
আপনি প্রতিবন্ধী ক্রিকেটারদের এই টুর্নামেন্টে এসেছেন কোন ভূমিকায়?
রশিদ লতিফ: আমি শুধুই শুভেচ্ছাদূত হিসেবে এসেছি। চার দিন ধরে পাকিস্তানের এই দলটির সঙ্গে আছি। আজ (গতকাল) রাতেই চলে যাব পাকিস্তানে।
প্রতিবন্ধী ক্রিকেট নিয়ে আপনার আগ্রহ জন্মাল কবে থেকে?
লতিফ: ২০০৮ সাল থেকেই প্রতিবন্ধী ক্রিকেট দলটির সঙ্গে আছি। শুধু আমিই নই, জাফর ইকবাল, জাভেদসহ অনেক সাবেক ক্রিকেটার প্রতিবন্ধী ক্রিকেট দলকে সাহায্য করছে। এমনকি ইউনিস খানও আমার মতো শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছে। প্রতিবন্ধীদের অনুপ্রাণিত করেছে। আমিও তাদের মতোই কাজটা করছি। পাকিস্তানে এবং সারা বিশ্বে প্রতিবন্ধীদের ক্রিকেটকে উঠিয়ে আনার চেষ্টা করছি। আশা করি আইসিসি ভবিষ্যতে প্রতিবন্ধী ক্রিকেটারদের বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনা করবে। আমাদের সবারই উচিত মানবতার জন্য কাজ করা।
কত দিন এই দলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে আছে আপনার?
লতিফ: যত দিন পারি থাকব। ওদের জন্য ২৪ ঘণ্টাই আমি আছি। ক্রিকেট চমৎকার একটা খেলা। এই ক্রিকেটে দুর্দান্ত কিছু মানুষ খেলছে। মাতলুবের দিকে তাকান, ওর একটি হাত নেই। তারপরও কত ভালো খেলল (আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করে ম্যাচসেরা)। বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত ও আফগানিস্তান দলেও ওর মতো খেলোয়াড় আছে। আমি চাই প্রতিটি বোর্ডই যেন এই দলগুলোকে সাহায্য করে।
ম্যাচ পাতানোর বিরুদ্ধে আপনি অনেক আগে থেকেই সরব। বর্তমান সময়ে এসব নিয়ে আপনি কী ভাবছেন?
লতিফ: দেখুন, পাঁচ বছর ধরে আইসিসিও এ বিষয়ে বেশ সতর্ক ও কঠোর। তারাও খুব চেষ্টা করছে ক্রিকেট থেকে এই বাজে বিষয়টা দূর করতে। এরই মধ্যে তারা পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেটারদের শাস্তি দিয়েছে। এর ফলে ম্যাচ পাতানোর প্রবণতা কমে আসছে। আইসিসির এই অবস্থানের কারণে ক্রিকেটাররা ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ারও চেষ্টা করবে।
স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে বাট, আমির, আসিফ আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। আপনি কি মনে করেন তাঁদের স্বাগত জানানো উচিত?
লতিফ: তাদের অধিকার আছে ঘরোয়া ক্রিকেটে খেলার। তবে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ব্যাপারে আমি একমত নই। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ফেরায় পাকিস্তান বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
নৈতিক জায়গা থেকে কি তাঁরা সুযোগ পেতে পারেন?
লতিফ: কখনোই না। বাংলাদেশের দিকেই তাকান, আশরাফুল যা করেছে, তাকে শাস্তি দিতে হবে। এ ধরনের খেলোয়াড়দের জাতীয় দলে না ফেরানোই উচিত।
এ বছর পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
লতিফ: একবার কোচিংয়ের লেভেল থ্রি কোর্স করতে ২০০৯ সালে বাংলাদেশে এসেছিলাম। তখনই দেখেছি বাংলাদেশের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক সুযোগ-সুবিধা আছে। তখনই বুঝেছি, একাডেমির খেলোয়াড়েরা যদি কঠোর পরিশ্রম করে তাহলে বাংলাদেশ অনেক দ্রুত উন্নতি করবে, দ্রুতই ক্রিকেট-বিশ্বে শক্তিশালী দল হয়ে উঠবে এবং পাঁচ বছর পর দেখছি, সেটাই হচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে বিদায় করেছে। তারপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারিয়েছে। বাংলাদেশ আসলেই দুর্দান্ত ক্রিকেট খেলছে।