
প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকেই আছেন দারুণ ছন্দে। দুই সেঞ্চুরি আর তিন ফিফটিসহ লিগে করেছেন সর্বোচ্চ ৭১৪ রান। সেই পারফরম্যান্সেরই ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় লিগের প্রথম ম্যাচেও ঢাকার হয়ে ডাবল সেঞ্চুরি করলেন বরিশালের বিপক্ষে। ওপেনার রনি তালুকদার এটাকে মনে করেন তাঁর পরিশ্রমের ফসল
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন। খুব ভালো লাগছে নিশ্চয়ই...
রনি তালুকদার: অনেক ভালো লাগছে। এটা সামনের ম্যাচগুলোর জন্য আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে।
প্রথম দিন শেষে ১০৩ রানে অপরাজিত ছিলেন। ডাবল সেঞ্চুরির স্বপ্ন কি দেখেছিলেন?
রনি: আজকে (গতকাল) যখন শুরু করি, মনে মনে ভাবছিলাম শূন্য থেকে শুরু করছি। নতুন সকাল, শুরুটা ভালো করতে হবে। দেড় শ পার হওয়ার পর মনে হলো, উইকেটটা ভালো। টিকে থাকলে ডাবল সেঞ্চুরি করতে পারব। আর রকিবুল ভাই আমাকে সাহায্য করছিলেন অনেক।
প্রিমিয়ার লিগ থেকেই আপনি দারুণ ফর্মে। জাতীয় লিগেও শুরুটা হলো দারুণ। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার রহস্য কী?
রনি: ভালো খেলার পেছনে আছে কঠোর পরিশ্রম। অফ সিজনে প্রচুর পরিশ্রম করেছি। জাহাঙ্গীর ভাই আমাকে নিয়ে অনেক কাজ করেছেন। সেটারই ফল পাচ্ছি।
প্রতিটি সাফল্যের পরই নতুন স্বপ্ন তৈরি হয়। আরও ভালো কিছু করার ইচ্ছা জাগে। আপনার মনেও কি সে রকম কিছু আছে?
রনি: প্রিমিয়ার লিগের পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমি জাতীয় লিগটা শুরু করতে পেরেছি। প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি করার পর আমার লক্ষ্য এখন প্রতিটি ম্যাচেই ভালো কিছু করা।
জাতীয় দলে খেলার স্বপ্নও কি উঁকি দেয় না মনে?
রনি: জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। তবে আমার স্বপ্ন হলো যদি কখনো জাতীয় দলে সুযোগ পাই, সুযোগটা ধরে রাখা। সেটার জন্য প্রস্তুত হয়েই যেন আমি ঢুকতে পারি জাতীয় দলে।
প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে তিন বছর খেলেছেন। বড় দলে খেলাটা কি আপনার প্রস্তুতি বা খেলার উন্নতিতে কোনোভাবে সাহায্য করেছে?
রনি: হ্যাঁ, বড় দলে অনেক চাপ থাকে। দর্শক, কর্মকর্তাদের চাপ। তাছাড়া সুযোগ-সুবিধাও ভালো পাওয়া যায়। এ রকম দলে খেলার অভিজ্ঞতা থাকলে অন্য দলগুলোতে খেলা অনেক সহজ হয়ে যায়।
জাতীয় লিগের প্রথম ম্যাচেই ব্যাটসম্যানরা রান পেয়েছেন। আপনি ছাড়াও আরও কয়েকজন সেঞ্চুরি করেছেন। প্রিমিয়ার লিগের পর মাঝে খুব বেশি দিন বিরতি না থাকাতেই কি এটা হলো? সবাই খেলার মধ্যে আছে...
রনি: এটা একটা কারণ। প্রিমিয়ার লিগে সবাই অনুশীলনের মধ্যে ছিল। সেখানে যারা ভালো করেছে তাদের বাড়তি একটা আত্মবিশ্বাস তো আছেই। সেই ধারাবাহিকতায়ই সবাই রান করতে পারছে।
ব্যাটসম্যান হিসেবে কোন জিনিসটাকে আপনি আপনার শক্তিমত্তার দিক মনে করেন?
রনি: আগে আমি মনঃসংযোগ ধরে রাখতে পারতাম না। এটা নিয়ে অনেক কাজ করেছি। মাঠে ফোকাসড থাকা, মনোযোগ ধরে রাখা। প্রিমিয়ার লিগে আমাদের দলে খেলেছিল ডেভিড মালান। সে সব সময় বলত, ফোকাসড থাকো, ফোকাসড থাকো। তাহলে বলটাকে ভালো দেখতে পাবে। মনোযোগ ধরে রাখো।
ডাবল সেঞ্চুরি কাউকে উৎসর্গ করবেন?
রনি: এটা আমি আমার প্রয়াত বাবাকে উৎসর্গ করতে চাই। উনি আর আমাদের মাঝে নেই। ১১ মাস আগে চলে গেছেন। আমার এত দূর আসার পেছনে ওনারই সবচেয়ে বড় ভূমিকা। আমরা তিন ভাই খেলাধুলা করতাম। বড় ভাই দ্বিতীয় বিভাগের পর আর খেলল না। ছোট ভাই জনি তালুকদার পারটেক্সে খেলেছে। বাবার স্বপ্ন ছিল, আমরা যেকোনো একটি ভাই জাতীয় দলে খেলব।