'এখনই সঠিক সময় বিদায়ের'
কাল শুরু হয়েছে মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের শেষ টেস্ট। ম্যাচ শুরুর আগে লঙ্কান ব্যাটসম্যান
কথা বললেন টেন ক্রিকেটের সঙ্গে—

আরেকটি বছর খেলতে পারতেন কি না
মাহেলা জয়াবর্ধনে: আর একটা বছর হয়তো খেলতে পারতাম। অনেকেই বলেছে এই কথা, আমিও যে ভাবিনি এমন নয়। তবে নিজেকে তো সবচেয়ে ভালো জানি আমিই। জানি, এখন কোন অবস্থায় আছি। সবচেয়ে বড় কথা হলো, নিজের সঙ্গে লুকোচুরি করার মানে হয় না। নিজেকে আরও এগিয়ে নেওয়া, আরও উন্নতি করার তাগিদটা আগের মতো আর অনুভব করছি না ভেতরে। অনুপ্রাণিত করতে পারছি না নিজেকে। এ জন্যই মনে হলো বিদায় নেওয়ার সময় এখনই। সময় আরেকজন তরুণকে সুযোগ করে দেওয়ার—দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে, নিজেকে সেরাদের কাতারে দেখার স্বপ্ন নিয়ে যে আসবে দলে। আমার তাই মনে হয়েছে সরে দাঁড়ানোর সঠিক সময় এটিই। অন্য অনেকের অনেক রকম মত থাকতেই পারে।
ভবিষ্যতের স্বপ্ন আঁকা
জয়াবর্ধনে: ১৯৯৬ বিশ্বকাপ। আমার মতো আরও অনেক কিশোর-তরুণের চোখে স্বপ্ন এঁকে দিয়েছিল বিশ্বকাপ শিরোপা জয়। আমি তখন স্কুলের শেষ বছরে। স্কুলে সেদিন বড় একটি ম্যাচ ছিল আমাদের। বাড়ি ফিরে টিভির সামনে বসে গিয়েছিলাম। অর্জুনাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা ছিল অসাধারণ এক অনুভূতি। ওই শিরোপা জয়ে আসলে মনে হচ্ছিল আমরাও এখন বিশ্ব ক্রিকেটের অংশ, ক্রিকেটের বড় একটি নাম। ওই দলের সবাই তখন আমাদের নায়ক। কেউ অরবিন্দ (ডি সিলভা) হতে চেয়েছে, কেউ সনাথ (জয়াসুরিয়া), হাশান (তিলকরত্নে), অশাঙ্ক (গুরুসিনহা), কালু (রুমেশ কালুভিথারানা), চামিন্ডা (ভাস) হতে চেয়েছে। ওরাই আমাদের পথ দেখিয়েছে ক্রিকেটের ভুবনে এগিয়ে চলার।
যে অর্জন বেশি মনে পড়বে
জয়াবর্ধনে: রেকর্ড-পরিসংখ্যানের কথা বললে একটিকে বেছে নেওয়া মুশকিল...এত এত কিছু আছে মনে রাখার মতো। তবে আমি পরিসংখ্যানের খুব বড় ভক্ত নই, রেকর্ড অত মনেও থাকে না। আমি ওসবের কথা বলব না। দিন শেষে আসলে সবচেয়ে বেশি মিস করব হয়তো সতীর্থদেরই। একসঙ্গে সফর করা, ক্রিকেট খেলা, ড্রেসিংরুমে পাশাপাশি কত স্মৃতি, মজা, জয়ের আনন্দ, উপভোগ করা, পরাজয়ে পরস্পরের পাশে থাকা, কঠিন সময়ে একতাবদ্ধ থাকা, এসবই সবচেয়ে বেশি মনে পড়বে। ওই মুহূর্তগুলোই সযত্নে লালন করব আজীবন। রেকর্ড-পরিসংখ্যান তো থেকে যাবেই, সবাই দেখছেই। তবে একসঙ্গে এই যে দীর্ঘদিনের ভ্রমণ, এটাই ছিল সবচেয়ে উপভোগ্য।
সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) বিদায়ী টেস্ট
জয়াবর্ধনে: ছেলেবেলা থেকে এসএসসিতে খেলে বড় হয়েছি। স্কুল ক্রিকেট, ক্লাব ক্রিকেট, এত দিনের আন্তর্জাতিক ক্রিকেট, এসএসসি আমার কাছে বাড়ির বাইরে বাড়ির মতো। এখানকার ক্লাব সদস্য, কর্মচারী, মাঠকর্মী সবাই সব সময় আমার দিকে খেয়াল রেখেছে, ক্যারিয়ারজুড়ে অনেক সাহায্য করেছে। এসএসসি সব সময়ই আমার ভেন্যু হয়ে থাকবে!
বিদায়ের আবেগ মাঠের ক্রিকেটকে ছাপিয়ে যাবে কি না
জয়াবর্ধনে: আবেগ কিছু থাকবেই। তবে আশা করি তা আমাকে পেয়ে বসবে না। ছেলেরা সবাই পেশাদার। জানে, এটা স্রেফ আমার বিদায়ী ম্যাচ নয়, গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচ। সিরিজ জয়ের সুযোগ আমাদের সামনে। ক্রিকেটেই মন থাকবে সবার।