
এই প্রথম বাংলাদেশের ১৮ জন অ্যাথলেটের বিশাল বহর দেশের বাইরে (ভারতের ভুবনেশ্বর) গেছে প্রশিক্ষণ ক্যাম্প ও এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিতে। কেমন চলছে সেই প্রশিক্ষণ? ভুবনেশ্বর থেকে কাল ফোনে বললেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ
l ভুবনেশ্বরে এরই মধ্যে প্রায় দুই সপ্তাহ প্রশিক্ষণ হয়েছে আপনাদের। তা কেমন হচ্ছে সবকিছু?
মেজবাহ আহমেদ: প্রশিক্ষণ বেশ ভালোই হচ্ছে। এখানে নতুন ট্র্যাক, নতুন পরিবেশ, আবহাওয়াসহ সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছি আমরা। যদিও গরমটা একটু বেশি, তবে আমাদের এখন আর সমস্যা হচ্ছে না। গত দুই সপ্তাহে মনে হচ্ছে নতুন একটা জীবনে প্রবেশ করেছি।
l এমনিতে ঢাকায় আপনারা যে অনুশীলন করেন, তার চেয়ে ভুবনেশ্বরে পার্থক্য কী?
মেজবাহ: পার্থক্য আছে। এখানে আধুনিক অনুশীলন-সুবিধা পাচ্ছি। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকায় আমরা জিম-সুবিধা পাই না। এখানে এসে এমন জিম পেয়েছি, যা ভাবতেও পারিনি। জিমের ছবি ভিডিও করে রেখেছি। তা ছাড়া বাকি সব অনুশীলন-সুবিধাও আমাদের কাছে নতুন। আমাদের এখানে অনুশীলন, খাওয়াদাওয়া আর বিশ্রাম ছাড়া অন্য কোনো ভাবনা নেই। শতভাগ মনোযোগ রাখতে পারছি। যেটা দেশে থাকে না।
l এই নতুন পরিবেশে আপনার পারফরম্যান্সের কেমন উন্নতি হচ্ছে?
মেজবাহ: এক শ মিটার স্প্রিন্টে ভালো করছি। যদিও এখন হাতঘড়িতেই টাইমিং দেখা হচ্ছে। তাই সময় ধরে বলতে পারব না। আমার চোখ দেশে আগামী সামার মিটের দিকে, যেখানে আমি দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখাতে চাই। তারপর আগস্টে লন্ডনে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই দুটি মিটের জন্য নিজেকে প্রস্তুত করছি।
l অন্য কারও পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আছে?
মেজবাহ: অবশ্যই আছে। সবাইকে ছাপিয়ে আমাদের হ্যামার থ্রোয়ার হেদায়েত হোসেন দারুণ করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের এই থ্রোয়ার ঢাকায় ৪৫-৪৬ মিটার ছুড়তেন, এখন এখানে এসে ছুড়ছেন ৫০ মিটারের ওপরে। এটা দেখে সবাই অবাক!
l নিশ্চয়ই সেখানে উন্নত মানের কোচ আছেন, তাই উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী?
মেজবাহ: হেদায়েতের কোচ যিনি, তাঁর ছাত্রছাত্রীরা নাকি অলিম্পিকেও খেলেন। কাজেই তাঁর হাতে পড়ে হেদায়েত অনেক দূর এগিয়ে গেছেন। আমার বিশ্বাস, এভাবে উন্নত মানের কোচ পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারব।
l এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড তো ৬ জুলাই শুরু। এই মিটে বাংলাদেশের তেমন সম্ভাবনা নেই জানি। তবু এখন কি আত্মবিশ্বাস একটু বেড়েছে?
মেজবাহ: কিছুটা বেড়েছে। তবে আমরা জানি, এই প্রতিযোগিতা অনেক বড়। এখানে ফাইনালে খেলতে পারা আমাদের মতো অ্যাথলেটদের জন্য বিরাট পাওয়া।
l ওখানে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের অ্যাথলেটরা ক্যাম্প করছে?
মেজবাহ: শ্রীলঙ্কা, ওমান দল এসেছে। তারাও এখানে অনুশীলন করছে। ভারতের কিছু অ্যাথলেট এরই মধ্যে এখানে চলে এসেছে। অন্যরা আছে পাঞ্জাবে।
l আপনাদের থাকা-খাওয়ার ব্যবস্থাটা কেমন? এগুলো তো আয়োজকেরাই দিচ্ছে?
মেজবাহ: আসার পর হোটেলে তোলা হয়েছিল আমাদের। আজই (গতকাল) অফিশিয়াল হোটেলে উঠলাম। খাওয়াদাওয়ার সমস্যা নেই। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছে আমাদের।