>একটি টেস্ট, ১৩টি ওয়ানডে আর ১৪টি টি–টোয়েন্টি খেলেই থমকে আছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে জিয়াউর রহমান নিজে থামছেন না। প্রতিটি প্রিমিয়ার লিগেই ধুন্ধুমার কিছু ইনিংস খেলেন। কাল আবাহনীর বিপক্ষে ফতুল্লায় ৫৭ বলে অপরাজিত ৭৩ রান করার পর শেখ জামাল ধানমন্ডির ৩০ বছর বয়সী ব্যাটসম্যান কথা বললেন তাঁর বিধ্বংসী ব্যাটিং নিয়ে
* খুব হিসাবি ইনিংস খেললেন। আপনার খেলার ধরনই এখন এ রকম। যখন শট খেলা দরকার গ্যালারিতে বল পাঠান। চিন্তাভাবনা করেই এমন ব্যাটিং করেন?
জিয়াউর রহমান: তেমন কিছুই না। আসলে উইকেটটা খুব ভালো। ব্যাটিং সহায়ক উইকেট। আবহাওয়া সাহায্য করছে। আর ভালো খেলার জন্য আমি অনেক পরিশ্রম ও চেষ্টা করছি। সেটার সুফলই হয়তো পাচ্ছি।
*প্রতিবছরই লিগে আপনার এ রকম দু-একটি বিধ্বংসী ইনিংস দেখা যায়। কিন্তু ধারাবাহিক হয় না কেন?
জিয়া: সাত-আটে ব্যাট করলে কোনো দিন ব্যাট করার সুযোগ পাওয়া যায়, কোনো দিন যায় না। ওখানে নেমে নিয়মিত রান করা খুব কঠিন। যদি ওপরে ব্যাট করতে পারি, আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে। তখন তো থিতু হতে সময় পাওয়া যায়। নিচে ব্যাট করলে দু-এক দিন সুযোগ আসে। বেশির ভাগ সময় সুযোগ আসে না।
*আপনার এই সামর্থ্যের জন্যই একসময় জাতীয় দলে আপনাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হয়েছে। আবার ফেরার জন্য এই অল্প সুযোগগুলোই তো কাজে লাগাতে হবে...
জিয়া: অবশ্যই। সুযোগ যেটুকু পেয়েছি, আমার কাজে লাগানো উচিত ছিল। হয়নি, হয়তো আমার কপাল খারাপ বা কোথাও কিছুর অভাব ছিল। তবে আমি এখনো আশা ছাড়িনি। এখনো কঠোর পরিশ্রম করছি। সমস্যাগুলো নিয়ে কাজ করছি।
*লিগে তো ওপরের দিকে ব্যাট করছেন। এটা কি আগে থেকেই ঠিক করা ছিল?
জিয়া: না, আগে থেকে ঠিক করা ছিল না। তবে আমি আমাদের অধিনায়ক, কোচ এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে আলাপ করেছি, আমাকে যাতে একটু ওপরে খেলার সুযোগ দেওয়া হয়। যদি না পারি, তাহলে আমি আবার নিচের দিকে নামব। তখন তাঁরা বললেন, আমার ওপর তাঁদের আস্থা আছে। এরপর দুটো ম্যাচে ওপরে ব্যাট করে একটাতে ৪২ করেছি, আজ অপরাজিত ৭৩ করলাম। ওপরের দিকে আরও ম্যাচ খেললে আমি বেশি বেশি বল খেলার সুযোগ পাব। সেটা আমাকে সাহায্য করবে।
*আবাহনীর বিপক্ষে এ রকম একটা ইনিংস খেললেন। নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়বে...
জিয়া: অবশ্যই। তবে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ক্রিকেট এক বলের খেলা। অবশ্য এখন থেকে বেশির ভাগ ম্যাচ এ রকম উইকেটেই হবে। আশা করি, সব ঠিকঠাক থাকলে আরও ভালো কিছু করা সম্ভব।
*পেস বোলার হিসেবে খেলা শুরু করলেও সম্প্রতি যতবারই সংবাদমাধ্যমের সামনে এসেছেন, ব্যাটিংয়ে ভালো কিছু করেই। বোলিংয়ের দিকে কি মনোযোগ একটু কম দিচ্ছেন?
জিয়া: ২০০৯ সালে আমি গাজী ট্যাংকের হয়ে খেলার সময় চোটে পড়ি। এরপর ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে অ্যাংকেলে চোট লাগে। এরপর দুই বছর বোলিং করতে পারিনি। ওই সময় ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। ওটাই আমাকে ব্যাটিংয়ে ভালো করতে সাহায্য করেছে। কৃতিত্বটা সুজন ভাইকে (খালেদ মাহমুদ) দেব। তিনি আমাকে ব্যাটসম্যান হওয়ার সুযোগ দিয়েছিলেন। সেটা কাজে লাগাতে পেরেছি। তবে বোলিংটাও আমি ভালো করার চেষ্টা করছি এখন।