'এটাও দেখা উচিত, আমাদের এখানে কোন মাপের খেলোয়াড় আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল বারী
সাইফুল বারী

রবার্ট রুবচিচ ও লোডভিক ডি ক্রুইফের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন। নিকট অতীতে অন্য বিদেশি কোচদেরও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সাইফুল বারীর। কেমন দেখলেন তাঁদের? এ নিয়েই বলছেন বর্তমানে চট্টগ্রাম আবাহনীর কোচ
* বাংলাদেশ দলের বিদেশি কোচদের নিয়ে আপনার মূল্যায়ন কী?
সাইফুল বারী: প্রথমেই মেনে নেওয়া ভালো, বাংলাদেশে কাজ করতে সর্বোচ্চ মানের বিদেশি কোচ আসবেন না। তবে আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে রবার্ট রুবচিচ ছিলেন উঁচু মানের। কিন্তু তাঁর সমস্যা ছিল খুব একটা ইংলিশ জানতেন না। তাই হয়তো খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটা আমিই বেশিই করেছি।
* আপনি তো ডি ক্রুইফের সঙ্গেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতা কেমন?
সাইফুল: ক্রুইফের উপস্থিতিই ছিল অন্য রকম। খেলোয়াড়দের সামনে দাঁড়ানো, তাঁর কণ্ঠ, তাদের সঙ্গে কথা বলার ভঙ্গি...এসব চোখ টানত আমার। তাঁর ম্যাচ রিডিংও ভালো ছিল। খেলোয়াড়েরা কী করতে পারে, সেটা ভালোই বুঝতেন ক্রুইফ।
* আর ডিডো?
সাইফুল: ডিডোর সঙ্গে কাজ করিনি। মানিক ভাই করেছেন। তবে এটা বলতে পারি, ডিডোর কোনো কোচিং সনদ ছিল না। যদিও খেলোয়াড় হিসেবে খুব ভালো ছিলেন। কোচ হিসেবেও ভালো ছিলেন বলেই জানি। আসলে কী মানের কোচ আসে, সেটার সঙ্গে দেখা উচিত, আমাদের এখানে কোন মাপের খেলোয়াড় আছে। কোচদের কতটা নিতে পারছে আমাদের ফুটবলাররা। কারণ দিন শেষে তো ফুটবলাররাই খেলে। কোচের সাফল্য-ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে ফুটবলারদের ওপর।
* আপনার কী মনে হয়, আমাদের খেলোয়াড়েরা বিদেশি কোচদের কেমন বুঝতে পারেন?
সাইফুল: সত্যি বলতে, আমাদের এখানে তো তৃণমূল থেকে শিখে আসে না ছেলেরা। ফলে সমস্যা হয়। কোচ এসে আশা করেন, জাতীয় দলে ভালো মানের ফুটবলার পাবেন। কিন্তু সেটা কতটা পান, প্রশ্ন তো আছে।
* এই যে কোচ আসে, কোচ যায়। এটা কি কোচদের ব্যর্থতা? নাকি আমাদের?
সাইফুল: একটা বিষয় লক্ষ করুন, ভুটানকে হারাতে পারলে আজ সেন্টফিটই বাংলাদেশের কোচ থাকতেন। তার মানে ফলটাই এখানে আসল। এখানে কোচের ব্যর্থতাকে আমি বড় করে দেখব। অন্য কিছু খুঁজে লাভ নেই। কোচ যদি বলেন, সহযোগিতা পাননি, তাহলে ধরে নিতে হবে সহযোগিতা আদায় করতে পারেনি তিনি। আসলে আমাদের এখানে তৃণমূলে যদি কাজ হয়, কাঠামো গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে হয়তো কোচ এসে টিকবে। নইলে বর্তমান কাঠামোয় টিকবে না। আসা-যাওয়া চলতেই থাকবে।
* কিন্তু এভাবে বারবার কোচ পাল্টানোয় বাংলাদেশ তো একটা নির্দিষ্ট খেলার ধারা তৈরি করতে পারছেন না...
সাইফুল: পারবে না, কারণ কোচের নির্দিষ্ট কোনো ধারা নেই। তাঁর হাতে কেমন খেলোয়াড় আছে, সেটাই আসল। খেলোয়াড়দের সামর্থ্য, আবহাওয়া ইত্যাদি সঙ্গে মানিয়ে একটা পরিকল্পনা তৈরি করেন কোচ। সেটা কতটা সফল হয়, তার ওপরই নির্ভর করে সবকিছু। স্পেন যেমন টিকি-টাকা খেলেছে, সেটা আমরা পারিনি, কারণ ছোট থেকে খেলোয়াড়দের আমরা গড়ে তুলিনি।
* কিন্তু আপনি কী মনে করেন, স্থানীয়দের চেয়ে এই বিদেশিরা ভালো কোচ?
সাইফুল: আমি সরাসরি কিছু বলতে চাই না। তবে সব বিদেশি এক রকম হবে না, এটাও সত্য। আমি বরং বলব, আমাদের স্থানীয় কোচদের প্রমাণ করতে হবে, আমরাও সাফল্য আনতে পারি।
* অনভিজ্ঞ এবং ৩৭ বছর বয়সী নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড কেমন হবেন মনে করেন?
সাইফুল: তাঁর সিভিতে দেখলাম, দেশ বা ক্লাব কোনো পর্যায়েই মূল দলে কাজ করেননি। তবে সহকারী হিসেবে কাজ করেছেন। সবাইকেই একসময় সহকারী থাকতে হয়। হোসে মরিনহোও ছিলেন। কাজেই ওয়েট অ্যান্ড সি।