'এখন আমরা অনেক সরাসরি খেলি'
>

দুটি ক্লাব বিশ্বকাপ তিনি এর আগেও জিতেছেন। দুবারই বার্সেলোনার হয়ে। আবারও বার্সার হয়ে লিওনেল মেসি জাপান এসেছেন তৃতীয় শিরোপার খোঁজে। একই শিরোপা এতবার জেতার জন্য কীভাবে নিজেকে অনুপ্রাণিত রাখেন? আর শুধু এই শিরোপা কেন, এত এত প্রাপ্তি তাঁর! তারপরও আরও জেতার ক্ষুধাটা কীভাবে এত চাঙা থাকে? ফিফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন এসব নিয়েই—
* এবারের ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার প্রথম ম্যাচটা তো সামনেই। এ টুর্নামেন্টে খেলতে কেমন লাগে?
লিওনেল মেসি: এটি আসলেই দারুণ একটা টুর্নামেন্ট, আমার খুব প্রিয়। গুরুত্ব তো আছেই, অন্য মাহাত্ম্যও আছে। এখানে খেলতে হলে আগে চ্যাম্পিয়নস লিগ জিততে হয়। আর বছরটা দারুণভাবে শেষ করার সুযোগও এটা। আমি ও আমার সতীর্থরা খুবই আনন্দিত, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা শিরোপা জিতে সেটি নিয়ে পরিবারের সঙ্গে ছুটিটা উপভোগ করতে চাই।
* অনেকবারই তো জাপান এলেন। সব মিলিয়ে কেমন লাগে দেশটা?
মেসি: এখানে তো অনেক আনন্দের স্মৃতি। ২০১১ সালে আমরা এখান থেকেই ক্লাব বিশ্বকাপ জিতে গিয়েছিলাম। মাঠের বাইরেও বেশ ভালো সময় কেটেছে। শেষবার যখন এসেছিলাম, আমরা একটা ছুটির দিন কাটানোর সুযোগ পেয়েছিলাম। আশপাশে ঘুরেছি, শহরের রাস্তায় অচেনা মানুষের মতো হাঁটাচলা করেছি। সবাই আমাদের সঙ্গে খুবই চমৎকার আচরণ করেছে। ওরা যেমন আন্তরিক ছিল তেমনি শ্রদ্ধাশীল। আমি এ দেশটা খুবই পছন্দ করি।
* ২০১১ সালের সেই আসরে ফাইনালে বার্সেলোনা ৪-০ গোলে নেইমারের সান্তোসকে হারিয়েছিল। সেই নেইমার এখন আপনার সতীর্থ। ওই সময়ের নেইমার আর এই নেইমারকে কীভাবে তুলনা করবেন?
মেসি: আসলে অনেক সময় পেরিয়ে গেছে এবং তার অভাবনীয় উন্নতির সাক্ষী আমি। উন্নতি শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও। ওই সময়ই সে দারুণ খেলোয়াড় ছিল, এখন তো আরও বেশি ভালো। এখন সে খুবই পরিণত। সত্যি কথা বলতে, ওকে সতীর্থ হিসেবে পাওয়াটা আনন্দের ও গর্বের।
* এরও দুই বছর আগে আপনি প্রথম ক্লাব বিশ্বকাপ জেতেন, যেখানে আপনার দল বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে। এবারও আরেকটি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট ফাইনালে আপনাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে...
মেসি: এ অদ্ভুত এক অনুভূতি। পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি একবারই কোনো আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে খেলেছি, এস্তুদিয়ান্তেসের বিপক্ষে সেই ফাইনাল। খুবই কঠিন ম্যাচ ছিল সেটা, যেখানে অনেকটা সময় আমরা পিছিয়ে ছিলাম। তারপর নির্ধারিত সময়ের মধ্যে সমতা ফেরালাম এবং অতিরিক্ত সময়ে জিতলাম। এটা আমাদের একটা অনুপ্রেরণাও। রিভার প্লেটও বৈশ্বিক মানদণ্ডে বড় ক্লাব, এবং আমার মনে হয় যদি ওদের সঙ্গে আমাদের ফাইনাল হয়, দারুণ একটা ম্যাচ হবে।
* এটা কি সত্যি যে বার্সেলোনার আগে আপনার রিভার প্লেটের যোগ দেওয়ার সম্ভাবনা ছিল?
মেসি: হ্যাঁ, তবে সেটা অনেক আগের কথা। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। সম্ভাবনা যে তৈরি হয়েছিল সেটি সত্যি। আমি তখন খুব ছোট ছিলাম।
আপনি যত দিন ধরে বার্সেলোনায় আছেন, এর মধ্যে দলটা কতটুকু বদলেছে?
মেসি: কিছুটা বদলেছে। এখন আমরা অনেক সরাসরি খেলি। তবে হ্যাঁ, বল ধরে রেখে খেলা, যেটা আমাদের মূল আদর্শ এবং আমাদের পরিচয়, সেখান থেকে আমরা সরে যাইনি। এখন আমরা এই ধারণাটাও যুক্ত করেছি যে দু-একটা পাসেও আমরা প্রতিপক্ষের গোলমুখের সামনে চলে যেতে পারি। আগে আমরা খেলাটা গড়ে তোলার জন্য অনেক সময় নিতাম।
* আপনি নিজে কীভাবে এই বিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েছেন?
মেসি: এটা অনেকটা নেইমার সম্পর্কে আমি যে কথাটা বলেছি সেটির মতো। যত সময় যাবে, আপনি মাঠে ও মাঠের বাইরে আরও পরিণত হবেন। আপনাকে ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার মনে হয়, আমি নিজের খেলাটা ধরে রাখলেও গত কয়েক বছরে এর সঙ্গে আরও অনেক কিছু যোগ করেছি।
* ক্লাব বিশ্বকাপে সম্ভাব্য সবকিছু জেতার পরেও পরবর্তী টুর্নামেন্টের জন্য নিজেকে কীভাবে অনুপ্রাণিত করেন?
মেসি: আসলে এটার দরকারই হয় না। এই যে ক্লাব বিশ্বকাপ, কিংবা অন্য কোনো ট্রফি, এগুলোর গুরুত্ব আমরা জানি। আমাদের জন্য এটা আরেকটা ট্রফি, যে ট্রফিগুলো জেতা আমাদের ক্লাবের অমোচনীয় পরম্পরা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
* লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ। এখানে সম্ভাব্য ক্লাব বিশ্বকাপ, তারপর ব্যক্তিগত পর্যায়ে যদি ব্যালন ডি’অরটাও হয়...২০১৫ সালটা মধুরেণ সমাপয়েতের জন্য আর কী চাই!
মেসি: আসলেই অসাধারণ একটা বছর। পেপ গার্দিওলার অধীনে যখন আমরা ২০০৯ সালে সম্ভাব্য সব শিরোপা জিতলাম, মনে হচ্ছিল এর পুনরাবৃত্তি করা অসম্ভব। আমরা আসলেই নিশ্চিত ছিলাম না এটা আমরা আর কখনো করতে পারব কি না! কিন্তু এবার তো আবার সেই অর্জনের কাছাকাছি। এখন শুধু চাওয়া যেন বছরটা সবচেয়ে ভালোভাবে শেষ করতে পারি এবং এটাকে অবিস্মরণীয় করতে পারি।