'এত ঠান্ডায় আগে খেলিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির উদ্দিন
নাসির উদ্দিন

ভুটানের কিংস কাপে খেলতে গেছে শেখ জামাল ধানমন্ডি ও আবাহনী। থিম্পুর আয়োজন কেমন? বাংলাদেশের ক্লাব দুটি নিয়ে স্থানীয়রা কী বলছেন? এসব নিয়েই কাল সন্ধ্যায় ফোনে কথা হলো শেখ জামাল অধিনায়ক নাসির উদ্দিনের সঙ্গে
থিম্পুতে তো কয়েক দিন কাটিয়ে দিলেন। কেমন লাগছে?
নাসির উদ্দিন: এমনিতে সব ঠিক আছে। তবে ঠান্ডা অনেক। আজ তো মাইনাস ২ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা। বলতে পারেন শীতে আমাদের অবস্থা কাহিল। এত শীতের আক্রমণে কখনো পড়িনি।
আপনারা তো এমন ঠান্ডায় খেলতে অভ্যস্ত নন। তাহলে কি খুব সমস্যা হচ্ছে?
নাসির: প্রথম দিকে ঠান্ডাটা খুব ভুগিয়েছে। এখন আস্তে আস্তে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার পরও নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসার সময় তো গরম কাপড় নিয়ে এসেছি, এখানে আসার পর ঢাকা থেকে আরও গরম কাপড় পাঠাচ্ছে ক্লাব।
ওখানকার মাঠ কেমন?
নাসির: টার্ফে খেলা হয়। কিন্তু এই টার্ফে খেলতে অসুবিধা হচ্ছে আমাদের। বল লাফায়। মানে টার্ফের সঙ্গে বলের যে একটা যোগসূত্র, সেটা ঠিকভাবে না হওয়ায় আমরা স্বাভাবিক পাসিং ফুটবলটা খেলতে পারছি না।

আপনাদের নিয়ে আয়োজকদের উচ্ছ্বাস কেমন?
নাসির: শুরুতে ওরা আমাদের অতটা গোনায় ধরেনি। কিন্তু প্রথম ম্যাচে আমরা যখন দ্রুক ইউনাইটেডকে ৩ গোলে হারালাম, ওরা একটু নড়েচড়ে বসল। শেখ জামাল ভালো দল, এটা এখানকার সবাই বলছে এখন। থাইল্যান্ডের নাখন রাতচাসিমা, নেপালের মানাং মার্সায়াংদি, আমরা আর মোহনবাগানকেই ওরা আসলে ফেবারিট ভাবছে। এই চারটি দলকে সেমিফাইনালে দেখছে আয়োজকেরা।
তাহলে আমাদের আবাহনী?
নাসির: আবাহনী প্রথম ম্যাচটা আসাম ইলেকট্রিসিটির সঙ্গে জিতেছে ১ গোলে। দ্বিতীয় ম্যাচে ওরা ১ গোলে হেরেছে ভুটানের উগেন একাডেমির সঙ্গে। আমরা তো চাইবই আবাহনী সেমিফাইনাল-ফাইনাল খেলুক। তবে আবাহনী এখনো নিজেদের দাপট দেখাতে পারেনি। আশা করি, পরের ম্যাচে ওরা ভালোভাবে নিজেদের চেনাবে।
উগেন একাডেমির তরুণদের সঙ্গে আবাহনীর হারটা বেশ অবাক করার মতো। ম্যাচটা আপনি দেখেছেন?
নাসির: আমি দেখিনি, তবে আমাদের অনেকে দেখে বলল, আবাহনী অনেক সুযোগ নষ্ট করেছে। যে কারণে জিততে পারেনি। ভুটানের একাডেমি দলটার তরুণেরা রানিংয়ে বেশ ভালো। এসবই আসলে ম্যাচের ফল গড়ে দিয়েছে।
কলকাতার মোহনবাগান কি ভুটান গিয়েছে?
নাসির: ওরা এখনো আসেনি। সম্ভবত কাল (আজ) আসবে। ২২ তারিখ মোহনবাগানের প্রথম ম্যাচ।
আপনাদের দ্বিতীয় ম্যাচটা নিয়ে কিছু বলুন...
নাসির: আমাদের দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের নাখনন দলের সঙ্গে। ওরা খুব ভালো দল। আমরা ভুটানের যে দলটাকে ৩ গোলে হারিয়েছিলাম, সেই দলকে ওরা ৫ গোল দিয়েছে। বুঝতেই পারছেন দলটা বেশ শক্তিশালী। তাদের সঙ্গে আমাদের ম্যাচটা জমবে। আমার মনে হয় ম্যাচটা ৫০-৫০।
এমনিতে এই টুর্নামেন্ট নিয়ে থিম্পুর লোকজনের সাড়া কেমন?
নাসির: সাড়া ভালোই। তবে লোকজন খেলা দেখবে কী, ঠান্ডাতেই তো সবাই ঘরে ঢুকে গেছে। একটা সুবিধা হলো, আমাদের মতো ট্রাফিক থাকার প্রশ্ন নেই। ছোট্ট শহর, লোকজন মাত্র কয়েক লাখ। কাজেই চলাফেরা করে মজা আছে। আর এখানে শুধু পাহাড় আর পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে স্টেডিয়ামে। দেখতে বেশ ভালোই লাগে।
টুর্নামেন্টের সামগ্রিক আয়োজন কেমন লাগছে?
নাসির: আয়োজন ভালোই। তবে আহামরি কিছু নয়। খাওয়াদাওয়া আমাদের মতোই। তবে এসব নিয়ে না ভেবে আমরা খেলার দিকেই মন দিচ্ছি। কারণ এখান থেকে ট্রফি নিয়ে যাওয়ার জন্যই এসেছি আমরা। কলকাতার আইএফএ শিল্ডে দারুণ খেলার পর ভুটানে ভালো খেলার একটা তাড়া আমাদের নিজেদের মধ্যেই আছে প্রবলভাবে।