'এখানে পরীক্ষাই দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটন কুমার দাস
লিটন কুমার দাস
পরীক্ষার জন্য প্রস্তুত। এখন শুধু পরীক্ষায় বসার পালা। সেই পরীক্ষা ব্যাট হাতেই হোক কিংবা কিপিং গ্লাভস হাতে, সুযোগ পেলে টেস্ট অভিষেকটাকে স্মরণীয় করে রাখতে চান লিটন কুমার দাস। কাল ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন শেষে সেই প্রস্তুতির কথাই জানালেন এই তরুণ ক্রিকেটার

টেস্ট অভিষেকের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আপনি। কতটা রোমাঞ্চিত?
লিটন কুমার দাস: খুব একটা রোমাঞ্চিত নই। চেষ্টা করব সুযোগ পেলে ভালো খেলতে। একজন খেলোয়াড়ের সব সময়ই লক্ষ্য থাকে ম্যাচ খেলার। যদি এটা হয় তো, আমার জন্য খুব ভালো। নিজেকে ভাগ্যবান মনে করব যে এত বড় একটা দলের বিপক্ষে খেলব, টেস্ট ক্রিকেটে যারা খুব ভালো অবস্থানে আছে। এই দলের সঙ্গে খেলতে পারলে নিজেকে সুখী মনে করব।
টেস্ট খেলতে নামার আগে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে আপনার কী ধারণা? এর সংখ্যাটা আপনার কাছে কী রকম?
লিটন: ক্রিকেটের আসল খেলাটাই হচ্ছে টেস্ট। শুরুটাই হয়েছে টেস্ট দিয়ে। প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে টেস্ট খেলা। আমার যদি টেস্ট অভিষেক হয়ে যায়, তাহলে বলব আমি অনেক ভাগ্যবান। আমার চিন্তাটা হচ্ছে, টেস্ট অনেক ধৈর্যের খেলা। এর নামই হচ্ছে টেস্ট। কাজেই এখানে পরীক্ষাই দিতে হবে।
অভিষেক টেস্ট নিয়ে সবারই পরিকল্পনা থাকে, স্বপ্ন থাকে। আপনার সে রকম কিছু আছে?
লিটন: এটা একটা বড় সুযোগ আমার জন্য। ভারতের বিপক্ষে যদি আমি ভালো পারফরম্যান্স করতে পারি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তবে আমার কোনো লক্ষ্য নেই। দল যেখানে চাইবে, সেখানে খেলেই শতভাগ দেওয়ার চেষ্টা করব।
অভিষেক টেস্টে বিশেষ কিছু করার স্বপ্ন নেই!
লিটন: এটা সব খেলোয়াড়েরই থাকে। আমিও চেষ্টা করব শতভাগ দেওয়ার। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।
ঘরোয়া ক্রিকেটে আপনি ওপরের দিকে ব্যাটিং করেন। জাতীয় দলে একটু পরের দিকেও নামতে হতে পারে। কীভাবে মানিয়ে নেবেন?
লিটন: আমার মনে হয়, ওপেনার হিসেবে যখন লম্বা ইনিংস খেলি তখনো স্পিন সামলাতে হয়। একটা ইনিংস গড়তে গেলে ব্যাটসম্যানকে স্পিন, পেস দুটোর বৈচিত্র্যের মধ্য দিয়েই যেতে হয়। মনে হয় না ওপেনার হলেও পেছনের দিকে খেলতে আমার সমস্যা হবে।
যদি সাত বা আটে খেলতে হয়, ওসব জায়গার ব্যাটসম্যানদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন?
লিটন: আমি ওসব জায়গায় খেলেছি। শেষ দুটো মৌসুমে খেলিনি, ওপেন করেছি। এর আগে যখন শুরু করেছি তখন ৫, ৬, ৭ নম্বরেই খেলতাম।
এই টেস্ট খেললে আপনাকে উইকেটকিপিংও করতে হতে পারে। তো ব্যাটিং-কিপিং দুটির মধ্যে ভারসাম্য ধরে রাখার ব্যাপারে কতটা প্রস্তুত?
লিটন: আমি যদি কিপিং না করতাম তাহলে আমাকে ফিল্ডিং করতে হতো। সেটা ৫০ ওভার হোক, চার দিনের ম্যাচ, টেস্ট যেটাই হোক না কেন। কাজেই ফিল্ডিং করা আর কিপিং করা প্রায় একই কাজ।
কিন্তু আপনি তো শট খেলতে অনেক পছন্দ করেন। টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন হবে না?
লিটন: এটা কোনো বিষয় না। আসলে পরিস্থিতির দাবি অনুযায়ীই ঠিক হবে ওই সময়টায় কী করতে হবে। মারতে হবে, না উইকেটে থাকতে হবে।
দেশের ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে আদর্শ মানেন?
লিটন: সত্যি বলতে, দেশে আমি সেভাবে কাউকে অনুসরণ করি না, দেশের বাইরে করি। আমার ফেবারিট উইকেটকিপার ছিলেন মার্ক বাউচার, তিনি অবসর নিয়েছেন। এখন মাইকেল ক্লার্কের খেলা ভালো লাগে।