'এটা একধরনের স্বীকৃতিও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারুক আহমেদ
ফারুক আহমেদ
বিপিএল শেষ হলেও মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না টি-টোয়েন্টির চিন্তা। উল্টো জাতীয় দলের খেলোয়াড়েরা যেন নতুন করে টি-টোয়েন্টির স্রোতে গা ভাসানোরই অপেক্ষায়! এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক দল নির্বাচনী সভা শেষে কাল তা নিয়েই কথা বললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ

* এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল তো মোটামুটি ঠিকই করে ফেলেছেন। দল সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়?

ফারুক: আমাদের হাতে একটা দল তো সব সময়ই থাকে, যে দলটা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে। আমরা এ বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছি, জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছি। সেসব খেলোয়াড় তো থাকবেই। এ ছাড়া বিপিএলে কিছু খেলোয়াড় ভালো খেলেছে। মোটামুটি ২৪-২৫ জনের একটা স্কোয়াড। সেটার জন্য খুব বেশি চিন্তা করতে হয়নি। ২৩ ডিসেম্বর (আগামীকাল) ক্রিকেট পরিচালনা কমিটির সভার পর দলটা বোর্ডে জমা দেওয়া হবে। ক্যাম্প শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
* প্রাথমিক দল নির্বাচনে বিপিএলের পারফরম্যান্স কতটা গুরুত্ব দেওয়া হয়েছে?
ফারুক: এবারের বিপিএল খুবই সফল হয়েছে বলে আমি মনে করি। যদিও রান একটু কম হয়েছে। টি-টোয়েন্টিতে রান বেশি হলেই ভালো লাগে। অবশ্য টুর্নামেন্টটা হয়েছে নভেম্বর-ডিসেম্বরে। এ সময় পুরোপুরি শুকনো উইকেট পাওয়া মুশকিল। তা ছাড়া মাত্র দুটি ভেন্যুতে খেলা হলে উইকেট বিশ্রামও কম পায়। সে জন্য উইকেট ব্যাটিংবান্ধব ছিল না। তারপরও বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা দেখেছি, বেশ কিছু খেলোয়াড় ভালো পারফর্ম করেছে।
* একেবারেই নতুন কারও কি থাকার সম্ভাবনা আছে প্রাথমিক দলে?
ফারুক: সম্ভাবনা তো অবশ্যই আছে। বোলাররা অনেক ভালো খেলেছে বিপিএলে। ব্যাটিংয়েও কয়েকজনের খেলা ভালো লেগেছে। মনে হয়েছে ওরাও টি-টোয়েন্টিতে ভালো করতে পারে। সে রকম দু-একটা মুখও হয়তো দেখতে পাবেন প্রাথমিক দলে।
* প্রাথমিক দল নির্বাচন নিয়ে নিশ্চয়ই কোচ, অধিনায়কেরও মতামত নিয়েছেন...
ফারুক: টুর্নামেন্ট চলাকালে অধিনায়কের সঙ্গে সব সময়ই টুকটাক কথা হতো। কোচের সঙ্গে দুই নির্বাচক কথা বলেছেন, আমিও আজ (গতকাল) কথা বলেছি। তাদের মতামত থাকেই। আর আমরা তিন নির্বাচক বিপিএলের প্রতিটি ম্যাচই মনোযোগ দিয়ে দেখেছি। সে জন্য কাজ করা অনেক সহজ হয়েছে।
* পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এটাকে কীভাবে দেখছেন?
ফারুক: এটা বিরাট একটা ব্যাপার। এ রকম উন্মুক্ত টুর্নামেন্টে শক্তিশালী দলগুলোর খেলোয়াড়েরাই বেশি থাকে। এর আগে এ ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খুব বেশি খেলোয়াড়কে আমরা দেখিনি। সাকিবই সবচেয়ে বেশি খেলেছে। এবার তিন-চারজন খেললে সেটা আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। এটা একধরনের স্বীকৃতিও। আমরা যে ভালো খেলছি এবং আমাদের খেলোয়াড়েরা যে উন্নতি করছে, এটা তার প্রমাণ। যারা সুযোগ পেয়েছে তারা তো সম্মানিত হয়েছেই, আমার মনে হয় পুরো দেশকেই ওরা সম্মানিত করেছে। আশা করি, আমাদের আরও কয়েকজন খেলোয়াড়ও সেখানে সুযোগ পাবে।