'এখন সবাই জিতলেই খুশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ল লুইস
কার্ল লুইস

​স্প্রিন্ট ও লংজাম্পে ৯টি অলিম্পিক সোনা জিতেছেন। সর্বকালের সেরা অলিম্পিয়ান হিসেবে অনেকেই তাঁর নাম বলবেন। তিনি কার্ল লুইস, যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অ্যাথলেট। বর্তমানে আছেন ভারত সফরে। সেখানেই পরশু টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এই সাক্ষাৎকার যেন তাঁর দর্শন ও প্রাজ্ঞতার দুর্দান্ত একটা খণ্ডচিত্র...
.খেলাধুলায় তো দ্বৈরথের অভাব নেই। এর কতটা প্রচারমাধ্যমের কীর্তি? অ্যাথলেটদের ওপরেই বা কীভাবে প্রভাব ফেলে?
কার্ল লুইস:
এটা আসলে প্রচারমাধ্যমেরই কীর্তি। খেলাধুলার প্রতিটা ক্ষেত্রেই জড়িয়ে গেছে ব্যবসা। সেটি এখন আরও বেড়েছে। তাই এমন কথাও বেশি শোনা যাচ্ছে।
.অ্যাথলেট হিসেবে আপনি ছিলেন অসাধারণ সব্যসাচী। এ সময়ে তো এটা দুর্লভ...
লুইস:
এই সময়ের যে ধরন, তাতে আসলে দ্বিমত করার সুযোগ নেই। আমি লংজাম্পার ছিলাম। মানুষজন আমাকে বিশ্বের দ্রুততম মানব বলত। কিন্তু এখন কেউ ওভাবে ভাবে না। উঠতি অ্যাথলেটদের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। দৌড়ের চেয়ে লংজাম্প কিন্তু কঠিন।

যে ছেলেটা লং জাম্পে ভালো, সে দৌড়ে ভালো করতে শুরু করলে লাফটা ছেড়ে দেয়। দৌড়ে আপনি অনেক বেশি প্রচারের আলো পাবেন। আমি যখন নিজে লাফ দেওয়া ও দৌড়ানো শুরু করলাম, অনেকেই আমার দেখাদেখি তা শুরু করল। আশা করি, কোচ হিসেবে আমি অনেককে অনুপ্রাণিত করতে পারব।

.১৯৯৬ অলিম্পিকে লংজাম্পের সোনা কি আপনার সেরা পদকগুলোর একটি?

লুইস: আমার কাছে লংজাম্পের চারটি অলিম্পিক সোনাই বিশেষ কিছু। লস অ্যাঞ্জেলেসে চারটা সোনা জেতাও একই রকম। আমি যখন ১৯৯৬ অলিম্পিকে লংজাম্পে জিতলাম, সেবার এমন কয়েকজন ছিল যারা ২০১২ অলিম্পিকেও খেলেছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অ্যাথলেটদের হারাতে পেরে আমি খুবই গর্বিত।

.বব বিমনের রেকর্ড ভাঙা কি আপনার সেরা মুহূর্ত বলবেন?

লুইস: বলা কঠিন। আমার সব সময়ই আত্মবিশ্বাস ছিল আমি কখনো না কখনো ওই রেকর্ড ভাঙব। যখন আমি তা ছাড়িয়ে গেলাম, তত দিনে অনেকটা সময় পেরিয়ে গেছে। আমার মনে হয় আমার সেরা পারফরম্যান্স ৯.৮৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো। ৯.৯০ সেকেন্ডের নিচে কেউ দৌড়াতে পারে, সেটা তো আমিই দেখিয়েছিলাম। সে হিসাবে ৯.৮৬ সেকেন্ডের দৌড়টা অনেক বেশি প্রভাববিস্তারী ছিল।

.১৯৯১ সালের চ্যাম্পিয়নশিপটা তো লংজাম্পের সেরা প্রদর্শনীগুলোর একটি। আপনি বব বিমনের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। একই ইভেন্টে এরপর মাইক পাওয়েল আপনার রেকর্ড ভাঙলেন। এটা কি আপনার জন্য হতাশার ছিল?

লুইস: ১৮ বছর বয়সে (১৯৭৯) বিমনের রেকর্ডটাকে পাখির চোখ করেছিলাম। দুই বছর পর মনে মনে ঠিক করলাম, অলিম্পিকে আমি চারটি সোনা জিতব। এবং সেটি আমি করে দেখিয়েছি ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ২৩ বছর বয়সেই মনে হলো, আমি শিখরে পৌঁছে গেছি। তখনই কোচকে বলেছিলাম, বিমনের বিশ্ব রেকর্ডটা ভাঙতে চাই। ওটা ভেঙে আর কখনো লাফ দেব না। এখন তো মনে হয় না, লংজাম্পে পাওয়েলের রেকর্ডটা কেউ ভাঙার চেষ্টা করে। কোচ হিসেবে আমি চাই, কাজটা কেউ একজন করে দেখাক।

.আপনার কি মনে হয় লংজাম্পে আপনারা যে কীর্তি গড়েছেন, তা একদিক দিয়ে ‘খারাপই’ হয়েছে!  কারণ, তরুণেরা আগের মতো উৎসাহ নিয়ে আসছে না লংজাম্পে...

লুইস: একসময় মানুষ চেয়েছিল বব বিমনের রেকর্ড ভেঙে যাক। এরপর আমি ও পাওয়েল কাজটা করলাম। পাওয়েল দেখত, আমি জয় পেয়েই যাচ্ছি। কিন্তু সে হতোদ্যম না হয়ে নিজেকে আরও শাণিয়ে তুলছিল। কেন মানুষ এখন ৮.৩৪ মিটারকে অজেয় ধরে নিচ্ছে? ব্যাপারটা মানতে পারছি না। আমি কখনো বলি না, ‘আশা করি পদক জিতব’। আমি বলি, ‘জিততে হলে আমাকে এত দূর লাফাতে হবে’। এখন সবাই বলে, ‘যাক, আমরা জিতলেই খুশি।’

.কিন্তু এটা কেন হচ্ছে?

লুইস: আমরা এখন আসলে ‘মিডিওকার’ যুগে বাস করছি। এই ফেসবুক-টুইটারের যুগে কোনো মিটে অষ্টম হয়েও আপনি এমনভাবে ছবি পোস্ট করেন, মনে হয় আপনি জিতে গেছেন। এই প্রবণতা বাড়ছেই।

.অন্য প্রসঙ্গে আসি। গত ১০ বছরে অনেক আমেরিকান তো ডোপ পাপে অভিযুক্ত হয়েছেন...

লুইস: না, না। আমরা ছাড়াও তো অনেকে আছে। আপনি রাশিয়াকে ভুলে যাচ্ছেন কেন। কেনিয়া বা জ্যামাইকায় তো গত পাঁচ বছরে বাকিদের চেয়ে বেশি হয়েছে। আমি বলছি না যুক্তরাষ্ট্রে কিছুই হয়নি। কিন্তু আমরা সবার চেয়ে এগিয়ে বলে দায়টা আমাদের দিকেই আসছে।

.আপনি কি মনে করেন উসাইন বোল্ট পুরোপুরি নির্দোষ?

লুইস: আমি পেশাদারদের নিয়ে কথা বলছি না। এ নিয়ে আমি কিছু বলতে চাই না।

.১৯৮৮ অলিম্পিকের এক শ মিটারে বেন জনসন দোষী প্রমাণিত হওয়ার আগেই তাঁকে আপনি ডোপ পাপের জন্য অভিযুক্ত করেছিলেন। এটা কি এতটাই দৃশ্যমান ছিল?

লুইস: আরে, আমি ওর সঙ্গে ১৯৮০ সালে দৌড়েছি। আমার মনে হচ্ছিল, ‘এই লোকটা এত জোরে দৌড়েছে কীভাবে? এটা কি কোনো রসিকতা?’ এমনকি ১৯৮৪ সালেও সে তৃতীয় ছিল। এরপর কীভাবে যেন ও জোরে দৌড়ানো শুরু করল। মানুষ জানত কী হচ্ছে। কিন্তু কেউ এটা নিয়ে কথা বলার সাহস পেত না।

.আপনি বলেছেন, আপনার সব পদকই সংগ্রহ করে রেখেছেন। আপনার কি কখনো সেগুলো আপনার ছেলেকে দেখাতে ইচ্ছা করে?

লুইস: আমার ছেলে দেখেছে। আমার মনে হয়, সময়টা গুরুত্বপূর্ণ, পদক নয়। সব দৌড় আর পদকের সবকিছু আমার মনে আছে। একদিন আমি এমন কিছু করতে চাই যাতে সবাই এগুলো দেখতে পারে।