>

জাতীয় দলের ক্যাম্পে যোগ না দিয়ে দিনাজপুরে ম্যাচ খেলেছেন গোপনে। এ নিয়ে গত কয়েক দিন নানা সমালোচনার পর শেষ পর্যন্ত কাল বাফুফের ক্ষমাই পেলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বিকেএসপিতে কালই ক্যাম্পে যোগ দিয়ে আর কখনো শৃঙ্খলা ভাঙবেন না বলে প্রতিশ্রুতি দিলেন এই মিডফিল্ডার
* জাতীয় দলে মাত্রই এলেন আপনি। এর মধ্যেই গোপনে ম্যাচ খেলতে গেলেন কেন?
হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস: আসলে আমার বাড়ির পাশেই দিনাজপুর স্টেডিয়াম। সেখানে একটা টুর্নামেন্ট চলছিল। এলাকার ভাইয়েরা ধরলেন অন্তত কিছু সময় খেলার জন্য। তাই ১৫-২০ মিনিটের জন্য নেমেছিলাম। সরল বিশ্বাসেই সেদিন খেলেছিলাম।
* কিন্তু চোটের কারণ দেখিয়ে আপনি নির্ধারিত সময়ে জাতীয় দলের ক্যাম্পে আসেননি। চোট নিয়ে খেললেন কীভাবে?
হেমন্ত: অস্ট্রেলিয়া ম্যাচে একটু চোট পেয়েছিলাম। জর্ডান ম্যাচে তাই কোচ ডি ক্রুইফ আমাকে বিশ্রাম দেন। এরপর বাড়ি গিয়ে জাতীয় দলের ম্যানেজারের কাছ থেকে কয়েক দিন ছুটি চেয়েছিলাম। চোটের সমস্যাটা সেভাবে আর ছিল না। কিন্তু এলাকার ভাইয়েরা এমনভাবে ধরলেন যে সেদিন মাঠে না নেমে পারিনি।
* আপনার এই ব্যাখ্যা তো বাফুফের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এটা কি জানতেন না যে, গোপনে ম্যাচ খেলা অন্যায়?
হেমন্ত: আমি আসলে ওভাবে ভাবিনি। হতে পারে এটা আমার ভুল। আর ভুল তো মানুষই করে। এ জন্য আমি অনুতপ্ত। এমন ভুল আর করব না। গত কয়েক দিন ঠিকমতো ঘুমাতেই পারিনি। আমার পরিবারের লোকেরা চিন্তায় পড়ে গিয়েছিল। এমনকি যাঁরা আমাকে সেদিন মাঠে নামান, তাঁরাও স্বীকার করেছেন, কাজটা ঠিক হয়নি।
* জাতীয় দল কমিটি আপনাকে শাস্তি দিতে সুপারিশ করেছিল শৃঙ্খলা কমিটির কাছে। কিন্তু শৃঙ্খলা কমিটি আগামী ছয় মাসের জন্য সতর্ক করে আপনাকে ক্ষমা করেছে। এখন নিশ্চয়ই একটু নির্ভার লাগছে?
হেমন্ত: অনেক নির্ভার এখন। মানসিক চাপ থেকে মুক্তি পেলাম। আশা করি সব ঠিক হয়ে যাবে। জাতীয় দলের সব নিয়মশৃঙ্খলা মেনে চলব। বাফুফেকে ধন্যবাদ যে, তারা আমাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে। এতেই আমার চোখ খুলে গেছে।
* প্রথমে তো মনে হয়েছিল কিরগিজস্তান ম্যাচের জন্য আর বিবেচনায় নেই আপনি। আরও বড় শাস্তিই হয়তো পাবেন। এখন কি ১২ অক্টোবরের ওই ম্যাচে দলে থাকার আশা করেন?
হেমন্ত: আশা তো করি। অনুশীলনে কোচ আমাকে দেখবেন। তারপর দলে নেওয়া না-নেওয়ার ব্যাপারে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। আমি নিজেকে তুলে ধরে কোচের আস্থা অর্জনের সব চেষ্টাই করব।
* আপনার উঠে আসা বিদায়ী কোচ ডি ক্রুইফের হাত ধরে। ডাচ কোচ আপনাকে খুব পছন্দ করতেন। তো ক্রুইফের বিদায়ে কি একটু মন খারাপ হয়েছে?
হেমন্ত: একটু তো খারাপ লেগেছেই। তিনি আমাকে পছন্দ করতেন। হল্যান্ডে ট্রায়াল দিতে নিয়ে যান আমাকে। এ পর্যন্ত যতটুকু পরিচিতি পেয়েছি, তাঁর অবদান অস্বীকার করব না। ক্রুইফের কাছে কৃতজ্ঞ থাকব সব সময়।
* জাতীয় দলে ক্রুইফ আপনাকে ১০ নম্বর জার্সি দিয়েছেন। কী মনে হয়, ১০ নম্বর জার্সির মর্যাদা রাখতে পারবেন ভবিষ্যতে? এবারের ঘরোয়া ফুটবলে আপনাকে কিন্তু খুব একটা উজ্জ্বল লাগেনি...
হেমন্ত: ১০ নম্বর জার্সিটা যদি আবারও পাই, চেষ্টা করব এর মর্যাদা রাখতে। আগামী ঘরোয়া ফুটবলে চাইব নিজেকে আরও তুলে ধরতে, এটাই এখন আমার লক্ষ্য।