'এখন নতুনদের সময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুন নাহার বিউটি
নাজমুন নাহার বিউটি
তাঁকে বলা হয় স্প্রিন্টের রানি। ১০০ মিটার ও ২০০ মিটারে টানা ১১ বার (২০০৫-১৩ পর্যন্ত) জাতীয় চ্যাম্পিয়ন। গত কয়েক বছরে ট্র্যাকে অনিয়মিত নাজমুন নাহার বিউটি কেকাল খুঁজে পাওয়া গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। নতুন প্রজন্মের খেলা দেখলেন, কথাও বললেন নিজের ক্যারিয়ার ও অ্যাথলেটিকস নিয়ে

* ট্র্যাকে অনিয়মিত হয়ে পড়েছেন। এখন আপনার সময় কাটছে কীভাবে?

নাজমুন নাহার বিউটি: আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। সম্প্রতি এমপিএড (মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন) শেষ করলাম। এর আগে বিপিএড করেছি, প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এই পরীক্ষাটাও ভালো হয়েছে। এখন একটা ভালো চাকরির আশা করছি। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি নোয়াখালী সরকারি কলেজে। ওটারও ফাইনাল পরীক্ষা ছিল কদিন আগে। সব একসঙ্গে শেষ হলো। এ জন্য অনুশীলনের পর্যাপ্ত সময় পাইনি।

* গ্যালারিতে বসে খেলা দেখতে কেমন লাগছে?

বিউটি: ভালোই লাগছে। অনেক তো খেললাম, এখন নতুনদের সময়। ওরা অনেক ভালো করছে। বিশেষ করে আর্মির ছোট ছোট মেয়েরা চমক দেখাচ্ছে।

* এখনো তো অনেকে বলে বিউটি ট্র্যাকে নামলে ওরা পারত না!

বিউটি: জানি না। হয়তো ওঁরা এখনো আমাকে ভালোবাসে বলেই এসব বলছেন।

* আপনার মতো কাউকে কি আর দেখা যাবে?

বিউটি: কেন নয়? আসতেও পারে। আমি অনেক কষ্ট করেছি। আমার মতো কেউ যদি কষ্ট করে তাহলেই উঠে আসতে পারে নতুন কোনো বিউটি। আমি যেভাবে মনোযোগ দিয়ে অনুশীলন করেছি, সব সময় ভেবেছি পারফরম্যান্স ধরে রাখতে হবে, সেটা যদি কেউ করতে পারে তাহলে আমাকে ছাড়িয়ে যাবে অনেকেই। অনুশীলন করলে সবই সম্ভব।

* দৌড়ানো, বিজয়মঞ্চে পদক নেওয়া—এসব নিশ্চয়ই মিস করছেন?

বিউটি: অবশ্যই। এগুলো আমার আত্মার বিষয়। আমার রক্তে মিশে আছে দৌড়। ট্র্যাক, ক্যাম্প, স্টেডিয়াম এগুলোর সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক। এ জন্যই তো ছুটে চলে এসেছি স্টেডিয়ামে। এবার একটুও অনুশীলন করিনি। তবু ঘরে বসে থাকতে পারিনি। খেলতে পারছি না। কিন্তু গ্যালারিতে বসে খেলাটা তো উপভোগ করতে পারছি।

* ১০০, ২০০ মিটারে টানা ১১ বার চ্যাম্পিয়ন। এই রেকর্ড কেউ ভাঙবে?

বিউটি: আমার মনে হয় এই রেকর্ড ভেঙে যাবে। কারণ নতুন অনেক অ্যাথলেট উঠে আসছে আর্মি ও নেভিতে। ওরা ঠিকমতো ট্রেনিং পেলে অবশ্যই রেকর্ড ভেঙে যাবে।

* জানুয়ারিতে এসএ গেমস। অ্যাথলেটিকসে পদক আসার সম্ভাবনা আছে?

বিউটি: এদের আরও বেশি অনুশীলন করতে হবে। এত অল্প সময়ে পদক আশা করা সম্ভব না।

* এবারও হ্যান্ড টাইমিংয়ে চলছে জাতীয় মিট। এ প্রসঙ্গে কী বলবেন?

বিউটি: এটি আমাদের একটা বড় সমস্যা। হ্যান্ড টাইমিংয়ে আমরা এখানে যে টাইমিং করি সেটা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে করতে পারি না। আমাদের একটা সুন্দর মাঠ আছে, স্টেডিয়াম আছে, এখন একটা ইলেকট্রনিক স্কোরবোর্ড থাকা উচিত। কলকাতায় তো ইলেকট্রনিক স্কোরবোর্ড আছে, তাহলে আমাদের কেন থাকবে না? বর্তমান সরকার খেলাধুলার ব্যাপারে অনেক আগ্রহী। আশা করি, সরকার এই দিকে একটু নজর দেবে।

* আনুষ্ঠানিক অবসর নেননি। আর কত দিন খেলে যেতে চান?

বিউটি: যত দিন বিজেএমসিতে আছি, যত দিন খেলে যেতে পারব, তত দিনই খেলে যাব। যেদিন ঘুম থেকে উঠে মনে হবে আর অনুশীলনে যেতে ইচ্ছে করছে না সেদিন খেলা ছেড়ে দেব।