ডেনমার্কে আজ শুরু বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। সেখানে সবকিছু কেমন দেখছেন? বাংলাদেশ দলের লক্ষ্য কী? এসব নিয়েই কাল কোপেনহেগেন থেকে টেলিফোনে কথা বললেন দলের অন্যতম সেরা আর্চার শেখ সজীব

* কাল (আজ) প্রতিযোগিতা শুরু। আপনাদের প্রস্তুতি কেমন?
শেখ সজীব: বাংলাদেশে তিন মাস ধরে অনুশীলন করেছি আমরা। টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে হয়েছে আবাসিক ক্যাম্প। নতুন কোরিয়ান কোচ কিম হাগ ইয়ান আমাদের নিয়ে খুব আশাবাদী। এখানে এসেও তিনি একটু বেশি সময় ধরে অনুশীলন করাচ্ছেন। এখন দুপুরের খাবার খাচ্ছি। এরপরই অনুশীলনে যেতে হবে।
* কোপেনহেগেনের ভেন্যু কেমন?
সজীব: ইউরোপের ভেন্যু আমাদের চেয়ে অনেক ভালো হবে এটাই স্বাভাবিক। সুযোগসুবিধা, সরঞ্জাম সবই আধুনিক। তবে এখানকার ঠান্ডা আবহাওয়া আমাদের জন্য বড় সমস্যাই।
* সেটা কেমন?
সজীব: এখানে আসার পর থেকেই আমরা সবাই প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। একটু আগে বৃষ্টিও হয়েছে। এমন পরিবেশে আমরা কতটা ভালো করতে পারব ঠিক বুঝতে পারছি না।
* বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে শহরে কেমন সাড়া দেখছেন?
সজীব: একটু সাড়া তো আছেই। আমরা যে হোটেলে উঠেছি, সেখান থেকে খানিক পাশেই বিমানবন্দর। শহরে অনেক পর্যটক এসেছে খেলা দেখতে। এখানে ২০০৯ সালে আর্চারির বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। ডেনমার্ক দলটাও অনেক শক্তিশালী। ওদের খেলা দেখতেও অনেকে আসবে মনে হচ্ছে।
* অন্য দেশের তিরন্দাজদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে আপনাদের?
সজীব: না। তবে আমাদের সাবেক কোচ যুক্তরাজ্যের রিচার্ড প্রিয়েস্টম্যানের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে। তিনি বর্তমানে কলম্বিয়ার কোচ।
* সাবেক কোচ আপনাদের দেখে কী বললেন?
সজীব: তেমন কথা হয়নি। শুধু অনুশীলন দেখতে এসেছিলেন। আমাদের খোঁজখবর নিলেন। কেমন চলছে জিজ্ঞাসা করলেন। শুভেচ্ছাও জানালেন।
* আগামী বছর রিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেতে খুব ভালো করতে হবে আপনাদের। পারবেন তো?
সজীব: চেষ্টা তো সবাই করব। অন্তত সেরা আটের মধ্যে থাকতেই হবে আমাদের। তাহলে হয়তো সুযোগটা পেতেও পারি। এর আগে ইরানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সুযোগটা হাতছাড়া হয়েছিল আমার। সেবার ইরান থেকে সেরা তিনজন সুযোগ পেলেও আমি পঞ্চম হয়েছিলাম।
* এবার তো প্রতিদ্বন্দ্বিতা অনেক কঠিনই হবে...
সজীব: তা হোক। তবে এবার আমি একটু বেশি আত্মবিশ্বাসী। গতবার যেহেতু ইরানে ভালো করেছিলাম, এবার তাই আত্মবিশ্বাস বেড়েছে।
* আপনার সতীর্থ আর্চাররাও কী একই রকম আশাবাদী?
সজীব: সবাই আশাবাদী। কঠিন পরিশ্রম করছে। এবার ঈদুল ফিতরের জন্য ছুটি দেওয়া হয়নি কাউকে। সরাসরি অলিম্পিকে খেলতে কোটা প্লেস পেতে আমরা হাসিমুখেই মেনে নিয়েছি।
* আপনারা তো বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটাও নিশ্চয়ই নতুন এক অভিজ্ঞতা?
সজীব: হ্যাঁ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ইরানে সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ আর্চারি। এরপর নভেম্বরে থাইল্যান্ডে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে সামনে ব্যস্ত সময়ই আমাদের সামনে। ডেনমার্কে সুযোগ হাতছাড়া হলেও এই দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সম্ভাবনা আছে। এই টুর্নামেন্টগুলো থেকে বিভিন্ন দেশের অন্তত ১৬ জনকে দেওয়া হবে রিও অলিম্পিকের টিকিট।