশ দল ও তামিমের সঙ্গে এখনকার বাংলাদেশ ও তামিমের পার্থক্য
বাংলাদেশ দল অবশ্যই অনেক উন্নতি করেছে। ফিটনেস নিয়েই বলি, একটা সময় আমাদের তাগাদা দিতে হতো এটা-ওটা করো। অনেকে হয়তো ঠিকঠাক করতেও চাইত না। কিন্তু এখন অনেক কিছুই বদলেছে, আমাদের কিছু বলতে হয় না। আমরা জানি, যদি দীর্ঘ সময় খেলতে হয়, আমাদের ফিট থাকতে হবে। শুধু আমরা নয়, যত সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় আছে, সবাই নিজের থেকেই করছে। এটা বড় উন্নতি। আমাদের দলের একটা সংস্কৃতি আছে, যেটা অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। আমরা এই সংস্কৃতি ধরে রাখতে চাই। বাংলাদেশি হিসেবে আমাদের অনেক বাজে অভ্যাস থাকতে পারে। যেমন: খাদ্যাভ্যাস বা অন্য অভ্যাসে। আমরা জাতীয় দলে ১৫-২০ জন যে সংস্কৃতি গড়ে তুলেছি, সেটা ধরে রাখতে অনেক ত্যাগ স্বীকার করি। সেটি করি মূলত ভালো খেলতে ও দেশকে জেতাতে। এসবই অনেক বদলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। যাঁরা আগে খেলেছেন, তাঁরা পথ দেখিয়ে দিয়েছেন বলেই আমরা ধীরে ধীরে এগুলো বদলাতে পেরেছি।
লর্ডসের মতো মিরপুরেও অনার্স বোর্ড থাকা উচিত কি না
হ্যাঁ, অবশ্যই থাকা উচিত। লর্ডস যেমন ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও শেরেবাংলা। আমার জন্য সব মাঠই গুরুত্বপূর্ণ। তবে দেশের মাঠ একটু বেশি। যদি একটা বোর্ড করা হয়, কারও যদি বড় অর্জন হয় এবং সেটি সেখানে লেখা হলে যত দিন খেলব, তত দিন হয়তো মূল্যটা সেভাবে বুঝব না। তবে ক্রিকেট ছাড়ার পর বুঝব। আমার ছেলেকে দেখাতে পারব, এখানে কিছু একটা করেছিলাম। শুধু লর্ডসেই নয়, ইংল্যান্ডের অনেক মাঠেই কিন্তু এমন বোর্ড আছে।
উদ্বোধনী জুটিতে নিয়মিত কোনো সঙ্গী না পাওয়া প্রসঙ্গে
যারাই এখন ওপেন করছে, সবাই তরুণ। আমি প্রায় ১০ বছর ধরে জাতীয় দলে খেলছি। ওরা হয়তো এক-দুই বছর। আন্তর্জাতিক ক্রিকেট সহজ নয়। হয়তো আপনি দ্রুতই সাফল্য পেতে পারেন। কিন্তু যখন আপনাকে নিয়ে প্রতিপক্ষ বিশ্লেষণ করবে, তখন কঠিন হয়ে যাবে। ওদের আরও সময় দেওয়া উচিত, যাতে নিজেদের আরও উন্নতি করে আরও বহুদিন খেলতে পারে। এক-দুই বছর পর যখন তারা ভালো করা শুরু করবে, ওরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ।
বাংলাদেশের কম টেস্ট খেলা নিয়ে আক্ষেপ আছে কি না
একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে টেস্ট খেলার। সঙ্গে এই স্বপ্নটাও থাকে, একদিন ১০০ টেস্ট খেলব। আমার সঙ্গে যারা (অন্যান্য দেশের) টেস্ট ক্যারিয়ার শুরু করেছিল, তাদের এখন ৮০-৯০টি ম্যাচ খেলা হয়ে গেছে। সেখানে আমার ৪০টা (আসলে ৪২)। একটু খারাপ তো লাগেই। যদি আরও বেশি টেস্ট খেলতাম, আমার হয়তো রান আরও বেশি হতো। কিন্তু এটা আমাদের হাতে নেই। তবে এটি বদলাতে পারব আমাদের পারফরম্যান্স দিয়েই। যদি ভালো খেলি, যদি আরও ম্যাচ জিতি, তখন হয়তো বড় দলগুলো আমাদের সঙ্গে খেলতে আরও আগ্রহী হবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে খেলোয়াড়দের ওপর।