'এবার ভেতরে জেদ এনেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তামিমুল ইসলাম
তামিমুল ইসলাম
সামোয়ায় যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে চমক। দক্ষিণ এশিয়ান গেমসে হতাশা। তবে আগামীকাল ঢাকায় শুরু সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে আবার আত্মবিশ্বাসী তামিমুল ইসলাম। দেশের মাটিতে এমন বড় টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানালেন বিকেএসপির আর্চার

* কেমন চলছে প্রস্তুতি?

তামিমুল ইসলাম: আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নেব বলে দুই মাস আগে অনুশীলন শুরু করেছি। অনুশীলনে ইদানীং গড়ে ৩২০, ৩২৫ স্কোর করছি। তবে একদিন নিজের সর্বোচ্চ স্কোর ৩৩১ করেছি।
* এই স্কোর দিয়ে কি সোনা জয়ের আশা করা যায়?
তামিমুল: এই স্কোরেও সোনা জেতা সম্ভব। বাছাইয়ে সাধারণত এমন স্কোর করলে এলিমিনেশন রাউন্ডে গিয়ে দুর্বল প্রতিপক্ষ পাওয়া যায়। এরপর œস্নায়ু ঠিক রেখে সঠিক নিশানায় মারতে হবে, সোনা জিততে এর বিকল্প আর কিছু নেই।
* এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না অন্যতম শক্তিশালী ভারত। তাহলে অন্য কোন দেশ সোনা জেতায় হুমকি হতে পারে?
তামিমুল: এখানে যেহেতু মুসলিম দেশগুলোকে নিয়ে খেলা হবে, তাই আগে থেকেই ধারণা করেছিলাম তত শক্তিশালী দল আসবে না। এটা আমাদের জন্য ভালো করার একটা সুযোগ। তবে...
* তবে কী?
তামিমুল: তবে মালয়েশিয়া-ইরানের মতো দেশগুলোও যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে। ওদের অলিম্পিকে খেলার অভিজ্ঞতা রয়েছে। এই দেশগুলো সম্পর্কে কোচ নিশীথ স্যার অনেক ধারণা দিয়েছেন। তা ছাড়া আমরাও জানি ওরা কেমন খেলে। একটু মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে এদের হারানো সম্ভব।
* এত আত্মবিশ্বাস কোত্থেকে পাচ্ছেন?
তামিমুল: এবার আমি প্রচুর অনুশীলন করছি। যেমনটা করেছিলাম কমনওয়েলথে সোনা জেতার আগে। কমনওয়েলথে আমি নিজের মতো করে প্রস্তুতি নিতাম, আর তাতেই আমার মধ্যে বিশ্বাস জন্মে যে আমি পারব। সামোয়ার মতো দ্বীপদেশে প্রচুর বাতাসের মধ্যে ভালো করেছিলাম। এখানে তো ওই বাতাস বা ওই কন্ডিশনের মুখোমুখি হতে হবে না। বাংলাদেশের কন্ডিশন পরিচিত। চেনা দর্শকদের সামনে স্নায়ুচাপটাও থাকবে না।
* কমনওয়েলথে ৬০ মিটার দূরত্বে খেলেছিলেন। এখানে তো ৭০ মিটার দূরত্বে খেলতে হবে। কোনো সমস্যা হবে না?
তামিমুল: আশা করি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না।
* গত এসএ গেমসে তো ফেডারেশন আপনাকে নিয়ে আশাবাদী ছিল...
তামিমুল: ভারতের এসএ গেমসে আমার কী হয়েছিল, তা বলতে পারব না। বাছাইয়ে খুব ভালো করেছিলাম। কিন্তু এলিমিনেশনে গিয়ে খারাপ করি। এবার ভেতরে জেদ এনেছি, আরেকটি আন্তর্জাতিক আসরে ভালো করতেই হবে। নিজেকে প্রমাণ করতে হবে।
* মিলন-সজীবদের মতো অভিজ্ঞরা এবার দলে নেই। এটা কি দলগত ইভেন্টের খেলায় প্রভাব পড়বে?
তামিমুল: আমার মনে হয় না, এটা কোনো প্রভাব পড়বে। নির্বাচকেরা এবার অনেক যাচাই-বাছাই করে দল গড়েছেন। তবে এটাও সত্যি, দলে সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতাও প্রয়োজন।
* সংবাদ সম্মেলনে এসে কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ অন্তত ছয়টা সোনা জিততে পারে। আপনার কী মনে হয়?
তামিমুল: ছয়টা সোনা জেতা সম্ভব। সেই সামর্থ্য আমাদের আছে।