'এখন অনেক নির্ভার থাকি'
>পুরোনো তারকারা তো আছেনই, বাংলাদেশের ক্রিকেটাকাশে গত কিছুদিন নতুন তারারও ঝলকানি। কদিন আগেও যাঁর ব্যাট-বলের আলো ছাড়া বাংলাদেশের সাফল্য ছিল কল্পনাতীত, এত পারফরমারের ভিড়ে তিনি কোথায়? তারার আকাশে একাধিপত্য আর নেই বলে সাকিব আল হাসান-এর কি কখনো মন খারাপ হয়? একটুও না, উল্টো হাসিমুখে বলছেন, ‘এটাই তো চেয়েছিলাম...’

* গত কিছুদিন তো বাংলাদেশ দল রীতিমতো স্বপ্নযাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়টা সম্পর্কে বলবেন...
সাকিব আল হাসান: যেকোনো খারাপের পরেই ভালো কিছু হয়। যদিও আমি মনে করি না, ২০১৪ সাল আমাদের খুব খারাপ গেছে। কতগুলো ম্যাচ আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে গেছি। এবার ওই জায়গাগুলোতেই সফল হতে পেরেছি। বলতে পারেন, আমরা হারতে হারতে শিখেছি। এটা একটা প্রক্রিয়া। খেয়াল করলে দেখবেন, ২০০৬-০৭ সাল থেকেই বাংলাদেশ দল হঠাৎ হঠাৎ বড় দলকে হারিয়ে দিচ্ছে। ছোট দলের বিপক্ষে নিয়মিত জিতছে। আস্তে আস্তে খেলায় উন্নতি আসাটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং আমরা তার মধ্য দিয়েই এগোচ্ছি।
* এখন কি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়?
সাকিব: আমরা সবাই ঠিকঠাকভাবে খেলতে পারলে অন্তত ৭-৮ বছর পর্যন্ত এটা ধরে রাখা সম্ভব। এরপর হয়তো দলে একটা পুনর্গঠন হবে। লম্বা সময় পর সব দলেই এটা হয়। ভারত দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ইংল্যান্ড দেখেন—প্রতিটি দলই এর মধ্য দিয়ে গেছে। এই পালাবাদলের মধ্য দিয়ে সব দলকেই যেতে হয়। আমাদের সে সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন যারা আছি বেশির ভাগই প্রতিষ্ঠিত ক্রিকেটার। কিছু নতুন খেলোয়াড় আছে। তারা জানে, দলে টিকে থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতা এখন অনেক বেশি। আমরাও তা জানি। পারফরম্যান্স করার তাড়না তাই সবারই বেড়েছে।
* এই ধারা ধরে রাখতে হলে কোন জায়গায় জোর দেওয়া উচিত বলে মনে করেন?
সাকিব: আমি এক-দুই বছরের চিন্তা করছি না। আমি চাই এই ধারা ৮-১০ বছর ধরে রাখতে। সেটার জন্য দলের কেন্দ্রে কিছু মূল খেলোয়াড় থাকবে। তাদের আশপাশে কিছু পরিবর্তন আসতে পারে। অনেক সময় কোনো একজন খেলোয়াড় এক শ ভাগ দিতে পারবে না। তার জায়গায় অন্য কেউ আসবে। কিন্তু যে আসবে, সে যেন এক শ ভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এখন যেমন দলে নতুন যে-ই আসছে, খুব ভালো করছে। এটা আমাদের জন্য খুব শুভ লক্ষণ। এতে করে পাইপলাইনে যেসব ক্রিকেটার আছে, তারাও আশাবাদী হচ্ছে। বুঝতে পারছে, ব্যাপারটা এমন নয় যে নতুন বলে তারা খেলতে পারবে না। তারা জানছে, জাতীয় দল এমন আহামরি কোনো জায়গা নয় যে খেলা যাবে না। ভালো করলেই সম্ভব। এভাবে আশাটা পুরো দেশের ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
* কিছুদিন আগেও বাংলাদেশ দলের সাফল্য মানেই ছিল সাকিব। বেশির ভাগ সময় আপনিই পাদপ্রদীপের আলোয় থাকতেন। কিন্তু এখন আলোটা অনেকের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটার অনুভূতি কেমন?
সাকিব: আমরা তো সেটাই চাই, নাকি? দেশ হিসেবে তো আমরা এটাই চাই যে, সবাই ভালো খেলুক। এখন যেমন দলে অনেক পারফরমারই! আমরা যখন প্রথম খেলা শুরু করি, আপনারা জানতে চাইতেন, ৫ বছর বা ১০ বছর পর বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান? আমরা বলতাম বিশ্বের সেরা পাঁচ দলের মধ্যে দেখতে চাই। মাশা আল্লাহ, আমরা সাতে চলে এসেছি। ইংল্যান্ড এবার হেরে গেলে ছয়ে চলে যাব। তার মানে আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। কিন্তু লক্ষ্যপূরণের জন্য এক-দুজন দিয়ে কোনো দিন হবে না। দল হিসেবে ভালো খেলতে হবে। হয়তো একই দিনে সবাই ভালো খেলবে না। কিন্তু নিয়মিত কেউ না কেউ দলের জন্য অবদান রাখছে, এটা ভালো।
* আপনি যে আর পাদপ্রদীপের আলোয় একা নেই, তাতে কিছু মিস করেন না?
সাকিব: আমি এখন অনেক বেশি নির্ভার থাকি। টেনশন কাজ করে না। আমার সব সময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। নিজে ভালো খেললাম কিন্তু দল হেরে গেল, এর চেয়ে দলের সাফল্যটা আমি অনেক বেশি উপভোগ করি। দল হারলে ব্যক্তিগত সাফল্য দিন শেষে কেউ মনে রাখে না। মানুষ মনে রাখে তখনই, যখন দল জেতে। দলে অবদান রাখার আগ্রহটাও তখন সবার মধ্যে বাড়ে। আমার পারফরম্যান্সের কথা যদি বলেন, এ বছর আমি ওয়ানডেতে ভালোভাবে ব্যাটিং করতে পেরেছি একমাত্র ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি ৫০-৫৫ বল, পাকিস্তানের বিপক্ষে ৩০ বলের মতো। আমার ক্ষেত্রে এ রকম এর আগে কখনোই হয়নি। আমি যখন ব্যাটিংয়ে নামতাম, সামনে দেড় শ-দুই শ বল থাকত। কিন্তু এখন এত বেশি প্রতিদ্বন্দ্বিতা যে, আমি সেভাবে ব্যাটিংই পাই না! কাজেই যেদিনই সুযোগ পাব, আমাকে ভালো খেলতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। এটা সব সময় মাথায় থাকে।
* প্রশ্নটা আগেও অনেকবার হয়েছে। তবু জানতে চাচ্ছি, তিন সংস্করণের ক্রিকেটেই যে আপনি এক নম্বর, এটা কি আসলেই কখনো মাথায় আসে না?
সাকিব: মাঝে মাঝে ভালো লাগে। যখন আর কোনো কিছুতে অনুপ্রেরণা খুঁজে পাই না তখন ভাবি, আরে, আমি তো তিন ফরম্যাটেই এখনো এক নম্বর (হাসি)!
* যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহ কাটিয়ে এলেন। সেখানে তো ক্রিকেটের এত জনপ্রিয়তা নেই। কেমন কেটেছে সময়?
সাকিব: বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যারা আছে, সবাই আমাকে চেনে। তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে আমি আমেরিকা গেলে যেখানে থাকি, ওখানে বাংলাদেশি পরিবার আছে বোধ হয় চারটা কি পাঁচটা। আমার তাই ওখানে কোনো ঝামেলা হয় না। যখন যেখানে মন চায়, চলে যাই। আরামসে কয়টা দিন ঘুমাতেও পারি।
* সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। কোন দিকটাতে বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন?
সাকিব: টেস্ট ক্রিকেট আমাদের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং। জোর দিতে হবে সব দিকেই। তবে আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ায়। এটাই মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ব্যাটিংটা আমরা এখন ভালো করছি। তবে উন্নতির তো শেষ নেই।