'একসময় অবশ্যই আর্জেন্টিনার কোচ হতে চাই'

তাঁর অধীনেই দুর্দান্ত দল হয়ে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মৌসুমে লা লিগাজয়ী এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা দলটির কোচ ডিয়েগো সিমিওনে মনোনয়ন পেয়েছিলেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারেও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কারটা পাননি। ফিফাডটকমের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সিমিওনে কোচিং-দর্শন, সাফল্যের রহস্যসহ কথা বলেছেন আরও অনেক কিছু নিয়ে
ফিফা বর্ষসেরা কোচের সেরা তিনে ছিলেন আপনি। আপনার কাছে এমন স্বীকৃতির গুরুত্ব কতটা?
ডিয়েগো সিমিওনে: গুরুত্ব তো আছেই। বিশেষ করে যখন স্বীকৃতিটা আসে ফুটবলারদের ভোটে। শুধু তা-ই নয়, সারা বিশ্বের খেলোয়াড়দের মতামত প্রতিফলিত হয় এখানে। জোয়াকিম লো আর কার্লো আনচেলত্তির মতো কোচের সঙ্গে সেরা তিনে থাকতে পেরে আমি আনন্দিত। সবচেয়ে বড় কথা, এটা আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।
২০১৪ সালে নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য কি আপনি অনুতপ্ত?
সিমিওনে: অনুতপ্ত? না। যদি মনে হয় কোনো সিদ্ধান্ত ভুল ছিল তাহলে তো পেছনে ফিরে তাকানোর সুযোগ আছে। তখন শুধু মনে হয়, এটা অন্যভাবে করলেও পারতাম। কিন্তু অনুতপ্ত নই।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডিয়েগো কস্তাকে নামানোর সিদ্ধান্ত কি এই ভুলের মধ্যে পড়বে?
সিমিওনে: না, বরং উল্টোটা। ওই সিদ্ধান্তটা বরং খুব ভেবেচিন্তে নেওয়া। আগের দিনও কস্তা অ্যাথলেটদের মতো ১০০ মিটার স্প্রিন্ট দিয়েছে। আমি ভেবেছিলাম, ও ৪৫-৫০ মিনিট খেলতে পারলেও আমাদের অনেক লাভ হবে। কিন্তু দুর্ভাগ্য, চোটের কারণে ৮ মিনিটের সময় তাকে তুলে নিতে হলো। শুধু কস্তা নয়, আরদা তুরানও খেলতে পারেনি। তার পরও আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলাম ম্যাচে।
আপনি কি ওই ম্যাচটা পরে আর দেখেছেন ভিডিওতে?
সিমিওনে: না। পেছনে ফিরে যেহেতু আর কিছু বদলানোর সুযোগ নেই, সেটা দেখারও কোনো মানে হয় না।
অ্যাটলেটিকো মাদ্রিদকে একসময় সবাই সমবেদনার চোখে দেখত। এখন কী চোখে দেখে?
সিমিওনে: এই ক্লাবের কোচ হয়েই সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম, আমি অ্যাটলেটিকোকে এমন দল বানাতে চাই যারা বাকিদের জন্য সমস্যা তৈরি করতে পারবে। সেই দলটা এখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য ভেঙে লিগ চ্যাম্পিয়ন। এই মৌসুমেও আমরা শিরোপাদৌড়ে আছি।
রিয়াল মাদ্রিদ সমর্থকেরা আপনাকে কীভাবে দেখে?
সিমিওনে: মিশ্র প্রতিক্রিয়া পাই। কিছু সমর্থক যে একেবারেই পছন্দ করে না সেটা টের পাই। আবার মাদ্রিদের রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলেই বলে, আমি রিয়াল মাদ্রিদের ভক্ত, তবে তোমাকেও পছন্দ করি। ওরা আমাকে অভিনন্দন জানায়।
স্থায়িত্বের দিক থেকে আপনি কি ‘অ্যাটলেটিকোর স্যার ফার্গুসন’ হতে পারবেন?
সিমিওনে: আমি আগামীকালই বরখাস্ত হয়ে যেতে পারি এটা মাথায় রেখেই সব সময় কাজ করি। নিজের সেরাটা দেওয়ার, কাজটাকে উপভোগ করার এটাই সবচেয়ে ভালো উপায়।
এত কিছুর ভিড়ে কখনো বই পড়া বা সিনেমা দেখার মতো কিছু করার সময় পান?
সিমিওনে: হ্যাঁ, আমার জীবনটা আর দশটা সাধারণ মানুষের মতোই। কাঁধে একটা বড় দায়িত্ব আছে এই যা! এ কারণে মাঝেমধ্যে কিছু জিনিস কঠিন হয়ে যায় আর কি! আপনি সিনেমা দেখতে গিয়ে ভাবতে শুরু করলেন পর্দায় ফুটবলাররা ছুটোছুটি করছে, সেটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না (হাসি)।
বুকে হাত রেখে বলুন তো বিশ্বকাপের পর আপনাকে আর্জেন্টিনার কোচ হতে প্রস্তাব দেওয়া হয়েছিল কি না?
সিমিওনে: না। সত্যি দেওয়া হয়নি। তবে আমি জানি, একদিন এটাও হবে। জাতীয় দলে তিন ধরনের কোচ হতে পারে—ছেলে, বাবা কিংবা দাদা ধরনের কোচ। আমি চাই জাতীয় দলে দাদা ধরনের কোচ। আমার যা বয়স তাতে আমি এখনো প্রতিদিন নিয়ম করে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করাতে পছন্দ করি। জাতীয় দলে সেটা সম্ভব নয়। কিন্তু কোনো একসময় আমি আর্জেন্টিনার কোচ হতে চাই কিনা? অবশ্যই। খেলোয়াড় হিসেবে ১২-১৪ বছর দলটার সঙ্গে কাটিয়েছি। এটাও আমার জীবনের অংশ।
আর লিওনেল মেসিকে কোচিং করাতেও নিশ্চয়ই খারাপ লাগবে না?
সিমিওনে: মেসি ম্যাচ জেতানো খেলোয়াড় সন্দেহ নেই। কিন্তু ওর পাশে ওই রকম একটা দলও লাগবে যারা তাঁকে সাহায্য করতে পারে। আশা করি জেরার্ডো (মার্টিনো) ও রকম একটা দল গড়তে পারবে।
একটা তাত্ত্বিক প্রশ্ন, আপনাকে সীমাহীন অর্থ, আর সব রকম সুবিধা দিয়ে একটা চুক্তি প্রস্তাব করা হলো। শর্ত একটাই, রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের কোচ হতে হবে। কোনটাকে বেছে নেবেন?
সিমিওনে: (হাসি) আপনারা খুবই দুষ্টু। টাকার লোভ সামলে আমি বলব, মাফ করে দেন।
শেষ প্রশ্ন, জীবনের কোনো দর্শনের জন্য যদি ব্যালন ডি’অর দেওয়া হয়, ডিয়েগো সিমিওনে সেটা কী জন্য পাবেন?
সিমিওনে: আমি সোজাসাপ্টা মানুষ এই জন্য। আমাকে বাইরে যা দেখেন, ভেতরেও তাই।