'এর চেয়েও বাজে সময় গেছে'

ক্যারিয়ারজুড়ে ছিলেন স্পেন আর রিয়াল মাদ্রিদের গোলবারে আস্থার প্রতিমূর্তি। কিন্তু কিছুদিন ধরে সেই ইকার ক্যাসিয়াস অনেকটাই নড়বড়ে। বিশেষ করে বিশ্বকাপে স্পেনের হয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার তির সয়েছেন অনেক। রিয়ালে তাঁর জায়গাও এখন অনিশ্চয়তার চাদরে ঢাকা। কার্ডিফে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেসব নিয়েই কথা বলেছেন এই গোলরক্ষক। স্প্যানিশ দৈনিক এএস-এর সৌজন্যে সেই সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য অংশ—
আপনার কি মনে হচ্ছে যে এখন প্রতিনিয়তই আপনার সমালোচনা হচ্ছে? এটা নিয়ে আপনি কি কিছুটা উদ্বিগ্ন?
ইকার ক্যাসিয়াস: মোটেই না। আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন ধরে খেলবেন, ভালো-খারাপ যাই হোক, আপনার নাম ঘুরেফিরে আসবেই। আমার তো সৌভাগ্য, ক্যারিয়ারের বেশির ভাগ সময় ভালোটাই শুনেছি। পরিস্থিতি যেমনই হোক আপনাকে সেটার মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে, সংযমীও হওয়া চাই। আমি সারাজীবন সেটাই করেছি। এখন লুকানোর প্রশ্নই আসে না।
আপনার কি মনে হচ্ছে যে আপনার সঙ্গে অন্যায় করা হয়েছে?
ক্যাসিয়াস: আমি তা মনে করি না। আমি জানি, রিয়ালের মতো ক্লাবে আপনার ওপর চোখ থাকবেই। কিন্তু আমার ক্লাব সব সময় আমার সঙ্গে চমৎকার আচরণ করেছে। আমার কোনো অভিযোগ নেই। গত মৌসুমে যেমন খেলেছি, তার চেয়ে অনেক বেশি ভালো করতে চাই এই মৌসুমে।
এটাই কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়?
ক্যাসিয়াস: মনে হয় না। একজন খেলোয়াড়কে ভালো এবং খারাপ দুই রকম পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়। কিন্তু এ সবকিছুই অস্থায়ী। আমি অনেক ভালো সময় কাটিয়েছি। আবার রিয়াল মাদ্রিদ কিংবা স্পেনের হয়ে গত কয়েকটা ম্যাচে আমি হয়তো ভালো খেলতে পারিনি। কিন্তু আমার ক্যারিয়ারে এর চেয়েও বাজে সময় গেছে। আমি সেই সময়কেও জয় করেছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি।
এই মৌসুমটা তো তাহলে আপনার জন্য বেশ বড় চ্যালেঞ্জ?
ক্যাসিয়াস: দেখুন, কয়েক মাস আগে আমরা কী করেছি সেটাই সব নয়। ওইটুকু ভুলে এগিয়ে যেতে হবে। জয়ের ধারায় ফেরা চাই। আর সত্যি কথা বললে, রিয়াল এমন একটা ক্লাব, যেখানে শুধু আমি নই, আমার সব সতীর্থের কাছেও শুধু জয়টাই প্রত্যাশিত। আমরা স্প্যানিশ সুপার কাপ দিয়েই তা শুরু করতে চাই।
টনি ক্রুস আর হামেস রদ্রিগেজ রিয়ালের হয়ে কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন?
ক্যাসিয়াস: আমার মনে হয় ওরা খুবই ভালো ভূমিকা রাখতে পারবে। ওরা আসায় দলে বৈচিত্র্য বেড়েছে। যে দলটা আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে জিতেছে, সেই দলে ক্রুস আর রদ্রিগেজের মতো খেলোয়াড় যোগ হওয়া মানে দারুণ ব্যাপার। আর এই ক্লাব, এখানকার সব খেলোয়াড়, এই শহর, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াও খুবই সহজ।