>গত লিগে দলকে শিরোপার কাছে নিয়ে গেলেও হঠাৎ তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই জোসেফ আপুসি এবার লিগের দ্বিতীয় পর্বের শুরুতে ফিরলেন পুরোনো দলে। কাল শেখ রাসেলকে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেরার পর কথা বললেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ—

শেখ জামাল চ্যাম্পিয়ন হয়েই গেছে। কথাটা কি আমরা এখন বলতে পারি?
জোসেফ আপুসি: অঙ্কের হিসাবে হয়তো বলতে পারেন। কারণ, আমরা অনেকটাই এগিয়ে। তবে আমি এখনই নিজেকে চ্যাম্পিয়ন ভাবছি না। আমাদের কাজ আরও বাকি।
বাকি চার ম্যাচের দুটি জিতলেই চলবে। নিশ্চয়ই খুব স্বস্তি পাচ্ছেন?
আপুসি: সত্যি বলতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার কিছু নেই। একটা পেশাদার দল কখনো ম্যাচ হারতে চায় না। তাই আমিও বাকি চারটি ম্যাচেও জিততে চাই।
শেখ রাসেল এই ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিয়েছিল। ৩-২ গোলে পিছিয়ে পড়ার পর শেষ কয়েক মিনিটে জিতবেন ভেবেছিলেন?
আপুসি: আমি আশাবাদী ছিলাম। কারণ, আমি আমার খেলোয়াড়দের জানি। যেভাবে শেষ কয়েক মিনিট ওরা লড়াই করেছে, পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছে, কোচ হিসেবে এটা দেখতে দারুণ লেগেছে। সব কৃতিত্বই ছেলেদের। ওরা কখনো হাল ছেড়ে দেয়নি।
কী মনে হয়, কাদা মাঠ আপনাদের দিকে সহায়তার হাত বাড়িয়েছে?
আপুসি: কাদা মাঠে আসলে ভালো ফুটবল হয় না। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। আমি বলব, এমন মাঠে খেলা না হওয়াই উচিত। তবে হ্যাঁ, কাদা মাঠে আমরা চারটি গোল করেছি, আবার কাদা মাঠে তিনটি গোল হজমও তো করেছি।
শেখ রাসেল কোচ মারুফুল হক বলেছেন, শেষ দুটি গোল তাঁর দল আপনাদের উপহার দিয়েছে...
আপুসি: একজন পেশাদার কোচ হিসেবে তিনি কথাটা কীভাবে বললেন জানি না। এমন কথা বলা তাঁর উচিত হয়নি। কারণ, আমরা খেলেই জিতেছি। ওটা উপহার হতে যাবে কেন! প্রতিপক্ষ ভুল করবেই। সেই সুযোগই আমরা নিয়েছি। কোনো দল ভুল না করলে তো গোলই হবে না কখনো।
আপনি গতবার দলকে শিরোপার কাছে নিয়ে গিয়েও ক্লাব ম্যানেজমেন্টের আস্থা হারিয়ে চলে গিয়েছিলেন। এবার নিশ্চয়ই সেই দুঃখটা ভুলছে পারছেন...
আপুসি: কোচ হিসেবে যেকোনো সাফল্যই আনন্দের। গতবার তা পাইনি, এবার তা পেলে খুবই ভালো লাগবে। আমাকে আনা হয়েছে তো দলটাকে ঠিকঠাক লক্ষ্যে পৌঁছে দিতে। সেই কাজটা এখন পর্যন্ত ভালোভাবে করতে পেরে ভালো লাগছে, এটুকু বলতে পারি।
কদিন পরই শেখ জামাল এএফসি কাপ খেলতে কিরগিজস্তান যাচ্ছে। এই জয়টা নিশ্চয়ই আপনার দলকে আরও অনুপ্রাণিত করবে?
আপুসি: তা তো করবেই। তবে আন্তর্জাতিক ফুটবল আর ঘরোয়া ফুটবল এক নয়। আন্তর্জাতিক অঙ্গনে অনেক শক্ত দল পাবেন সামনে। তাতে ভালো করতে আরও ভালো ফুটবল খেলার বিকল্প নেই। আমি চাই, কিরগিজস্তানে শেখ জামাল চোখকাড়া ফুটবল খেলে সবার মন জয় করবে।
শেখ জামাল এর আগে কলকাতার আইএফএ শিল্ডে দুর্দান্ত খেলেছিল। আপনি ছিলেন কোচ। সামনে কি এমন সাফল্য আরও দেখতে পাব আমরা?
জোসেফ: সাফল্য বলে কয়ে আসে না। এর জন্য পরিশ্রম দরকার। শেখ জামালের জন্য আশার কথা, ক্লাব সভাপতি ও গোটা ম্যানেজমেন্ট অনেক সমর্থন দিচ্ছে। সুন্দর একটি মাঠ আছে। এত ভালো অবকাঠামো নিয়ে শেখ জামাল অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখে।