
গতবার দেশের মাটিতে এসেছিল রেকর্ড ১৮টি সোনা। কিন্তু এবারের এসএ গেমসে সেই সম্ভাবনা অনেক কম। এই নিরাশার আবরণে গতবারের সোনাজয়ীদের মধ্যে এবার সবচেয়ে বেশি আশা দেখাচ্ছেন ইতি ইসলাম। আজ গেমস যাত্রার আগে সেই সম্ভাবনার কথাই বললেন এই উশু খেলোয়াড়
* এবার তো এসএ গেমসে সোনা জেতার মতো খেলোয়াড় সেভাবে দেখা যাচ্ছে না। তবে উশু অ্যাসোসিয়েশন আপনাকে নিয়ে খুবই আশাবাদী। আপনি নিজে কতটা তৈরি?
ইতি ইসলাম: আমি তৈরিই আছি। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি। আমি তো চাইব গতবারের সোনা ধরে রাখতে। নিজের ওপর আস্থা আছে। তবে শেষ পর্যন্ত কী হবে এখনই বলা কঠিন।
* উশু অ্যাসোসিয়েশন আপনিসহ গোটা চারেক সোনার সম্ভাবনার কথা বলছে। সত্যিই কি উশু এতটা ভালো করতে পারে এবারও?
ইতি: ভালো খেলোয়াড় তো আছেই। গতবার আমরা দেশের মাটিতে দুটি সোনা জিতেছি। এবার ফেডারেশনের আশা আরও বড়। তবে প্রস্তুতিটা আরও ভালো হতে পারত। গতবার আমরা দেড় বছর অনুশীলন করেছি গেমসের জন্য। এবার মাত্র মাস তিনেক। তা-ও গেমসে উশু থাকবে এটা নিশ্চিত হয়েছে অনেকটা সময় পর। বুঝতেই পারছেন গতবারের চেয়ে এবারের পার্থক্যটা কোথায়!
* মাঝখানে ছয়টা বছর চলে গেছে। আপনার ওজন শ্রেণিও বদল হয়েছে। এটা কি মনে হয় না আগের চেয়ে এবারের চ্যালেঞ্জটা অনেক বড়?
ইতি: অবশ্যই। ছয় বছরে অনেক পরিবর্তন হয় মানুষের জীবনে। গতবার যেমন ৫২ কেজিতে খেলেছি, এবার ৬০ কেজিতে। আমার ওজন বেড়েছে। জীবনে এসেছে অনেক পরিবর্তন। আসলে জীবন তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ছয় মাস আগে বিয়ে করেছি। আনসার ছেড়ে যোগ দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে। যেখানে আমি একজন সৈনিক।
* পেশাগত এই পরিবর্তনটা নিয়ে একটু বলুন। আগে কী করতেন, এখন কী করেন?
ইতি: আনসারে আমাদের চাকরি ছিল খেলোয়াড় কোটায়। খেলাই মূল কাজ। সেনাবাহিনীতেও খেলাটাই আসল। তবে আমাদের কিছু দায়িত্বও পালন করতে হয়। এখানে ডিউটি আছে। অনেক চ্যালেঞ্জ পেরিয়ে তবেই তো এগিয়ে চলা।
* চ্যালেঞ্জ জিতেছেন বলেই আজ আপনার কিছুটা হলেও পরিচিতি হয়েছে। এটাকে কীভাবে দেখেন?
ইতি: এটা দারুণ ব্যাপার। গতবার আমি গেমস দলে থাকার জন্য ট্রায়ালে ভালো করলেও আমাকে নেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলীর হস্তক্ষেপে দলে ঢুকি। তারপর তো রূপকথার মতো গল্প। সোনা জেতার পর লোকে অল্পবিস্তর আমাকে চিনল।
* উশু খেলায় কীভাবে এলেন...
ইতি: আমার বড় বোন নুর নাহার জুডো খেলোয়াড়। আনসার একাডেমিতে তাঁর কাছে এসেছিলাম ২০০২ সালে, যখন আমি খুবই ছোট। জাতীয় প্রতিযোগিতায় তখন ৩৪ কেজিতে খেলোয়াড় চাইছিল আনসার। বোনের আগ্রহে পাকেচক্রে আসলে আমি সেই ছোট থেকেই খেলোয়াড় হয়ে গেলাম।
* এখন কী মনে হয় না খেলায় আসাটা আপনার জন্য সার্থক হয়েছে?
ইতি: ওভাবে কখনো ভাবিনি। তবে গতবার এসএ গেমসে সোনা জিতে গর্বিত হয়েছিলাম দারুণভাবে। সেই সাফল্যটা ধরে রাখার একটা চাপ কিন্তু আমার ওপর আছে। দেখা যাক, কতটা সামলাতে পারি। সবাই দোয়া করবেন।