'এত বাজে পারফরম্যান্স মেনে নেওয়ার মতো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডের পরের সংবাদ সম্মেলনে তবু সেঞ্চুরিয়ান এনামুল হককে (বিজয়) পাঠিয়ে পার পেয়েছেন। ৭০ রানে অলআউট হওয়া দ্বিতীয় ওয়ানডের পর যে সে উপায়ও ছিল না! সবার পারফরম্যান্স এতটাই খারাপ যে, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসার মতো কোনো প্রতিনিধিই খুঁজে পাওয়া গেল না। অগত্যা ন্যাশনাল স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাজির হলেন অধিনায়ক মুশফিকুর রহিমই। যেখানে ওয়েস্ট ইন্ডিজের কোনো সাংবাদিকই নেই। বাংলাদেশেরও মাত্র দুজন। হতাশ-বিষণ্ন মুশফিক তখনো যেন মেনে নিতে পারছিলেন না একটু আগে ঘটে যাওয়া বিপর্যয়।

মাত্র ৭০ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। সমস্যাটা আসলে কোথায়?

মুশফিকুর রহিম: আমাদের পরিকল্পনা ছিল পাঁচ-দশটা ওভার স্বাভাবিক ক্রিকেট খেলা। কারণ ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল। প্রথমেই একটা ভালো জুটি হলে খেলাটাকে অনেক এগিয়ে নেওয়া যেত। কিন্তু কিছু ব্যাটসম্যান বাজেভাবে আউট হয়েছে। কেউই দায়িত্ব নিয়ে খেলেনি। হারি-জিতি পরের ব্যাপার। লড়াই করার মনোভাব নিয়ে যে খেলা, দেশের জন্য খেলার যে একটা অনুভূতি, মনে হয়নি কারও মধ্যে সেটা আছে। অনেকে বাজে শট খেলে আউট হয়েছি। এটা খুবই হতাশাজনক। জেতার জন্য যে একটা তীব্র আকাঙ্ক্ষা লাগে, অন্তত চেষ্টা করা...আমার মনে হয় শুরু থেকে ১১ নম্বর ব্যাটসম্যান পর্যন্ত কারও মধ্যেই সেটা ছিল না। এ জন্যই এত লজ্জাজনক হার।

দেশের জন্য খেলার ব্যাপারটা আপনি এখন যেভাবে অনুভব করছেন, ড্রেসিংরুমে অন্য খেলোয়াড়দের মধ্যে কি সেটা দেখেছেন?

 মুশফিক: আমার মনে হয় সবার মধ্যেই এ অনুভূতিটা আছে। আমরা যেহেতু এখন ফর্মে নেই, যে সুযোগগুলো পাচ্ছি সেগুলোতে নিজেদের প্রমাণ করা উচিত। সেদিক থেকে বলব যে আসলেই হতাশাজনক। সবাই হয়তো অনুশীলনে অনেক কঠিন পরিশ্রম করছে। কিন্তু সবকিছু নির্ভর করছে মাঠে গিয়ে আপনি সেটাকে কীভাবে কাজে লাগান। ভালো বলে কেউ আউট হতেই পারে, সেটা ভিন্ন কথা। আমার মনে হয়, কারও মধ্যে চেষ্টাটা ছিল না। খারাপ করলে অপরাধবোধে সবাই ভোগে। তবে সবাই আরেকটু যদি দেশের জন্য অনুপ্রাণিত হয়ে খেলত, হারলেও হয়তো কাছাকাছি যাওয়া যেত। সেটা পরের ম্যাচে আমাদের আত্মবিশ্বাস দিত।

এই সিরিজের আগেও আপনাদের খারাপ সময় যাচ্ছিল। মাঝে সময় পেয়েছিলেন নতুন করে সব গোছানোর। নতুন কোচ এলেন, নতুন করে সব শুরু হলো। এসব কি তাহলে কোনো কাজেই লাগল না...

মুশফিক: এভাবে বললে আসলে ভুল হবে। এটা ঠিক যে ফলাফল দেখেই আমরা সবকিছু বিচার করি। কিন্তু আমরা খুবই সৌভাগ্যবান। এখনকার কোচিং স্টাফরা সবকিছু এত ধরে ধরে প্র্যাকটিস করান, মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। দোষটা আমাদের খেলোয়াড়দেরই। আমরা ঠিকভাবে পারফর্ম করতে পারছি না। আমাদের মূল ব্যাটসম্যানরা রানের মধ্যে ছিল না। অবচেতনে তাদের মধ্যেও হয়তো চিন্তা আছে যে, এই সিরিজটা ভালো খেলতে হবে। তবে এ রকম চাপ সব সময় থাকে। আপনি ভালো খেললে কিন্তু দায়িত্ববোধ আরও বেশি থাকে। যেহেতু এখানে সাকিবও নেই, ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়া উচিত। প্রথম ম্যাচে যারা ব্যর্থ হয়েছে, তারা হয়তো ভেবেছে আবার ব্যর্থ হলে খারাপ কিছু হবে। তার পরও বলব, এত বাজে পারফরম্যান্স কখনোই মেনে নেওয়ার মতো না।

সাকিবের কথা বললেন। তিনি না থাকাতে টিম সাজানোটাও কি একটু কঠিন হয়ে পড়ছে? তাঁর জায়গায় তো দুজন খেলোয়াড় নিতে হয়...

মুশফিক: তা তো অবশ্যই। এটা তো দেখতেই পাচ্ছেন...আমাদের একটা বোলিং অপশন কমে যাচ্ছে, একটা ব্যাটিংয়ের অপশনও কমে যাচ্ছে। আমাদের কন্ডিশনে হলে হয়তো ভিন্ন একটা বোলিং আক্রমণ নিয়ে খেলা যেত। কিন্তু এই কন্ডিশনে তো আপনার দুজন পেস বোলার লাগেই। অনেক সময় স্পিনিং অলরাউন্ডার থাকলে একটা অতিরিক্ত ব্যাটসম্যান নিতে পারি। এখন আমরা সেটা পারছি না। ব্যাটসম্যানরা সবাই ভালো খেললে পরিস্থিতি অন্য রকম হতে পারত। তার পরও ওর (সাকিব) অনুপস্থিতি সবাই অনুভব করে। প্রতিপক্ষও সব সময় ব্যাপারটা মাথায় রাখে। বলে, তোমাদের মূল খেলোয়াড়ই তো নেই। সে জন্য তোমরা অনেক দুর্বল। সাকিব না থাকায় অবশ্যই আমাদের অনেক ক্ষতি হয়েছে। তবে একটা সুযোগ ছিল তাকে ছাড়া ভালো করার। আমরা সেই সুযোগটা হারিয়ে ফেলেছি।

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজেরও ৩৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ব্রাভো-রামদিন মিলে দলকে জিতিয়ে দিলেন। ওই ম্যাচ থেকে আপনারা কি শিখলেন তাহলে?

মুশফিক: ওদের বোলিং আক্রমণ আমাদের বোলিং আক্রমণের তুলনায় অনেক ভিন্ন। অনেক বৈচিত্র্য আছে। নারাইনের কথা যদি বলি, ও ভিন্ন ধরনের একজন বোলার। তার পরও আমাদের ব্যাটসম্যানরা যদি আরেকটু আত্মবিশ্বাসী থাকত, হয়তো দেখতেন এই রান তাড়া করে আমরা আরও কাছাকাছি চলে যেতাম। হয়তো বা তাড়াও করে ফেলতাম।

একটু আগে সুনীল নারাইন বলেছেন, সেন্ট কিটসের উইকেট আরও বেশি ব্যাটিং উপযোগী হবে...

মুশফিক: সেন্ট কিটসে এর আগেও আমরা খেলেছি। ওখানে উইকেটটা অনেক ফ্ল্যাট থাকে। মাঠও তুলনামূলকভাবে অনেক ছোট। তবে যেকোনো মাঠ, যেকোনো উইকেটেই খেলেন না কেন, আপনাকে কাজটা ঠিকভাবে করতে হবে। এ ছাড়া হবে না। ওদের বোলাররা ওই রকমই থাকবে। কাজেই আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বল সিলেকশন ভালো হতে হবে। ব্যাটিংটা ভালো হতেই হবে। কারণ ফ্ল্যাট উইকেটে বোলাররা ও রকম সাহায্য পাবে না। সেদিক থেকে ব্যাটসম্যানদের ওপর দায়িত্বটা বেশি।

 তিনি এ-ও বলেছেন, বিসিবির উচিত ওয়েস্ট ইন্ডিজের মতো উইকেটে আপনাদের ঘরোয়া ক্রিকেট খেলানো। আপনার মন্তব্য কী?

মুশফিক: অবশ্যই, ঘরোয়া ক্রিকেটে এ রকম উইকেটে খেলা হলে আমাদের জন্য অনেক ভালো। তখন আর এসব জায়গায় এসে আমাদের এত কষ্ট করতে হবে না। তার পরও বলব, অনেক সুযোগ পেয়েও আমরা সুযোগগুলো হাতছাড়া করছি। এ বছরের কথা যদি বলেন, আসলেই খুব হতাশাব্যঞ্জক। তবে সামনে অনেক খেলা আছে। সেগুলোতে ভালো কিছু করে বাংলাদেশের মানুষকে আনন্দময় কিছু মুহূর্ত দিতে চাই। তারা যেন অন্তত এটা ভাবতে পারে, বাংলাদেশ ভালো খেলতে পারে।