'এখনো পাহাড় ডিঙাতে পারব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণজিৎ দাস
রণজিৎ দাস

বাংলাদেশের খেলা কেমন দেখলেন?

রণজিৎ দাস: দল জিতলে বেশি ভালো লাগত। অনেক দর্শক এসেছে। সবাই তো আসলে নিজেদের সাফল্য দেখাতে চায়। তবে বাংলাদেশ দল হেরেছে বলে আমি মন খারাপ করিনি। আসলে অনেক দিন পর স্টেডিয়ামে গিয়ে সালাউদ্দিনসহ অনেকের সঙ্গে দেখা হলো, কথা হলো—এ সবই বেশি তৃপ্তি দিয়েছে আমাকে।

নিশ্চয়ই খেলা দেখতে দেখতে অনেক স্মৃতি উঠে এসেছে মনে...

রণজিৎ দাস: তা তো অবশ্যই। আমি খেলা শুরু করেছিলাম চল্লিশের শেষ দিকে। তখন অবশ্য এই স্টেডিয়ামটা ছিল না। এটির ভিত্তি স্থাপন হয়েছে আটান্নতে। তারপর ধাপে ধাপে আজকের এই অবস্থানে এসেছে। সে সময় আমরা আলিয়া মাদ্রাসা আর এমসি কলেজ মাঠে খেলতাম। ১৯৫৫-১৬৬০ পর্যন্ত টানা এক নম্বর গোলরক্ষক হিসেবে খেলেছি পূর্ব পাকিস্তান দলে। সে সময় অবশ্য আমার সিলেটে কমই থাকা হয়েছে। ঢাকায় খেলতাম আজাদ, মোহামেডানসহ অনেক দলে।

পুরোনো দিনের খেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়?

রণজিৎ দাস: মাঝে মাঝে হয়। আপনাদের গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পেলাম যে বছর, সেবার অনেকেরই শুভেচ্ছা পেয়েছি। এখনো ঢাকায় ওই অনুষ্ঠানে গেলে দেখা পাই অনেকের। আমার সময়ের অনেকেই আর নেই। জীবিতদের মধ্যে মিলাউ সিংয়ের সঙ্গে কদিন আগে এখানে দেখা হলো। সে বলল, ‘কী রে দোস্ত, আছিস কেমন...।’ দুজনে অনেক মজা করলাম।

আপনার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এই উচ্চতা নিয়ে এত ভালো গোলরক্ষক কীভাবে হয়েছিলেন?

রণজিৎ দাস: গোলকিপার হওয়ার পেছনে একটা গল্প আছে। আমাকে গোলকিপার বানিয়েছে কায়সার হামিদের বাবা প্রয়াত (কর্নেল) এম এ হামিদ। সে ছিল সিলেটে আমাদের এইডেড স্কুলের ফুটবল ক্যাপ্টেন। সে-ই একদিন একটা ম্যাচে আমাকে গোলকিপিং করতে বলল। সেটা করতে গিয়ে দল হারল। আমি ওকে ‘স্যরি’ বলেছিলাম...। কিন্তু ও বলল, ‘ঠিক আছে। চালিয়ে যাও।’ অন্য অনেকে উৎসাহ দিল বলেই গোলকিপিং জারি রাখলাম। পরে কঠোর পরিশ্রম করেছি।

আপনার খেলা তো এই প্রজন্ম বা তারও আগের প্রজন্মও দেখেনি। গোলরক্ষক হিসেবে আপনার বিশেষত্ব কী ছিল?

রণজিৎ দাস:  আমি লম্বা ডাইভ দিতে পারতাম। ওটা ছিল আমার সবচেয়ে বড় গুণ। নইলে ওই সময়ে পূর্ব পাকিস্তান টিমে টানা খেলে যাওয়া সহজ ছিল না। আমি কিন্তু পূর্ব পাকিস্তান হকি দলেরও গোলকিপার ছিলাম। মনে পড়ছে, বশির আহমেদসহ আমি একবার পাকিস্তান দলে সুযোগ পেতে ট্রায়াল দিতে গিয়েছিলাম। কত স্মৃতি...। বাড়িতে বসে বসে এসবই এখন রোমন্থন করি।